ইন্দিরাকে মঞ্চে ফেরাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে আবৃত্তি করেন মাহিদুল ইসলাম
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানে আবৃত্তি করেন মাহিদুল ইসলাম

আবৃত্তিশিল্পী ইন্দিরা চৌধুরী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় মঞ্চের এ মানুষটি এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। তাঁকে মঞ্চে ফেরানোর প্রত্যয় সহকর্মীদের। তাঁর পাশে দাঁড়িয়েছে আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’। ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইন্দিরা চৌধুরীর চিকিৎসা তহবিল সংগ্রহের লক্ষ্যে দর্শনীর বিনিময়ে আয়োজন করা হয় ‘পুনরাবৃত্তি’ শিরোনামের একক আবৃত্তি অনুষ্ঠান। এতে একক আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম।
তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘মশালের লাল ঐ জ্বলছে’ আবৃত্তির মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ছটায় শুরু হয় অনুষ্ঠান । এরপর মঞ্চে আসেন মাহিদুল ইসলাম। শুরু করেন ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে। এরপর ‘মাতৃভূমির জন্যে’, ‘আমার বন্ধু নিরঞ্জন’, ‘শাড়ি’, ‘চণ্ডালিকা’, ‘জেলখানার চিঠি’, ‘পায়ে চলার পথ’, ‘প্রস্থান’, ‘কেউ কথা রাখেনি’, ‘বনলতা সেন’, ‘বাঙলা ছাড়ো’, ‘নেকড়ে’, ‘নুরলদিনের সারা জীবন’সহ ৪০টি কবিতা আবৃত্তি করেন তিনি। এ আয়োজনে আবহ সংগীতে কণ্ঠ দেন বৈশাখী নাথ। বেহালায় শ্যামল, বাঁশিতে হাবিব এবং কিবোর্ডে সহযোগিতা করেন শহীদুল্লাহ।
এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান। তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি-বিষয়ক কর্মকর্তা মোসলেম উদ্দিন শিকদার। এ আয়োজনের টিকিট বিক্রির ৪০ হাজার টাকা ইন্দিরা চৌধুরীর বোনের হাতে তুলে দেন অতিথিরা। এ ছাড়া অনুষ্ঠানের জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।