ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা অনেক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১১ জানুয়ারি এসেছিলেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের প্রধান গুলশান নাসরিন চৌধুরী। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। আলোচনা করেছেন ইন্টেরিয়র ডিজাইন (অন্দর সাজ), মার্চেন্ডাইজিং, ইকেবানা ও বনসাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে।কথাবন্ধু: শুরুতেই জানতে চাইব, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন কী ধরনের প্রতিষ্ঠান? গুলশান নাসরিন চৌধুরী: রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।সেখানে আমরা ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং, অটোক্যাড, ইকেবানা ও বনসাই—এ জাতীয় কিছু সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। এ মুহূর্তে বাংলাদেশে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার ও মার্চেন্ডাইজার দরকার।কথাবন্ধু: এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?গুলশান নাসরিন চৌধুরী: উচ্চমাধ্যমিকের পর যে কেউ প্রশিক্ষণ নিয়ে পেশা গড়তে পারেন।এ ছাড়া যেকোনো বিষয়ে পড়াশোনা করেও অনেকে এ ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন। এখানে ধরাবাঁধা কোনো বয়স নেই। বাঙালিরা কিন্তু এমনিতেই সৃজনশীল। আর মেয়েদের সৃজনশীলতা একটু বেশিই। কারণ এটা তাদের ভেতরই থাকে। এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সবারই সৃজনশীলতা থাকা প্রয়োজন। কথাবন্ধু: এ জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে কি? কত টাকা ব্যয় হতে পারে?গুলশান নাসরিন চৌধুরী: অবশ্যই, প্রশিক্ষণের দরকার আছে। বিভিন্ন কোর্সের খরচ বিভিন্ন ধরনের। সংক্ষিপ্ত কোর্সগুলো তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। ছয় মাস মেয়াদের কোর্সগুলো ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। এক বছরের ডিপ্লোমা কোর্স ফ্যাশন ডিজাইন ৬০ হাজার টাকা। দুই বছরের ডিপ্লোমা কোর্স এক লাখ ২০ হাজার টাকার মধ্যে। আর ইন্টেরিয়র প্রশিক্ষণে এক বছরের ডিপ্লোমায় ৬৩ হাজার টাকা এবং দুই বছরের ডিপ্লোমা করা যাবে এক লাখ ৫০ হাজার টাকার মধ্যে। কথাবন্ধু: ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার জন্য কম্পিউটার জানা কতটা জরুরি? গুলশান নাসরিন চৌধুরী: ইন্টেরিয়র ডিজাইনার হতে হলে তাঁকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এ জন্য এর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু সফটওয়্যারের কাজও জানতে হবে। বিশেষ করে অটোক্যাড, থ্রিডি স্টুডিও ম্যাক্স সফটওয়্যার সম্পর্কে জানা উচিত। কথাবন্ধু: সাধারণ পড়ালেখার পাশাপাশি এসব কাজে সম্পৃক্ত থাকা কতটা সম্ভব বলে মনে করেন?গুলশান নাসরিন চৌধুরী: সাধারণ পড়ালেখার পাশাপাশি এ পেশার সঙ্গে অবশ্যই নিয়োজিত থাকা যায়। অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন এবং প্রশিক্ষণ শেষে খণ্ডকালীন চাকরিও করছেন। কারণ এখানে সপ্তাহে তিন দিন ক্লাস হয়।কথাবন্ধু: বাংলাদেশে সৃজনশীল এসব পেশার চাহিদা কতটুকু এবং ভবিষ্যতে এ পেশা কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন?