ইফতারে ভিনদেশি পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতার আয়োজনে বৈচিত্র্য আনতে এবার ভিনদেশি নানা পদের খাবার নিয়ে হাজির হয়েছে নগরের বেশ কয়েকটি রেস্তোরাঁ। ছোলা, পেঁয়াজু, বেগুনি ও হালিমের সঙ্গে এসব রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে ভারতীয় ও আরবি খাবারের নানা পদ। নগরের কয়েকটি রেস্তোরাঁ ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন মেখ্যাইউ মারমা ও মিঠুন চৌধুরীওয়েল পার্ক দেশীয় ও আরবি খাবারের নানা পদ দিয়ে সাজানো হয়েছে নগরের ও আর নিজাম সড়কের ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলের ইফতার আয়োজন। হোটেলের দুটি রেস্তোরাঁয় এবার ইফতারের আয়োজন করা হয়েছে। হোটেলের রেস্টুরেন্টে আছে চার রকমের সেট মেন্যু। এ ছাড়া মোহরা গার্ডেন রেস্টুরেন্টে ৩২ পদ নিয়ে সাজানো হয়েছে বিশেষ ইফতার আয়োজন। এখানে আছে অ্যারাবিয়ান স্পেশাল ক্যুজিন প্যাকেজ। চারটি সেট মেন্যুর মধ্যে ১২টি পদ নিয়ে সাজানো ‘এ’ সেটের দাম ৪০০ টাকা। ১৫ পদের ‘বি’ সেটের মূল্য ৫০০ টাকা। ১৬ পদে সাজানো সেট মেন্যু ‘সি’-এর দাম ৫২৫ টাকা। এ ছাড়া ১২টি পদের ‘ডি’ মেন্যুর দাম ৫৭৫ টাকা। রেস্টুরেন্টে বসেই এই চারটি সেটের স্বাদ নিতে পারেন ক্রেতারা। নিয়ে যেতে পারেন বাসায়ও। হোটেলের ১০ম তলায় মোহরা রেস্টুরেন্টে ৩২ পদে সাজানো ইফতার আয়োজনের সঙ্গে আছে ডিনারও। এই আয়োজনে ছোলা-পেঁয়াজু-বেগুনির সঙ্গে আছে স্প্রিং রোল, জালি কাবাব, ফ্রাইড চিকেন, জিলাপি, ফিরনি ও হালিম। এই বিশেষ প্যাকেজের ডিনারে থাকছে নান, পোলাও, বিফ কারি, চিকেন বাটার, মাসালা, ভেজিটেবল, দোপেঁয়াজাসহ মোট আটটি পদ। এই বিশেষ প্যাকেজে জনপ্রতি খরচ পড়বে ৮৫০ টাকা। হোটেলের মহাব্যবস্থাপক এস এম সাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, অ্যারাবিয়ান স্বাদের ইফতারি খেতে আসা ক্রেতাদের জন্য ওয়েল পার্ক হোটেলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্যে আরবের পরিবেশ অনুযায়ী সাজানো হয়েছে একটি কক্ষ। তিনি আরও জানান, আরবি খাবারের নানা পদ নিয়ে তিনটি প্যাকেজ চালু করা হয়েছে। ছয় থেকে ১০ জনের জন্য প্যাকেজ ‘আল মারজান ইফতার ও সান সেট ডিনার’-এর দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। ‘শাহি অ্যারাবিক ইফতার ও সান সেট ডিনার’ নামের অপর প্যাকেজটি ১১ থেকে ১৫ জনের জন্য। দাম পড়বে ১২ হাজার টাকা। আর ১৬ থেকে ২০ জনের ‘শান আল ইফতার অ্যান্ড সান সেট ডিনার’ প্যাকেজের দাম ১৫ হাজার টাকা। ধাবাইফতারের তখনো দুই ঘণ্টা বাকি। কিন্তু ক্রেতারা খুব ব্যস্ত। দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদেরও। কেউ কিনছেন হালিম, কেউ দই বড়া, চিকেন উইংস কিংবা রোল আচারি আলু। গত মঙ্গলবার বিকেলে নগরের গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় অবস্থিত ভারতীয় খাবারের রেস্তোরাঁ ‘ধাবা’ প্রাঙ্গণে এমন দৃশ্য চোখে পড়ে। এবার রমজানে ৪০ পদের বাহারি পদে সাজানো হয়েছে ধাবার ইফতার আয়োজন। এর মধ্যে আছে দক্ষিণ ভারতীয় খাবারের নানা পদ, হালিম আর দেশীয় পিঠা। আছে মুরগির মাংসের তৈরি সাতটি পদ, সাত রকমের কাবাব, চার ধরনের পরোটা আর গরুর মাংসের কাবাব। এই প্রথমবারের মতো দুটি প্যাকেজে ধাবা স্পেশাল ইফতার বক্স সাজানো হয়েছে ১০টি করে পদ নিয়ে। ধাবায় গরুর মাংসের হালিম (প্রতি কেজি) ৩৫০ টাকায়, মুরগির মাংসের হালিম ৩৮০ টাকায় ও খাসির মাংসের হালিম ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি জিলাপি ২৫০ টাকা, দইবড়া (চারটি) ১৬০ টাকা, প্রতিটি চিকেন উইংস ৩০ টাকা এবং চিকেন রোল ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চিকেন টিক্কা ১০০ টাকায়, চিকেন হরিয়ালা ৮০ টাকায়, মোগলাই পরাটা ৬০ টাকায়, আলু পরাটা ৫০ টাকায় ও লাচ্ছা পরাটা ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ধাবার বিশেষ আয়োজনে আছে কাচ্চি বিরিয়ানি, হায়দরাবাদি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি, আচারি গোশত, আচারি আলু, চিলি চিকেন, চিকেন চপ ও মাটন চপ। ধাবার ব্যবস্থাপক মোকাদ্দেসুল হক প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের ইফতার আয়োজনে দক্ষিণ ভারতীয় বিভিন্ন পদের সংযোজন প্রথম আমরাই করেছি। আমাদের হালিম, দইবড়া, কাবাব, আচারি আলুসহ বেশ কয়েকটি পদের চাহিদা খুব বেশি।ক্রেতাদের ইফতার চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রথমবারের মতো চালু করা হয়েছে ইফতার বক্স।’