ইফতারে নতুনত্বের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিনের রোজার ক্লান্তি দূর করতে মানসম্মত এবং মুখরোচক সব ইফতারির পসরা সাজিয়ে বসেছে নগরের ছোট-বড় রেস্তোরাঁগুলো। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতারির জমজমাট বেচাকেনা চলে। ইফতারির পদে কে কতটা নতুনত্বের ছোঁয়া আনতে পারে চলছে তারই প্রতিযোগিতা। এ জন্য ইফতারের আয়োজনে নতুন নতুন মেনুও সংযোজন করেছে বেশ কয়েকটি রেস্তোরাঁ। প্রতিবেদন তৈরি করেছেন মেখ্যাইউ মারমা ও মিঠুন চৌধুরী মেরিডিয়ান নগরের জিইসি মোড়ে মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নিচের বিক্রয়কেন্দ্রে প্রতিদিন দুপুর থেকে শুরু হয় ইফতারির বেচাবিক্রি। এবার এই রেস্তোরাঁর ইফতারির আয়োজন সাজানো হয়েছে রোজাদারদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে। ছোলা, পেঁয়াজুর পাশাপাশি এখানকার বিশেষ আকর্ষণ ফলের রস, ফ্রাইড চিকেন, হালিম, নানা ধরনের রোল ও নুডলস। রোজাদারদের সুবিধার কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন দামের তিনটি প্যাকেজ ও ব্যুফের ব্যবস্থাও করেছে রেস্তোরাঁটি।মেরিডিয়ানের ইফতারির বিভিন্ন পদের মধ্যে নিজস্ব বাগানের তাজা পাকা আম্রপালি আমের জুস রোজাদারদের বিশেষ পছন্দের। প্রতি লিটার আমের জুসের দাম ২৫০ টাকা। এখানে এক কেজি জিলাপি ২৩০ টাকা, ৫০০ গ্রাম ভুনা ছোলা ১৫০ টাকা, সমুচা-পেঁয়াজু ও বেগুনি প্রতিটি বিক্রি হচ্ছে ১০ টাকা করে। এ ছাড়া স্প্রিং রোল ও বসনিয়ান রুটি ১৫ টাকা, শামী কাবাব ও অনথন ২৫ টাকা, ফ্রাইড চিকেন ৫০ টাকা এবং প্রতি কেজি মুরগির মাংসের হালিম ৩৫০ টাকা ও খাসির মাংসের হালিম ৩৭০ টাকা। আরও আছে এগ নুডলস ও ফিরনি। এবারের রমজানে মেরিডিয়ানে আছে ইফতারির তিনটি প্যাকেজ। ১২টি পদে সাজানো ইফতারি প্যাকেজ ‘টেকওয়ে’ ২৯০ টাকা, ১৫ পদের অন্য একটি প্যাকেজ ৪৪৫ টাকা এবং ১৭ পদের ইফতারি প্যাকেজের দাম ৫২৫ টাকা। প্রথম দশ রমজান পর্যন্ত এই তিনটি প্যাকেজেই থাকছে ১০ শতাংশ ছাড়। এ ছাড়া ব্যুফে প্যাকেজের দাম পড়বে ৬২৫ টাকা।মেরিডিয়ানের সহকারী ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) নোয়েল ই শিকদার বলেন, ‘গ্রাহককে সহজে ইফতার পৌঁছে দিতে আমরাই চট্টগ্রামে প্রথম রেস্টুরেন্টের নিচে সেলস কাউন্টার প্রচলন করি। এ বছর গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’ হান্ডি গত শুক্রবার বিকেলে নগরের গরিবুল্লাহ শাহ মাজার এলাকার অভিজাত রেস্তোরাঁ হান্ডির সামনে গিয়ে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ করা যায়। ইফতারের নানা পদ খুব দ্রতই শেষ হয়ে যাচ্ছিল। হালিমের পাতিল খালি হয়ে যাওয়ার পরও ক্রেতারা হালিম চাইছিলেন। হান্ডির এবারের ইফতার আয়োজন সাজানো হয়েছে ৩৬টি পদ নিয়ে। এখানে স্পেশাল মাটন হালিম প্রতি কেজি ৫০০ টাকায়, স্পেশাল বিফ হালিম ৪৫০ টাকায়, মুরগির মাংসের হালিম ৪০০ টাকায়, খাসির মাংসের হালিম ৪০০ ও গরুর মাংসের হালিম ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। হান্ডির স্বত্বাধিকারীদের একজন মামুনুর রশিদ বলেন, ‘এ নিয়ে পঞ্চমবারের মতো আমাদের ইফতার আয়োজন। এবার রমজানের প্রথম দিকে ক্রেতার চাপ খুব বেশি ছিল। ক্রেতাদের কথা মাথায় রেখে ইফতারের কিছু পদের দামও কমানো হয়েছে।’এখানে হায়দরাবাদি বিরিয়ানি (ফুল) ৩০০ টাকা ও হাফ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও চিকেন তন্দুরি, সাঁসলিক, চিকেন রোল, বিফ জালি কাবাব, ফিরনি, স্পেশাল দই, চিকেন উইংগস, হোল চিকেন, দই বড়া, বিভিন্ন ধরনের চপ ও পাকোড়া দিয়ে সাজানো হয়েছে ইফতারের সম্ভার।