ইফতারে চাই মিষ্টির পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেডিয়ামপাড়ার রে​েস্তারাঁ রোদেলা বিকেলের ইফতার আয়োজনে নানা পদের সঙ্গে এবার যুক্ত হয়েছে হরেক রকমের মিষ্টান্ন l প্রথম আলো
স্টেডিয়ামপাড়ার রে​েস্তারাঁ রোদেলা বিকেলের ইফতার আয়োজনে নানা পদের সঙ্গে এবার যুক্ত হয়েছে হরেক রকমের মিষ্টান্ন l প্রথম আলো

ইফতারের সময় ছোলা-পেঁয়াজু কিংবা ভাজা-পোড়া ঝাল পদ থাকেই। তবে এর সঙ্গে মিষ্টির পদ না থাকলে ইফতার যেন পূর্ণতা পায় না। সে জন্যই ফিরনি, হালুয়া, মিষ্টি দই কিংবা নিদেনপক্ষে জিলাপি রাখেন সবাই। ইফতারির বাজারে জিলাপি বিক্রিও রমরমা। হাজারী, জাফরানি মিল্ক, ছানা, শাহি, রেশমিসহ নানা স্বাদের জিলাপি পাওয়া যাচ্ছে বিভিন্ন রেস্তোরাঁয়। চট্টগ্রামের রোদেলা বিকেল ও রয়েল বাংলা সুইট হাউসও এবার নানা ঝাল পদের পাশাপাশি মিষ্টি খাবারও রেখেছে ইফতার আয়োজনে।
রোদেলা বিকেল: স্বাস্থ্যকর ইফতারের নিশ্চয়তা নিয়ে এবারও ইফতারের আয়োজন করেছে কাজীর দেউড়ির স্টেডিয়ামপাড়ার রেস্তোরাঁ রোদেলা বিকেল। এখানে জাফরানি মিল্ক জিলাপির বেশ চাহিদা আছে ক্রেতাদের কাছে। প্রতি কেজি জিলাপি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। জাফরানি মিল্ক জিলাপির পাশাপাশি এ বছর এই রেস্তোরাঁর ইফতার আয়োজনে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি মিষ্টি পদের খাবার। এসবের মধ্যে বেশি চাহিদা রয়েছে ছানার পায়েস, ছানার জিলাপি, বাদাম হালুয়া, রসগোল্লা ও রসমালাইয়ের। এখানকার প্রতিটি মিষ্টি পদ তৈরিতে ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ার সুপার রিফাইন্ড চিনি ও দেশি গরুর খাঁটি দুধ। প্রতি কেজি ছানার পায়েস, রসগোল্লা, রসমালাই ও ছানার জিলাপি এক হাজার টাকা করে এবং বাদামের হালুয়া ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু মিষ্টান্ন নয়, এখানকার নানা পদের খাবারের মধ্যে আছে মেজবানি গরুর মাংস। প্রতি কেজি মেজবানি মাংস কিনতে ক্রেতাদের গুনতে হবে ৭০০ টাকা। রোদেলা বিকেলের ইফতারের বিশেষ আয়োজনে রয়েছে প্রিমিয়াম মাটন হালিম ও চিকেন হালিম। এ দুই পদের হালিম প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রয়েছে টক দই দিয়ে তৈরি চিকেন ললিপপ, ভারতীয় মরিচের গুঁড়া ও গরমমসলায় তৈরি চিকেন তন্দুরি, স্পেশাল লাচ্ছা পরোটা, দই বড়া, বিফ বটি কাবাব, প্রন তন্দুরিসহ আকর্ষণীয় বিভিন্ন পদ।

এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটসের জিলাপির কদরই আলাদা ক্রেতাদের কাছে
এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটসের জিলাপির কদরই আলাদা ক্রেতাদের কাছে

চাইলে ইফতার করা যাবে রেস্তোরাঁয় বসেও। এ জন্য আছে দুই ধরনের প্যাকেজ। মেজবানের গরুর মাংস, মাটন সমুচাসহ ১০ পদের খাবারের প্যাকেজ-১–এর দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। ৫৫০ টাকায় পাওয়া যাবে প্যাকেজ-২। প্রিমিয়াম মাটন-চিকেন হালিম, কিশমিশ ফিরনিসহ এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে ১২ পদের খাবার।
রেস্তোরাঁর ব্যবস্থাপক (প্রশাসন) সাইনু সাবের বলেন, ‘কোনো ধরনের রং কিংবা প্রিজারভেটিভ ব্যবহার না করে খাবারের মানের দিকে গুরুত্ব দেওয়ায় ক্রেতাদের এবার বেশ ভালো সাড়া পাচ্ছি। তুরস্কের সানফ্লাওয়ার তেল, স্পেনের জাফরান, দুবাইয়ের গুঁড়ো দুধ, কাশ্মীরের লম্বা কিশমিশ, সিঙ্গাপুরের ময়দাসহ দেশ-বিদেশের সেরা উপাদান দিয়ে তৈরি করা হয় এখানকার প্রতিটি খাবার।’
রয়েল বাংলা সুইট হাউস: নগরের এনায়েত বাজারের বাটালি সড়কে ছোট্ট দোকান। কিন্তু মিষ্টান্নসহ রকমারি ইফতারির পদের জন্য রয়েলের খ্যাতি আছে ক্রেতাদের কাছে। এখানে ইফতারি কিনতে ভোজনরসিকদের লাইন পড়ে যায় বিকেল তিনটা থেকে। ইফতারির পদে মিষ্টান্নের মধ্যে রয়েছে জিলাপি, জাফরানি ফিরনি, মিহিদানা, গোলাপজাম ও নানা পদের হালুয়া। এক কেজি জিলাপি ২০০ টাকা, জাফরানি ফিরনি ৩০০ টাকা আর ফিরনির ছোট কাপের দাম ২৫ টাকা। প্রতি কেজি মিহিদানা ও গোলাপজামের দাম পড়বে ২২০ টাকা। প্রতিদিন মিলবে প্রায় ১০ ধরনের হালুয়া। প্রতি কেজি হালুয়ার দাম পড়বে পদভেদে ৪০০ থেকে ৫০০ টাকা। ঝাল পদের মধ্যে রয়েছে ছোলাভাজা, বেগুনি, পেঁয়াজু, হালিম, কাবাব, সমুচা, সবজি পাকুড়া ও চিকেন ফ্রাই। প্রতি কেজি মাটন ও চিকেন হালিমের দাম পড়বে ৪৫০ টাকা। রয়েলের কর্মকর্তা খোজেম হিরানি বলেন, ‘আমরা ৫০ বছর ধরে বংশানুক্রমে এই ব্যবসা করছি। গ্রাহকদের কাছে সব সময় মানসম্পন্ন খাবার পেঁৗছে দেওয়ার চেষ্টা করি। আমাদের কোথাও কোনো শাখা নেই।’