ইন্টারনেটে জাতীয় কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বের কবি, ভারতের রবি, শ্যামলবাংলার হূদয়ের ছবি, তুমি চলে গেলে, তোমাকে নিয়ে কত গর্ব করেছি, ভগবান তোমাকে পাঠিয়েছিল আবার ফিরিয়ে নিল কেন? বিদায়ের সময় তোমার পায়ে আমার চুম্বন নিয়ে যাও।’এটি ‘রবিহারা’ কবিতার অংশবিশেষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি স্বকণ্ঠে আবৃত্তি শুনতে পারেন ইউটিউবে (www.youtube.com/ watch?v=jk04gc5IsZY)। শুধু এই কবিতাটিই নয়, ইউটিউবে কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান ও কবিতা পাওয়া যাবে। ইন্টারনেট জগতে আমাদের জাতীয় কবির উপস্থিতি এখনো খুব বেশি বিস্তৃত নয়। অনেক ওয়েবসাইটে অনেক তথ্য রয়েছে। আবার কিছু কিছু সাইটে তথ্যের গরমিলও দেখা যায়। ‘যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ্ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-, বিদ্রোহী রণ-ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।’ নজরুলের এই বিদ্রোহী কবিতাটি বেশ কিছু সাইটে পাওয়া যাবে।আছে আবৃত্তির ভিডিও এবংঅডিও।কাজী নজরুলের মতোই শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার পর ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে তিনি কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসেন। বঙ্গবন্ধুর সঙ্গে কাজী নজরুল ইসলামের ছবি দেখতে পারেন ওয়েবসাইট ‘জাতীয় ই-তথ্যকোষ’-এ (www.infokosh.bangladesh.gov.bd/ detail.php?article_id= 3113&content_type=0&doc_type=1)।তবে এখানে জাতীয় কবি ও বঙ্গবন্ধুর তিনটি ক্যাপশন ছাড়া ছবি অবহেলায় প্রকাশ করা হয়েছে। সরকারি এই ওয়েবসাইটে কবিকে নিয়ে আরেকটি লিংক আছে, যেখানে ৩৫৩৮ পিপিটি শিরোনামের ফাইল থাকলেও তাতে কোনো স্লাইড নেই। জাতীয় তথ্যকোষ নামের সরকারি এই ওয়েবসাইটটি দেখার পর হতাশ না হয়ে বরং কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানার জন্য বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org/wiki) দেখতে পারেন। কিংবা গুগলে সার্চ দিয়ে আরও অনেক ওয়েবসাইটে যেতে পারেন। সেসব ওয়েবসাইটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে চমকপ্রদ অনেক তথ্য রয়েছে। উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইটে নজরুল সম্পর্কে যেসব তথ্য আছে, সেসবে তাঁর সাম্যবাদী, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিই ফুটে ওঠে। নজরুল স্বপ্ন দেখতেন এক সাম্যের পৃথিবীর। তিনি লিখেছেন, ‘গাহি সাম্যের গান—/ যেখানে আসিয়া এক হ’য়ে গেছে সব বাধা-ব্যবধান,/ যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসিলম-ক্রীশ্চান।’ময়মনসিংহের ত্রিশালে কবির স্মরণে ২০০৬ সালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd/ index.html) কবির নাম ছাড়া তাঁর পরিচিতিমূলক অন্য কোনো কিছুই পেলাম না, যা সত্যিই লজ্জাজনক।কয়েকটি ওয়েবসাইটে নজরুলের জীবনী তুলে ধরা হয়েছে।তবে নজরুল সম্পর্কে ওয়েবসাইটগুলোতে তথ্যের গরমিল বিশেষভাবে লক্ষণীয়। যেমন—কেউ লিখেছেন, তাঁকে ১৯৭২ সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। উইকিপিডিয়ায় লেখা হয়েছে, ১৯৭৬ সালের জানুয়ারি মাসে। এ ধরনের বিভ্রান্তি নিরসনের উদ্যোগ এখনই গ্রহণ করা উচিত। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইটে (http://nazrulinstitute.org.bd/index.php?pg=life) প্রকাশিত জীবনীতে তাঁর নাগরিকত্ব নিয়ে কোনো কথা বলা হয়নি। সংস্থার ওয়েবসাইটিতে বিচরণ করে খণ্ডিতভাবে কাজী নজরুল ইসলামকে পাওয়া যায়। ওয়েবসাইটের বেশ কিছু বোতাম অকার্যকর। তবে এর একটি বাংলা সংস্করণ রয়েছে, যা প্রশংসনীয়।জাতীয় কবির ১১২তম জন্মবার্ষিকী পালন করা হলো ২৫ মে।কিন্তু এখনো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার মতো নজরুলবিষয়ক পূর্ণাঙ্গ ওয়েবসাইট ইন্টারনেটে নেই।তাঁর জীবন ও কর্মের ওপর একটি পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ ওয়েবসাইট তৈরির জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন। সেই সাইটে নজরুলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা উচিত। তার সব রচনা একটি ওয়েবসাইটের তথ্যভাণ্ডারে পাওয়া গেলে তা হবে বড় পাওয়া। এভাবেই হয়তো আমরা পারব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে শায়িত এই কবির প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে।ই-মেইল: [email protected]