ইন্টারনেট দিয়ে দেশ বদলানোর স্বপ্ন ওদের চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ইন্টারনেটবিষয়ক সমস্যা সমাধানে শিক্ষার্থীদের দলীয় চেষ্টা। প্রতিযোগিতায় ছিল খেলায় খেলায় প্রশ্নোত্তরপর্বও l জুয়েল শীল
গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ইন্টারনেটবিষয়ক সমস্যা সমাধানে শিক্ষার্থীদের দলীয় চেষ্টা। প্রতিযোগিতায় ছিল খেলায় খেলায় প্রশ্নোত্তরপর্বও l জুয়েল শীল

লিখিত পরীক্ষা আর ইন্টারনেট নিয়ে টুকটাক প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই আয়োজন সীমাবদ্ধ ছিল না। ইন্টারনেটকে আরও কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয় নিয়ে দলগতভাবে নানা উপস্থাপনাও হাজির করেছে শিক্ষার্থীরা। সব মিলিয়ে যেন ভবিষ্যতের একটা চিত্রও হাজির করল তারা। আগামী দিনের সে ছবিটা তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশের।
৪ জুলাই চট্টগ্রাম জেলার ১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দিন ইন্টারনেট নিয়েই মেতেছিল। চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে বসেছিল গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতার জেলা পর্যায়ের আসর। এতে অংশ নেয় ১১০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ের সমস্যা চিহ্নিতকরণ, বিস্তারিত আলোচনা, সমাধান ও ইন্টারনেটের ভূমিকা নিয়ে আলোচনা করে শিক্ষার্থীরা।
সকাল নয়টায় জাতীয় সংগীতের পরিবেশনার মাধ্যমে শুরু হয় আই-জেন প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ের আনুষ্ঠানিকতা। এরপর ১০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষা শেষে শুরু হয় দলীয় প্রতিযোগিতা পর্ব। এ পর্বে ছিল বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের উপায় খোঁজা। ট্যাবলেট হাতে নিয়ে ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন সমস্যার তথ্য-উপাত্ত বের করে সমাধানের পরিকল্পনা তৈরি করে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয় ছিল—পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়ানো। এ বিষয়ের ওপর আলোচনা শেষে একটি কর্মপরিকল্পনা তৈরি করে তারা। শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে তারা প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সুবিধাসংবলিত শ্রেণিকক্ষের ব্যবস্থা ও দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়ার পরামর্শ দেয়।
ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাদকের ভয়াবহতা নিয়ে তথ্য-উপাত্ত দিয়ে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে চায় কুমিরা আবাসিক বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইন্টারনেটকে ব্যবহার করতে চায় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনোয়ারার কাফকো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজেদের এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশ্বের উন্নত দেশগুলোর আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে চায় ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। এভাবে দলীয় প্রতিযোগিতা পর্বে নিজেদের নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করে বিচারকদের সামনে কর্মপরিকল্পনা উপস্থাপন করে শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা মেতে ওঠে আইকিউ গেম প্রতিযোগিতায়।
তিন ধাপের প্রতিযোগিতা শেষে সেরাদের সেরা হয়ে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করে সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর মধ্যে নবম শ্রেণির উম্মে তাসনীম, দশম শ্রেণির মায়িশা মিশকাত, অষ্টম শ্রেণির ফারদিন মুশফিরাত, দশম শ্রেণির নাবিলা তাসনিয়া ও নবম শ্রেণির আমিনা আহমেদ এই পাঁচ শিক্ষার্থী আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়। এ ছাড়া জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় তৃতীয়, কাফকো স্কুল ও কলেজ চতুর্থ এবং চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম স্থান অর্জন করে। এ আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা।