ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আনন্দ আড্ডায় একদিন
শব্দটা কাচের চুড়িভাঙার মতোই? শব্দের উেসর দিকে চোখ ফেরাতেই লালপরি, নীলপরির ওড়াওড়ি। ক্যাম্পাসে ঢোকার পথে উচ্ছল তরুণ-তরুণীদের হাসি, সেই হাসিতে হাসছে চারদিক। সাততলার পরিবেশ আবার একেবারে অন্য রকম, হাসির ফোয়ারা বন্ধ। পাঠাগারে দলে দলে পড়ছেন শিক্ষার্থীরা, অন্য একটি কক্ষে হালকা আড্ডা আর পড়াশোনা চলছে একসঙ্গে। একজন অবশ্য একেবারেই অন্য রকম, কক্ষের বাইরে সিঁড়িতে বসে একমনে কথা বলছিলেন মুঠোফোনে। আমাদের দেখেই একরাশ হাসি, কাছে গিয়ে প্রশ্ন করলাম, ‘একা বুঝি?’ প্রশ্নটা শুনে একটু স্মৃতিকাতর তিনি। আনমনে বলে উঠলেন—‘আমাদের দলে ১৮ জন ছিল, এখন আছে মাত্র তিনজন।’ অন্যরা কোথায়? ‘পড়াশোনা শেষ, তাই চলে গেছে।’ দলের কোনো নাম ছিল?‘পাঁচফোড়ন।’আপনার নামটা কিন্তু জানা হয়নি। ‘আমার নাম সালমা হক। মার্কেটিংয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়ি।’ কথায় কথায় জানা হয়ে গেল সালমা আপুর অনেক গুণ। বিতর্কের প্রিয়মুখ তিনি, গান করেন, করেন লেখালেখিও। প্রথম আলোর নারীমঞ্চে লেখা ছাপা হয়েছে। মাঝে চাকরি করেছেন এক বছর।প্রশ্ন করি, ‘প্রেম করেন?’রসিকতার ছলে তিনি বলেন, ‘কত বসন্ত চলে গেল তবু আমার প্রেম হলো না’, তারপর লাজুক হাসি। তারপর কথা রাশি রাশি—‘আমি সৃষ্টিকর্তায় খুব বিশ্বাস করি। বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দকেই গুরুত্ব দেব। ছেলেকে অবশ্যই শিক্ষিত মানে স্বশিক্ষিত হতে হবে।’মিডটার্ম, টিউটোরিয়াল, সেমিস্টার ফাইনালের ফাঁকে একটু সময় পেলেই আড্ডা জমে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (আইইউবি)। এবার আমরা পড়লাম বিবিএর শিক্ষার্থীদের সামনে। তাঁদের আবার আড্ডা দেওয়ার নির্দিষ্ট সময় নেই। কী হয় আড্ডায়? মুমু: ক্যারিয়ার, ফ্যাশন, নতুন শিক্ষার্থী, পুরোনো ব্যাচের অনুষ্ঠান, পড়ালেখা—সব বিষয়ই থাকে। তবে আড্ডা দেওয়ার নির্দিষ্ট কোনো জায়গাও নেই। ইমরানের কথা— ক্যান্টিন, পাঠাগার, কমনরুম, ফটকের দুই পাশে সব খানেই আড্ডা দেওয়া যায়। রাজীব: জামালখানের মোড়ে দাঁড়িয়েও আড্ডা দিই। মুমুর খোঁচা—ছেলেদের মতো বাইরে গিয়ে আড্ডা দেয় না মেয়েরা। আইইউবিতে পড়ার কারণ কী?মুমু: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক দূরে, তা ছাড়া সেশনজটও বেশি। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইউবির সুনাম আছে। তাই এখানে পড়তে আসা। সামিনা: এখানে পড়ার অনেক সুবিধা। চট্টগ্রাম শাখা থেকে ঢাকায় ক্রেডিট ট্রান্সফার করে সেখানেও পড়তে পারব। ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ কিন্তু তা-ই করেছেন।ইমরান: সেমিস্টার তাড়াতাড়ি শেষ করতে পারলে তিন বছরেই পাস করা সম্ভব।অরিন: আমি রসায়নবিজ্ঞানে সুযোগ পেয়েছিলাম। কিন্তু রসায়ন আমার ভালো লাগে না।রাজীবের কথা—পড়ালেখার চাপ এত বেশি যে রাজনীতি নিয়ে ভাবারও সময় নেই। আইইউবিতে রাজনীতি ও ধূমপান নিষিদ্ধ। তাহলে আপনারা অধূমপায়ী?‘আগে ক্যান্টিনে বা বাথরুমের পাশে ছেলেরা ধূমপান করত। এখন পুরো ক্যাম্পাসই ধূমপানমুক্ত এলাকা।’ বললেন সাজ্জাদ।