ইফতারে আরবিয়ানা
মাঝারি আকারের একটি কক্ষ। মাটিতেই আরবি কায়দায় আসন পাতা। শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষে বসে ইফতার করবেন রোজাদারেরা। আর খাবারের আয়োজনেও থাকছে আরবের নানা পদ। নগরের ও আর নিজাম সড়কের ওয়েল পার্কে এবারের রমজানে ইফতারির বিশেষ আয়োজনে আছে তিনটি ‘অ্যারাবিক স্পেশাল কুজিন প্যাকেজ’। ওয়েল পার্কের রেস্টুরেন্ট ব্যবস্থাপক মাজহারুল হক বলেন, সারা দিন রোজা রাখার পর অনেকে একটু স্বচ্ছন্দে বসে ইফতার করতে চান। তাই আরবি ঢঙে বসার এই বিশেষ আয়োজন। খাবারেও থাকছে ভিন্নতা। ওয়েল পার্কের তিনটি বিশেষ প্যাকেজের প্রথমটি ‘আল-মারজান ইফতারি অ্যান্ড সান সেট ডিনার প্যাকেজ’। এতে থাকছে স্যুপ, দুই রকমের সালাদ, শরবত ও দুই রকমের পুরি, আরবি পিঠা ও পনির, ইরানি মিক্সড গ্রিল, চিকেন কাবাব, শিক কাবাব ও পুডিং, বাদাম ও আরবি মিষ্টি। ছয় থেকে ১০ জনের এই প্যাকেজের খরচ পড়বে ১০ হাজার টাকা। ‘শাহি অ্যারাবিক ইফতার অ্যান্ড সান সেট ডিনার প্যাকেজ’ ১১ থেকে ১৫ জনের জন্য। এর মূল্য ১২ হাজার টাকা। এই প্যাকেজে চিকেন স্যুপ, অ্যারাবিক সালাদ, চিকেন পুরি, মিক্সড ভেজিটেবল সালাদ, লেবানিজ চিকেন সমুচা, ইরানিয়ান মিক্সড গ্রিল, চিকেন হ্যারিসসহ বিভিন্ন পদ আছে। ১৬ থেকে ২০ জনের দলের জন্য ‘সান আল ইফতারি অ্যান্ড সান সেট ডিনার প্যাকেজ’ এর মূল্য ১৫ হাজার টাকা। ওয়েল ফুড: ও আর নিজাম সড়কের ওয়েল ফুড এবারের ইফতারের আয়োজন সাজানো হয়েছে ৪০টি ভিন্ন স্বাদের খাবার উপকরণে। রোজাদারদের জন্য এবার তিনটি সেট মেন্যুও আছে এখানে। স্পেশাল ইফতারি বক্স-১ এর মূল্য ১৬৫ টাকা। জিলাপি, বিফ বল, চিকেন ফ্রাইসহ আটটি পদে সাজানো স্পেশাল ইফতারি বক্স-২ এর মূল্য ২২০ টাকা। এ ছাড়া শামিকাবাব, চিকেন বল, মিনি কাবাব, মাটন হালিমসহ নয় পদের তৃতীয় প্যাকেজটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।হান্ডির গোমুখা হালিম: নগরের জিইসি মোড় এলাকায় হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোর হালিমের কদর আছে রোজাদারদের কাছে। গরু, খাসি ও মুরগির মাংস সহযোগে তৈরি এখানকার গোমুখা হালিম প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এখানকার ইফতারি আয়োজনে পাকোড়া, কলিজা শিঙাড়া যেমন পাওয়া যায় তেমনি মিলবে দইবড়া, প্রনবল, মোরগ মুসাল্লাম, মিষ্টি দই, ফিরনি, বিফ জালিকাবাব, জাফরানি জিলাপি, মাটন হালিম ও চিকেন হালিম। এখানে ৩৭টি পদ নিয়ে সাজানো হয়েছে ‘ইফতারি কাম ব্যুফে ডিনার’। এর দাম ৫৯৯ টাকা। এ ছাড়াও আছে দুটি স্পেশাল ইফতার পার্টি মেন্যু। ১৮টি পদ নিয়ে সাজানো মেন্যু-১ এর মূল্য ৪৯৯ টাকা। ১৬ পদের মেন্যু-বি এর দাম ৪৪৪ টাকা। স্পেশাল ইফতারি টেক এওয়ে মেন্যুতে দুটি সেট বক্স আছে। ১৬ পদের সেট বক্স-১ এর মূল্য ৩০০ টাকা। একই সংখ্যক পদের সেট বক্স-২ এর মূল্য ৩৬০ টাকা।