গুলশান নাসরিন চৌধুরী: বাংলাদেশে এ পেশার চাহিদা অনেক। কারণ সবাই চান এ বিষয়ে দক্ষ ডিজাইনার এই কাজটা করুক। এ জন্য ইন্টেরিয়র ডিজাইনারদের চাহিদা এখন অনেক বেশি। প্রতিনিয়ত এ পেশার চাহিদা আরও বাড়ছে।কথাবন্ধু: স্থপতি এবং ইন্টেরিয়র ডিজাইনারের মধ্যে তফাত কী?গুলশান নাসরিন চৌধুরী: স্থপতি এবং ইন্টেরিয়র ডিজাইনারের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একজন স্থপতি পাঁচ বছর স্থাপত্য বিষয়ের ওপর পড়াশোনা করেন। একটা ভবনের ফাউন্ডেশন (গাঁথুনি) থেকে শুরু করে পুরোপুরি ভবন নির্মাণ শেষ করা পর্যন্ত তাঁরা পড়াশোনা করেন। তাঁদের পুরো কোর্সের একটা পার্ট হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। আর ইন্টেরিয়র ডিজাইনারেরা শুধুই ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশন নিয়েই পড়াশোনা করছেন। এটাই হচ্ছে তফাত। কথাবন্ধু: কেউ যদি ইন্টেরিয়র ডিজাইনের একটি প্রতিষ্ঠান দিতে চান, সে ক্ষেত্রে তাঁর কী কী উপকরণ লাগবে? গুলশান নাসরিন চৌধুরী: যাঁরা ইন্টেরিয়র ডিজাইনার তাঁদের জন্য নতুন কোনো প্রতিষ্ঠান শুরু করতে কোনো সমস্যা নেই। একটি প্রতিষ্ঠান বা সংস্থা করতে হলে এ জন্য একটি মোবাইল ফোন থাকলেই যথেষ্ট। আর এ জন্য দরকার আগ্রহ। এ ছাড়া প্রতিষ্ঠানের জন্য কমপক্ষে দুইজন ইন্টেরিয়র ডিজাইনার লাগবে। দুটি কম্পিউটার থাকতে হবে। একজন খসড়া প্রস্তুতকারকও থাকতে হবে। কথাবন্ধু: এ ধরনের পেশা থেকে কী পরিমাণ বা কী ধরনের আয় হতে পারে?গুলশান নাসরিন চৌধুরী: একজন ইন্টেরিয়র ডিজাইনারের একটি ফ্ল্যাট ডিজাইন করার পর কমপক্ষে এক লাখ টাকা আয় (লাভ) হতে পারে। এ ক্ষেত্রে যাঁদের অভিজ্ঞতা বেশি ও যাঁরা এ পেশায় জ্যেষ্ঠ, তাঁদের আয় আরও বেশি হয়। এ ছাড়া বর্গফুট হিসেবে এবং চুক্তিতেও অনেকে কাজ করেন।কথাবন্ধু: ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশন এ দুটি শব্দ কি একই অর্থ প্রকাশ করে? গুলশান নাসরিন চৌধুরী: ইন্টেরিয়র ডিজাইনারের কাজই হচ্ছে অন্দরসজ্জা করা। একজন ডিজাইনার অফিস, বাসা, সবকিছুর ডিজাইন করছেন। আর ডেকোরেশন বলতে বোঝায় সঠিক স্থানে শোপিস বসানো। সিলিংটা পরিবর্তন করা। পর্দা পরিবর্তন করা। যেকোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করা। মূলকথা, অভ্যন্তরীণ স্থানে সঠিক জিনিস সঠিকভাবে সাজানো। কথাবন্ধু: ল্যান্ডস্কেপ কী? ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে এর সম্পর্ক কী?গুলশান নাসরিন চৌধুরী: ল্যান্ডস্কেপ হচ্ছে বাগান করা বা প্রকৃতিই হচ্ছে ল্যান্ডস্কেপ। এখানে পাহাড়, ঝরনা, পাথর, বন ইত্যাদি থাকে। পাথর দিয়ে পাহাড়ের মতো তৈরি করা। মটকা দিয়ে ঝরনা বানানো ইত্যাদি। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ইকেবানা এবং বনসাইটাও অনেক জরুরি। ইকেবানা হচ্ছে জাপানিদের মতো করে বিভিন্নভাবে ফুল সাজানো। আর বনসাই হচ্ছে বড় গাছকে ছোট করে একে শৈল্পিক রূপ দেওয়া। অর্থাৎ ঘরের ভেতর সবুজের আবরণ।কথাবন্ধু: নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে? গুলশান নাসরিন চৌধুরী: যাঁদের মধ্যে সৃজনশীলতা আছে, তাঁদের সবারই এসব বিষয়ে এগিয়ে আসা উচিত। এ জন্য মেয়েদের অবশ্যই সবার আগে এগিয়ে আসা উচিত। নিজেদের পায়ে দাঁড়ানো উচিত। কারণ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। গ্রন্থনা: সুদীপ দে