নগরের অফিসপাড়া আগ্রাবাদের কর্মব্যস্ত লোকজন প্রায়ই ইফতার সেরে নেন আশপাশের হোটেল রেস্তোরাঁয়। এ এলাকার দুটি রেস্তোরাঁ অ্যাম্বেরাসিয়া ও সিলভার স্পুনের খাবারে যেমন বৈচিত্র্য আছে, তেমনি পরিবেশনেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। অ্যাম্বেরাসিয়া ও সিলভার স্পুনের ইফতার নিয়ে এবারের আয়োজন।
অ্যাম্বেরাসিয়া: নানা বিচিত্র পদের ইফতার দিয়ে এ বছরও সাজানো হয়েছে অ্যাম্বেরাসিয়ার ইফতার আয়োজন। এ রেস্তোরাঁয় রোজা উপলক্ষে দুই ধরনের হালিম, দুই ধরনের জিলাপি, তুর্কি শর্মা, দই, ফিরনি, ফালুদাসহ ৪৭ ধরনের খাবার বিক্রি হচ্ছে। পছন্দমতো খাবার বাসায় কিনে নেওয়ারও ব্যবস্থা আছে। এ ছাড়া রয়েছে ছয়টি প্যাকেজ। ঘরে নিয়ে খাওয়ার সেট মেনু-১–এর দাম পড়বে ৩৪৯ টাকা। এতে রয়েছে ফিশ ফিঙ্গার, হালিম, জিলাপিসহ ১৬ পদের খাবার। তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার, হালিম, জিলাপিসহ ১৭ পদের সেট মেনুর জন্য গুনতে হবে ৩৯৯ টাকা। পাটিসাপটা, তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার, হালিম, ফিরনিসহ ১৯ পদের সেট মেনুর দাম পড়বে ৪৪৯ টাকা। জনপ্রতি পার্টি ইফতার সেট মেনু-১–এর দাম পড়বে ৪৯৯ টাকা। এতে রয়েছে তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার, হালিম, ফিরনিসহ ১৮ পদের খাবার। ৫৯৯ টাকা দামের সেট মেনুু-২–এ রয়েছে চিকেন ভুনা, তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার, হালিম, ফিরনিসহ ২০ পদের খাবার। তেহারি, তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার, হালিম, ফিরনিসহ ২২ পদের সেট মেনুু-৩–এর দাম পড়বে ৬৯৯ টাকা। এসব প্যাকেজের মূল্যের সঙ্গে যুক্ত হবে ভ্যাট। সপ্তাহের প্রতিদিনই এখানে রয়েছে ৩৯ পদের খাবারসহ বুফে ইফতার ও ডিনার করার সুযোগ। জনপ্রতি এ সুযোগ নিতে চাইলে ভ্যাট ও সার্ভিস চার্জ ছাড়া গুনতে হবে ৭৭৭ টাকা।
অ্যাম্বেরাসিয়ার মহাব্যবস্থাপক বিজয় কস্তা প্রথম আলোকে বলেন, ‘সারা দিন রোজা রাখার পর খাবার খেয়ে যাতে রোজাদারদের স্বাস্থ্য ভালো থাকে, সেই দিকে আমরা নজর দিচ্ছি। তাই খাবারের গুণগত মান ধরে রাখতে রান্নায় বাড়তি তেল ব্যবহার না করার চেষ্টা করছি।’
সিলভার স্পুন: সিলভার স্পুনের ইফতারের আয়োজনে এ বছর রয়েছে বিশেষ চারটি প্যাকেজ। এর মধ্যে পার্টি ইফতারের জন্য রয়েছে দুটি, বাকি দুটি ঘরে নিয়ে খাওয়ার জন্য। জনপ্রতি পার্টি ইফতার মেনু-১–এর দাম পড়বে ভ্যাটসহ ৫৫০ টাকা। এতে রয়েছে পরোটা, মেজবানি মাংস, লাচ্ছিসহ ১৩ পদের খাবার। ৫৫০ টাকা মূল্যের অপর পার্টি মেনুতে রয়েছে নবাবি বিরিয়ানি, ডিম কারি, ফিরনিসহ ১৩ পদের খাবার। ঘরে নিয়ে খাওয়ার সেট মেনু-১–এর দাম পড়বে ৪৫০ টাকা।
এতে রয়েছে মাটন তেহারি, জিলাপি, ফিরনিসহ ১১ পদের খাবার। ২৭৫ টাকা দামের সেট মেনুতে রয়েছে চিকেন ফ্রাই, সমুচা, ফিরনি, জিলাপিসহ ১১ পদের খাবার। রাতের খাবারসহ ৪০ পদের বুফে ইফতারে অংশ নিতে ভ্যাটসহ গুনতে হবে ৭৭০ টাকা। এ ছাড়া এখানে রয়েছে খুচরা বিভিন্ন পদের ইফতারি কেনার সুযোগ। সিলভার স্পুনের কর্মকর্তারা জানান, এখানকার সুতলি জিলাপির বেশ চাহিদা রয়েছে। প্রতি কেজি সুতলি জিলাপি কিনতে চাইলে গুনতে হবে ৩০০ টাকা।