‘দেখবো এবার জগতটাকে’ স্লোগান নিয়ে ফেনীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেট ক্যাম্প (আই ক্যাম্প)। প্রথম আলোর আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় এ ক্যাম্প শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে ব্রাউজিং, ই-মেইল, ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগসহ নানা বিষয়ে জানতে শিক্ষার্থীদের সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা। ৩ জুলাই ফেনী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আই ক্যাম্পের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য। বক্তব্য দেন উপাধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, গ্রামীণফোনের পক্ষে এ এন এম সালেক উজ্জামান এবং ফেনী বন্ধুসভার সভাপতি মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে গত বছরের ইন্টারনেট উৎসবের প্রামাণ্য চিত্রের সঙ্গে ইন্টারনেটের বিভিন্ন দিক তুলে ধরেন ফেনীর আই জিনিয়াস মো. আবদুল্লাহ। ইন্টারনেট সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ২ জুলাই সকালে ফেনী সরকারি বলিকা উচ্চবিদ্যালয়ে আই ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। একই দিন দুপুরে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে আই ক্যাম্পের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ বিলকিস আরা চৌধুরী। এতে কলেজের শিক্ষক, প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক এবং গ্রামীণফোনের কর্মকর্তা এ এন এম সালেক উজ্জামান উপস্থিত ছিলেন।