ইন্টারনেট ব্যবহারে চাই সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট বর্তমান বিশ্বে একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম। ইন্টারনেটের বহুমুখী ব্যবহার মানুষের জন্য কখনো ভালো, আবার কখনো খারাপ সংবাদ বহন করে আনছে। অনলাইন ইন্টারনেটের ধারায় বাংলাদেশ যুক্ত হয় ১৯৯৬ সালে। মোবাইল ফোনের ইন্টারনেটসহ বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক কোটি।এই যে বিশাল জনগোষ্ঠী বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে আসছে, তাদের জন্য তেমন কোনো নীতিমালা বা ব্যবহারের ওপর কোনো বিধিনিষেধ (ফিল্টারিং) নির্ধারণ করা হয়নি। ফলে ইন্টারনেটের ফলপ্রসূ ব্যবহারের পাশাপাশি ক্ষতিকারক ব্যবহারও বাড়ছে। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা জেনে বা না জেনে নিষিদ্ধ ওয়েবসাইটে যাচ্ছে ও তাদের নিজেদের ওপর ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি দিন দিন বাড়িয়ে তুলছে। এতে অনেক সময় ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহার তাদের শারীরিক, মানসিক, এমনকি পারিবারিক ও সামাজিক জীবনে অশান্তি বয়ে আনছে।চলতি বছরের গোড়ার দিকে আমি ও অস্ট্রেলিয়ার ক্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মোবারক আলী যৌথভাবে ‘ইন্টারনেট ব্যবহার এবং কিশোর-কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণ’ শিরোনামে একটি গবেষণা কাজ পরিচালনা করি।জরিপ পরিচালিত হয় ঢাকা শহরের ৩২৫ জন ছেলে ও ১৮২ জন মেয়ের মধ্যে। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। মূলত এই গবেষণায় দেখাতে চেষ্টা করা হয়েছে ১৩-১৭ বছর বয়সী ছেলেমেয়েরা ইন্টারনেট ব্যবহার করার ফলে কী কী ধরনের মানসিক ও শারীরিক ঝুঁকির মধ্যে পড়ে এবং এই ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য কী ধরনের সহযোগিতা তারা পায়।গবেষণার তথ্য সংগ্রহের জন্য ঢাকা শহরের স্কুল, কলেজ ও সাইবার ক্যাফে বেছে নেওয়া হয়। কারণ ১৩-১৭ বছর বয়সী ছেলেমেয়েরা সাধারণত স্কুল ও কলেজে পড়াশোনা করে। অন্যদিকে যাদের নিজেদের বাসায় ইন্টারনেট সংযোগ নেই, তাদের অনেকেই সাইবার ক্যাফে গিয়ে ইন্টারনেট ব্রাউজ করে। স্কুল ও কলেজ বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যানবেইজের প্রদত্ত পরিসংখ্যানের ওপর আমরা নির্ভর করি। ব্যানবেইজের তথ্যে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সরকারিভাবে নিবন্ধিত ৩৭০টি স্কুল ও ১৭৩টি কলেজ আছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কতগুলো সাইবার ক্যাফে আছে, ঢাকা সিটি করপোরেশন থেকে শুরু করে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কাছে তার হিসাব পাওয়া যায়নি। ২০১০ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সরেজমিনে ৩০০টি সাইবার ক্যাফে ঢাকা শহরে চালু অবস্থায় পাওয়া যায়।গবেষণার ফলাফলে দেখা যায়, প্রায় ৬০ শতাংশ ছেলেমেয়ে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করে। বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহারের অন্যতম প্রধান কারণ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে আসক্তি। বন্ধুদের সঙ্গে কথাবার্তা, ছবি আদান-প্রদান ছাড়াও অপরিচিতদের সঙ্গেও এরা দীর্ঘক্ষণ আলাপ করে। বেশির ভাগ সময় এই ছেলেমেয়েরা নিজ বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুদের সঙ্গে আলাপ করে। তবে আশঙ্কার ব্যাপার হলো, অনেকেই যৌন উত্তেজনাকর বা পর্নোগ্রাফিক ওয়েবসাইট দেখে। ৩৪ শতাংশের মতে, তারা পরিচিত ও অপরিচিত উভয়ের সঙ্গেই আলাপচারিতার জন্য ইন্টারনেট ব্যবহার করে। ১৯৯৬ সালে বাংলাদেশে মোট ১০ হাজার লোক ইন্টারনেট ব্যবহার করত।