ইমরানের কথায় আবার অন্য চিত্র—‘ছেলেরা বাইরে গিয়ে খায়। মেয়েরা মনে হয় একটু কম খায়।’ ‘মেয়েরা টোটালি খায় না’ প্রতিবাদ করে উঠল অরিন। বন্ধুত্ব নিয়ে কী ভাবেন?সাজ্জাদ: এখানে ভর্তি হওয়ার এক-দুই মাসের মধ্যেই সবার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মুমু ও ইমরানের কাছে বন্ধুত্বের সংজ্ঞা অনেক আধুনিক—বন্ধুত্ব মানে অনেক দূর এগিয়ে যাওয়া। বন্ধুত্ব হবে স্বচ্ছ।প্রেম করেন? সরল এ প্রশ্নের উত্তরে সবার চেহারায় হঠাত্ কাঠিন্য, একটু পর চাপা হাসি। সম্মিলিত উত্তর, ‘সেটা বলা যাবে না। পেপারে দিয়ে দিলে সমস্যা আছে।’ এবার বিয়ে প্রসঙ্গ। ইমরান: নিজের ও পরিবারের পছন্দ মিলিয়েই বিয়ে করব।‘আমি যেমন ছেলে পছন্দ করি ওরকম খুঁজে পাওয়া যাবে না। একেকজনের একেক গুণ। সাত-আটজনকে একসঙ্গে বিয়ে করতে হবে!’ বলেই অরিনের সে কি হাসি!সাজ্জাদ: আসলে প্রথমে ক্যারিয়ার। তারপর বাকি চিন্তা। আমাদের এভাবেই গড়ে তোলা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতা, পয়লা বৈশাখ, মহান একুশে, বিজয় দিবস, ভালোবাসা দিবস পালন করা হয় বর্ণাঢ্য আয়োজনে। নতুনদের বরণ আর পুরোনোদের বিদায় অনুষ্ঠান প্রতিবছরই হয়। বছরে একবার শিক্ষাসফর। আড্ডার ফাঁকে রাজীবের মুখে একটা শব্দ শুনে খটকা লাগে। এলএফই মানে কী জানতে চাইলে রাজীব বুঝিয়ে দেন—বিশ্ববিদ্যালয় থেকে দুই দল শিক্ষার্থীকে ভাগ করে দেওয়া হয়। দুই দল দুই গ্রামে গিয়ে ১২ দিন থাকে। গ্রামের সামাজিক পরিবর্তন, অর্থনীতি, স্বাস্থ্য ও বাণিজ্য সম্পর্কে গবেষণা করে প্রতিবেদন দিতে হয়। আমরা এ বছর কুমিল্লার জালগাঁওয়ে গিয়েছিলাম। সাজ্জাদদের দল গিয়েছিল সিলেটের খাদিমনগর ইউনিয়নের কুশিরপুর গ্রামে। বই-খাতা হাতে নিয়ে বসতে বসতেই ম্যারিন যোগ করলেন—‘প্রতিবেদন জমা দেওয়ার আগে সবাইকে বেড়াতে নিয়ে যাওয়া যায়। একসঙ্গে থাকা, খাওয়া আর বেড়ানো—এতেই সবাই বন্ধু হয়ে যায়। এটাই এলএফই, শুধু আইইউবিতেই আছে।’ বিশ্ববিদ্যালয় মানে বিশাল এলাকা, ইতিহাস-ঐতিহ্যের ছোঁয়া এসব আপনাদের টানে না? একটা ভবনে একটা বিশ্ববিদ্যালয় ঠিক মানায় কি?প্রশ্নটা শুনে তাঁরাও একমত হলেন—বিশ্ববিদ্যালয় একটা বিশাল ব্যাপার। তবে তাঁদের কথা, একুশ শতকে একটা ভবনেও একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের স্বাদ পাওয়া অসম্ভব নয়। কারণ এখন তথ্যপ্রযুক্তির যুগ, তথ্যপ্রযুক্তি গোটা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। ভবিষ্যতে পরিকল্পনা কী?মুমু বেশ আত্মবিশ্বাস নিয়েই বললেন, ‘ব্যাংক বা বিদেশি কোম্পানিতে চাকরি করবো।’ রাজীব: চাকরির ক্ষেত্রে আমি একটু খুঁতখুঁতে। দেখে শুনেই করব।সাজ্জাদ: ভালো মানের বা ভালো বেতনের চাকরি না হলে কীভাবে করব।জানা গেল, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা বিভিন্ন জায়গায় চাকরি পেতে সাহায্য করেন শিক্ষার্থীদের। ব্যবসা নিয়েই তো সবাই পড়েন, ব্যবসা করবেন না? এ প্রশ্নের উত্তরে ইমরান বললেন—ব্যবসা করলে রাতে ঘুমই হবে না। সারাক্ষণ টাকার চিন্তা করতে হবে। কথা বাড়তে থাকে, বাড়তে থাকে বেলা। আস্তে আস্তে খালি হতে থাকে শ্রেণীকক্ষ, পাঠাগার আর ক্যান্টিন। তবুও থেকে যায় সেই শব্দ—মেধাবী মুখের হাসির আনন্দতরঙ্গ।