ইন্টারনেটের আলোয় দেশ গড়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ইন্টারনেট আই-জিনিয়াস উৎসবের শেষমুহূর্ত। ৯৬ জন প্রতিযোগীর মধ্যে ফাইনাল রাউন্ডে একজন আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার মুহূর্ত। কিন্তু দেখা গেল, দুই প্রতিযোগী সমান নম্বর পেয়ে টাই হয়ে গেল।পাশাপাশি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একজন ফেনী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এ এস এম আবদুল্লাহ এবং আরেকজন ফেনী সরকারি পাইলট হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফুর রহমান। মাঠের বিশাল প্যান্ডেল থেকে তাদের সহপাঠীরা জোরে করতালি ও নাম ধরে চিৎকার করছিল। টানটান উত্তেজনা তখন মাঠজুড়ে। অবশেষে সব উত্তেজনার অবসান ঘটাতে দুজনের মধ্যে চূড়ান্ত প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। দুজনের মধ্যে সেই চূড়ান্ত প্রশ্নের উত্তর দিয়ে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে ফেনী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এ এস এম আবদুল্লাহ। তখন ফেনী সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা জয়ধ্বনি দিয়ে বলতে থাকে, তারাই জিতেছে। কারণ, আই-জিনিয়াস বিজয়ী আবদুল্লাহ ওই স্কুলের সাবেক ছাত্র। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০টায় উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও উৎসব উদ্বোধন করেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সানজিদা খানম।ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসবে ফেনীর ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, ফেনী সরকারি পাইলট হাইস্কুল, ফেনী বালিকা বিদ্যানিকেতন, ফেনী জিএ একাডেমি, শহীদ মেজর সালাহ উদ্দিন বীর উত্তম উচ্চবিদ্যালয় ও ফেনী সেন্ট্রাল হাইস্কুল। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠ করান বন্ধুসভার কেন্দ্রীয় টিমের সদস্য বিবর্ধন রায়। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের পক্ষে স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ শিক্ষক সানজিদা খানম। তিনি এ বিদ্যালয়কে ভেন্যু হিসেবে ব্যবহার করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান। সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরী বলেন, মানুষের চিন্তাশক্তি তাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছে। সে চিন্তাশক্তি দিয়ে মানুষ আবিষ্কার করেছে বিজ্ঞান, আর বিজ্ঞানের অন্যতম উদ্ভাবন হচ্ছে ইন্টারনেট। ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আলীম আখতার খান বলেন, ইন্টারনেট বিজ্ঞানের সব সম্ভাবনাকে সহজ করে দিয়েছে। গ্রামীণফোন ফেনী আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ইন্টারনেট ছাড়া বর্তমান জীবন অকল্পনীয়। তাই নতুন প্রজন্মকে ইন্টানেটের আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে। এ ছাড়া বক্তব্য দেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী বন্ধুসভার সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।অনুষ্ঠানের শেষ মুহূর্তে ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে একটি স্মারক গ্রামীণফোন ইন্টারনেট মডেম ও আই-জিনিয়াসের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।