ইন্টারনেট কর্মশালার বিদায়ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই কী হচ্ছে! আর একজনও নয়। কেউ ঢুকবে না। এক শ জনের বেশি একজনও ঢুকবে না।’ কিন্তু কে শোনে কার কথা। চোখেমুখে দুষ্টুমির হাসি নিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একদল শিক্ষার্থী। দেখতে দেখতে প্রায় চার শ জন জায়গা করে নিয়েছে মিলনায়তনে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে। বেগম রোকেয়ার আদর্শ-অনুপ্রেরণায় যারা জ্ঞানের আলো পাচ্ছে, প্রযুক্তির আলো থেকে তাদের দূরে রাখবে কে! তাই বাঁধভাঙা জোয়ারের উচ্ছ্বাস ছিল রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থীদের মধ্যে। তাদেরই একজন শিক্ষার্থী প্রিয়াংকা ঘোষ। কণ্ঠে দারুণ উত্তেজনা নিয়ে বলল, ‘আমি আগেরবারও অংশ নিয়েছি। এবারও এর অপেক্ষায় ছিলাম। অনেক কিছু শিখলাম নতুন করে।’ সহপাঠীর সঙ্গে সুর মেলাল পাশে দাঁড়িয়ে থাকা তাব্বাসুম। সে বলল, ‘আমি আগে অংশ নিইনি। তবে খুব ভালো লাগল। এসব তো প্রতিদিনই কাজে লাগবে। এই উৎসব আরও বড় করে করা উচিত।’গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে এই ইন্টারনেট কর্মশালা চলেছে ২১ জুন থেকে ১৬ জুলাই। শেষ সপ্তাহেও ছিল শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ।কক্সবাজারের টেকনাফ সাবরং উচ্চবিদ্যালয়ে যখন কর্মশালা চলছে, তখন আকাশ কাঁপিয়ে বৃষ্টি। তবু অংশগ্রহণ ছিল দেখার মতো। বিদ্যালয়ের শিক্ষার্থী রুনা লায়লা বলল, ‘আজ আমার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করেই চলে এলাম। এমন সুযোগ তো বারবার আসে না। আশা করি আমি এবার আই জিনিয়াস হবই’। টেকনাফ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুমাইয়া আক্তার জানাল, ‘গতবারও এই কলেজ থেকে আই জিনিয়াস হয়েছে। তাই এবারও সুনামটা রাখবই।’দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়াংকা বর্মণ বলল, ‘উৎসবটা যেন কখনোই না থামে। পাশ থেকে চিৎকার করে একই দাবি জানান সহপাঠী নিষাদ তাসনিম ও আন্নিকা তাব্বাসুম। দিনাজপুর জেলা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আশফাকউজ্জামান, আশিক ও সিয়াম কর্মশালা শেষে বাড়ির পথ ধরছিল। অনুভূতি জিজ্ঞেস করতেই আশিক জানাল, ‘মনে হলো ইন্টারনেট যেন জাদুর যন্ত্র। সবই আছে এখানে।’মাদারীপুরের কালকিনি সাহেবরামপুর কলেজের শিক্ষার্থী আজমীর জানায়, ‘আমাদের এই কলেজটা মফস্বলে। এখানে এ রকম কিছু সচরাচর হয় না। এত বড় অনুষ্ঠান, তা-ও আমাদের উপকারের জন্য—খুব ভালো লাগছে।’সাতক্ষীরা সরকারি কলেজের কল্যাণ রায় কুইজ পর্বের শেষে বলল, ‘ইন্টারনেট শিখানোর পদ্ধতিটা আমার ভালো লেগেছে। শেখার পরই মজার পরীক্ষা। আমাদের ইন্টারনেট-ভীতিটা কেটে গেছে।’ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মিতুলের বক্তব্য অন্য রকম, ‘আমি আগে ভাবতাম, বই শুধু কাগজের পৃষ্ঠায় পাওয়া যায়। কিন্তু ইন্টানেটের বিভিন্ন সাইটে যে বইও পড়া যায়, তা দেখে আমি সত্যিই অবাক। এই কর্মসূচি যেন কখনোই বন্ধ না হয়!’ মিতুলের কথার সঙ্গে একমত অন্যরাও। তবে প্রত্যাশার কথা এই, আই ক্যম্পের কর্মশালা ইন্টারনেট শেখার শুরুর গল্পের সূচনা মাত্র। আই ক্যাম্প শেষ হলেও মূল ইন্টারনেট উৎসব যে এখনো বাকি। তাই শিক্ষার্থীরা প্রস্তুত হচ্ছে। সময় গুনছে ইন্টারনেট উৎসবের বড় আয়োজনটার জন্য! প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে লেখা