ইফতারে তাজা আমের স্বাদ ও মুরগির নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সময় ধরে রোজা আদায় করার পর ইফতারে তৃষ্ণা মেটাতে সব রোজাদারই চান শরবত অথবা টাটকা ফলের রস। আমের এই ভরা মৌসুমে এক গ্লাস ঠান্ডা আমের জুসের চেয়ে ভালো পানীয় আর কী হতে পারে! গেল তো পানীয়ের কথা। ইফতারে মুখরোচক খাবারের তালিকায় মুরগির নানা পদ রোজাদারদের মন ভরাতে যথেষ্ট। নগরের মেরিডিয়ান রেস্তোরাঁয় ইফতার আয়োজনের প্রধান আকর্ষণ তাজা আম্রপালির জুস। আর পিটস্টপের ইফতারে রয়েছে মুরগির নানা পদ। এ দুটি রেস্তোরাঁর ইফতার নিয়ে আজকের আয়োজন।

মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রকমারি ইফতারির পদ l প্রথম আলো
মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রকমারি ইফতারির পদ l প্রথম আলো

মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট: মেরিডিয়ানের নিজস্ব বাগানের আম থেকে তৈরি হয় আম্রপালির জুস। প্রতি লিটার আমের জুসের দাম পড়বে আড়াই শ টাকা। পাশাপাশি এক লিটার স্পেশাল ঠান্ডা লাচ্ছিও একই দামে পাওয়া যাচ্ছে। আমের জুসের পাশাপাশি ৪০ পদেরও বেশি খাবার নিয়ে এবার ইফতার ও রাতের খাবার আয়োজন করেছে জিইসি মোড় এলাকার অভিজাত এই রেস্তোরাঁ। এ বছর প্রথমবারের মতো এখানে সেহরির আয়োজনও করা হয়েছে।
ক্রেতাদের সুবিধার কথা ভেবে দাম অনুসারে টেকওয়ে, সেট মেনু ও বুফে ইফতারের ভিন্ন ভিন্ন প্যাকেজ আছে। ছোলা ভাজা, বেগুনি, আলুর চপ, ভেজিটেবল টেম্পুরা, জিলাপি, অন্থন, খেজুর, ফিশ কাবাবসহ ১৩ পদের ইফতার প্যাকেজ বাড়িতে নিয়ে যাওয়া যাবে। দাম পড়বে ২৮০ টাকা। আর রেস্তোরাঁয় বসে খাওয়ার জন্য আছে দুটি সেট মেনু। ম্যাঙ্গো স্মুদি, গরুর মাংস ভুনা, পরোটা, হালিম, ফিরনি, চাসহ ১৯ পদের খাবার দিয়ে রেস্তোরাঁয় বসে ইফতার করা যাবে। দাম পড়বে জনপ্রতি ৬৫০ টাকা।
রেস্তোরাঁয় খাওয়ার জন্য ১৭ পদের আরেকটি সেট মেনুতে গরু ভুনা আর পরোটা ছাড়া থাকছে আগের সব পদ। এই প্যাকেজের দাম পড়বে ৫৫০ টাকা। পাশাপাশি ৩৫টি পদের ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে রেস্তোরাঁর বিক্রয় বুথে। আস্ত মুরগির রোস্ট, চিকেন মমো, ট্যাঙ্গোরি চিকেন, চিকেন কাবাব, চিকেন তন্দুরি, চিকেন সাসলিক, মেজবানি গরুর মাংস, নানা রকমের হালিমও এখানকার আকর্ষণ। ৪০টির বেশি পদের ইফতার ও রাতের খাবার একসঙ্গে খাওয়া যাবে ভ্যাটসহ ৭৩৫ টাকায়।
মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সহকারী ব্যবস্থাপক নিমাই দেবনাথ বলেন, ‘আমাদের রেস্তোরাঁয় ইফতারের বিশেষত্ব হচ্ছে আমাদের নিজস্ব বাগানে তৈরি আমের জুস ও নিজেদের তৈরি মিষ্টি দই। এ ছাড়া আমরা প্রথমবারের মতো সেহরিরও ব্যবস্থা করেছি।’

পিটস্টপ রেস্টুরেন্টে ইফতারির আয়োজন l প্রথম আলো
পিটস্টপ রেস্টুরেন্টে ইফতারির আয়োজন l প্রথম আলো

পিটস্টপ রেস্টুরেন্ট: সপ্তাহের সাত দিনই ৩৬ পদের ইফতারের পদ পাওয়া যাচ্ছে নগরের আরেক অভিজাত রেস্তোরাঁ পিটস্টপে। লালখান বাজার এলাকার এই রেস্তোরাঁয় মুরগির নানা পদ জনপ্রিয় হয়েছে রোজাদারদের মধ্যে।
এখানকার ইফতার আয়োজনে কেবল মুরগির পদই রয়েছে ১১টি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন ড্রামস্টিক, চিকেন তন্দুরি, চিকেন সাট্টি, চিকেন সাসলিক ও চিকেন চওমিন। পাশাপাশি ছোলা ভাজা, পেঁয়াজু, বেগুনি, চপ, হালিম, আখনি বিরিয়ানি, লাচ্ছির শরবত এসব তো আছেই।
এই রেস্তোরাঁয় বাসায় নিয়ে যাওয়ার জন্য দুই ধরনের ইফতারের প্যাকেজ রয়েছে। ছোলা, পেঁয়াজু, চপের সঙ্গে চিকেন ফ্রাই, জিলাপি আপেল, ফিরনিসহ ১৩ পদের প্যাকেজ পাওয়া যাচ্ছে ৩৩০ টাকায়। আর ছোলা, মুড়ি, স্প্রিং রোলসহ ১০ পদের আরেকটি প্যাকেজ পাওয়া যাচ্ছে ৩০০ টাকায়।
ছোলা-পেঁয়াজু, হালিম, সমুচা, চিকেন ফ্রাই, জিলাপিসহ ১৬ পদের ইফতার রেস্তোরাঁয় বসে খেতে খরচ হবে ৪৫০ টাকা। পাশাপাশি বুফেতে প্রায় ৪০টি পদের ইফতার ও রাতের খাবার খেতে জনপ্রতি খরচ হবে ৯৮০ টাকা।
পিটস্টপের তত্ত্বাবধায়ক মৃণাল কান্তি দাশ বলেন, ‘আমাদের রেস্তোরাঁয় প্রায় ৪০ পদের ইফতার পাওয়া যাচ্ছে। আমাদের এবারের বিশেষত্ব হচ্ছে মুরগির নানা পদ। সঙ্গে আমাদের নিজেদের তৈরি দইবড়া।’