ইন্দ্রপুল-আমজুরহাট অংশ ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর এলাকার ইন্দ্রপুল থেকে আমজুরহাট পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার সড়ক খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আট বছর ধরে সড়কটি কার্যকর সংস্কার না হওয়ায় ছোটখাটো দুর্ঘটনা লেগে আছে। গত দুই মাসে সড়কসংলগ্ন কাগজিপাড়া এলাকায় আটটি দুর্ঘটনা ঘটেছে। এতে গাড়ি উল্টে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার লবণশিল্প এলাকা ইন্দ্রপুলের পশ্চিম দিক থেকে আমজুরহাটের পূর্ব পাশের জঙ্গলখাইন সড়কের মাথা পর্যন্ত আরাকান সড়কের দুই পাশের বিভিন্ন অংশ দেবে গেছে। কোনো কোনো স্থানে সড়কের উভয় পাশ এক ফুটের বেশি নিচু হয়ে গেছে। বিশেষ করে কাগজিপাড়া শাহ আশরাফ আলী দরগাহ থেকে জঙ্গলখাইন সড়কের মাথা পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। সড়কের দুই পাশের মাটিসহ মূল সড়কের কার্পেটিং উঠে গেছে। কোনো কোনো জায়গায় সংলগ্ন পুকুর এবং জমির পাড় ভেঙে পড়ায় মূল সড়ক সরু হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম ও মোহাম্মদ আজগর প্রথম আলোকে জানান, তাঁদের জানামতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই মাসে অন্তত আটটি দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী ও একজন ট্রাকযাত্রীসহ দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পটিয়ার পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ মিয়া বলেন, সড়কের একাংশ দেবে যাওয়ায় দুটি গাড়ি পাশ কাটানোর সময় গাড়ি একদিকে হেলে পড়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। অনেক সময় দুর্ঘটনায় প্রাণহানি ছাড়াও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পটিয়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতল থেকে ইন্দ্রপুল, চক্রশালা গিরীশ চৌধুরী বাজার থেকে ভাইয়ার দিঘি ও রৌশনহাট থেকে দোহাজারী পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় রোড নেটওয়ার্ক ইমপ্রুভভমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স প্রজেক্ট (আরএনআইএমপি)-২ নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু পরে তারা কাজ না করায় সংস্কারকাজ থেমে যায়। সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোছলেহ উদ্দিন চৌধুরী বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সড়কের সবচেয়ে খারাপ অংশ আগে সংস্কারের জন্য গত বছর নভেম্বর মাসে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট এলাকায় কাজ চলছে। বর্ষার আগে পটিয়া অংশে কাজ শুরু হবে বলে তিনি আশা করেন। সওজের দোহাজারী উপবিভাগীয় প্রকৌশলী গোলাম রহমান বলেন, ‘হরতালের কারণে সময় মতো সিলেট থেকে মালামাল আনতে না পারায় কাজ ঠিকভাবে এগোচ্ছে না। তবে চেষ্টা করছি বর্ষার আগে কাজ শেষ করতে।’