২০১০ সালের প্রথম ১০ মাসের বৃদ্ধির হার যেকোনো বছরের চেয়ে ১০ গুণ। এর প্রধান কারণ মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা দেওয়া।দেশের বিভিন্ন ক্ষেত্রে তাই ইন্টারনেট ব্যবহার করে মানুষের কাজকর্ম তথা সার্বিক জীবনযাপন সহজ হচ্ছে।অপরদিকে কম বয়সী ছেলেমেয়ে জেনে বা না জেনেই মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে অপ্রয়োজনীয় ওয়েবসাইটে ঢুকে নিজেদের বিপথগামী করে তুলছে।বর্তমান সময়ে ঢাকা শহর ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরের পরিবারের সদস্যদের মধ্যে এবং তাদের আত্মীয়-পরিজনদের মধ্যেও দিন দিন একটি দূরত্ব তৈরি হচ্ছে। এর প্রধান কারণ যন্ত্রনির্ভর যোগাযোগ এবং সঠিক তথ্যের আদান-প্রদানের অভাব। সঠিক তথ্য না দেওয়ার জন্য মা-বাবার সঙ্গে সন্তানদের সম্পর্কের অবনতি ঘটছে। এই গবেষণায়ও তার ব্যতিক্রম ঘটেনি। ৬৯ শতাংশ ছেলেমেয়ে স্বীকার করে, তাদের সঙ্গে ইন্টারনেট ব্যবহার নিয়ে মা-বাবার সর্বক্ষণ ঝগড়া লেগেই থাকে।ফলে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি ঘটছে। এদের মধ্যে ৩৫ শতাংশ সারাক্ষণ ইন্টারনেটে বসে কী করে, তা তাদের মা-বাবা এমনকি বন্ধুদেরকেও বলে না। এই অতিমাত্রায় অনিয়ন্ত্রিত ইন্টারনেটের ব্যবহার আসলে আমাদের কিশোর বা তরুণদের কোন দিকে ঠেলে দিচ্ছে? গবেষণার ফলাফলে দেখা যায়, এরা শারীরিক ও মানসিক নির্যাতন থেকে শুরু করে যৌন নির্যাতনের শিকার হচ্ছে এই অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহার করার ফলে। পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ১৭ শতাংশেরও বেশি ছেলেমেয়ে এবং অপরিচিতদের মাধ্যমে মাত্র ৯ শতাংশ যৌন নির্যাতনের শিকার। যৌন নির্যাতনের বিভিন্ন গবেষণা ঘাঁটলে দেখা যায়, পৃথিবীর সবখানেই শিশু কিংবা বয়স্করা যৌন নির্যাতনের শিকার হয় বেশির ভাগই পরিচিত মানুষ দ্বারা। গবেষণায় দেখা যায়, ফেসবুকে সব সময় যৌন উত্তেজনাকর তথ্য আদান-প্রদান অথবা আলাপচারিতা করে প্রায় ১২ শতাংশ। এরা আরও বলে, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তারা একাধিকবার যৌন কাজে লিপ্ত হয়েছে এবং অল্প বয়সে অনিয়ন্ত্রিত গর্ভধারণ ও গর্ভপাত করাতে বাধ্য হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে এদের কীভাবে রক্ষা করা সম্ভব? গবেষণার ফলাফল থেকে যে বিষয়টি পরিষ্কার, তা হচ্ছে এই বিশাল যুবসমাজকে আমাদের ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি থেকে রক্ষা করা। তার জন্য করণীয় বিষয়গুলো শুধু পরিবারের ওপরই বর্তায় না, রাষ্ট্র, সরকার এমনকি সমাজের ওপরও বর্তায়। যুবসমাজকে এই ইন্টারনেট ব্যবহারের ভয়াবহ ঝুঁকিগুলোর সঙ্গে তাদের পরিচয় করাতে হবে।সচেতনতা তৈরিই পারে ইন্টারনেট বা যেকোনো প্রযুক্তিকে শুভ কাজে লাগাতে।লেখক: শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বর্তমানে অস্ট্রেলিয়ায় গবেষণা করছেন।