ইফতারির শাহি বাজার, চকবাজার প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির জমজমাট বাজার বসে চকবাজারের শাহি মসজিদের সামনের সড়কে। চকের এই মসজিদটি মুঘল আমলের। তবে সেই আদি স্থাপনাটি নেই। মসজিদের আকার বদলেছে, কিন্তু রয়ে গেছে ইফতারির ঐতিহ্য।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে রোজাদাররা ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি কিনতে আসেন। তবে আশপাশের দোকানের ব্যবসায়ীরাই এই ইফতারির বাজারের প্রধান ক্রেতা। এই বাজারকে স্থানীয় বাসিন্দারা নাম দিয়েছেন ইফতারির শাহি বাজার। কারণ, এই বাজার শাহ বা রাজাদের আমল থেকেই শুরু হয়েছে।

আজ চকবাজারের ইফতারির বাজার এলাকায় গিয়ে দেখা গেছে—সেখানে বাঁশ, কাঠ ফেলে রাখা হয়েছে। ইফতারির অস্থায়ী দোকান বসানোর জন্য চলছে খোঁড়াখুঁড়ি।

কথা হচ্ছিল আবদুল মোবারকের সঙ্গে। তিনি জানালেন প্রায় ২৫ বছর ধরে তাঁরা এই জায়গায় ইফতারির ব্যবসা করছেন। এবারও করবেন। মূলত বিভিন্ন পদের ফল দিয়ে তাঁর ইফতারির দোকান সাজাবেন তিনি।

অন্য দোকানিরা জানালেন, বহুদিনের রেওয়াজ অনুসারে পুরান ঢাকার বাসিন্দারা বাড়ির তৈরি ইফতারির চেয়ে দোকানে তৈরি ইফতারি দিয়েই ইফতার করতে অভ্যস্ত। এ জন্য তাঁদের একটা আলাদা বাজেটও নাকি থাকে।

চক মসজিদের সামনে ইফতারির বড় বাজারটি বসলেও অন্যান্য মহল্লায়ও রমজানজুড়েই দুপুরের পর থেকে ঝুড়ি ভরা হরেক রকমের ঝাল-মিষ্টির পদ নিয়ে ইফতারির পসরা বসে যায়। এ বছর চকবাজারে তিন শরও বেশি দোকান বসবে। ঐতিহ্যবাহী ‘বড় বাপের পোলায় খায়’, পেঁয়াজু, শাহি জিলাপি, সুতি কাবাব, জালি কাবাব, টিকিয়া, মুরগি, খাসির রোস্ট আরো বাহারি নামের ও স্বাদের কাবাব। সঙ্গে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, ছোলা, ঘুগনি তো আছেই। এসব খাবার দামও অন্য এলাকা থেকে সস্তা। যোহরের নামাজের পর থেকেই এসব দোকানে কেনাবেচার ব্যস্ততা শুরু হয়।

শাহি জিলাপি: ইফতারের সময় একটা মিষ্টান্ন পাতে না থাকলে যেন চলেই না। ইফতারির সময় সবচেয়ে জনপ্রিয় জিলাপি। আর পুরানা ঢাকার ‘শাহি জিলাপি’ হলো জিলাপির মধ্যে বিখ্যাত।

পুরান ঢাকার চকবাজারের শাহি মসজিদের সামনে ৩২ বছর ধরে জিলাপি বিক্রি করেন আবদুল মোতালেব। ইসলামপুরের এই বাসিন্দা ১২ টাকা দরে জিলাপি বিক্রি শুরু করেন। আগামীকাল সেই জিলাপি তিনি বিক্রি করবেন প্রতি কেজি ১৬০-২০০ টাকা দরে।

দামের তারতম্য জানতে চাইলে মোতালেব বললেন, ‘জিলাপি তৈরির সরঞ্জাম চিনি, আটা-ময়দা, তেলের দাম এত বাড়ছে যে জিলাপির দাম না বাড়ায়া উপায় পাইতাছি না।’ তিনি জানালেন, রমজান উপলক্ষে এসব পণ্যের দাম আরও বেড়েছে। তাই আগামীকালের ইফতারের দামেও এগুলোর প্রভাব পড়বে।