ইফতারে মেজবানি মাংসের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোদেলা বিকেলে রকমারি ইফতারির সঙ্গে রয়েছে মেজবানি মাংসও ষ প্রথম আলো
রোদেলা বিকেলে রকমারি ইফতারির সঙ্গে রয়েছে মেজবানি মাংসও ষ প্রথম আলো

ইফতারির নানা পদের মধ্যে সেরা কোনটি এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংসকে সব পদ থেকে এগিয়ে রাখতে চাইবেন অনেকে। হরেক রকম মসলা দিয়ে বিশেষ কায়দায় রান্না গরুর মাংসের এই পদের চাহিদা থাকে সারা বছরই। নগরের কয়েকটি রেস্তোরাঁয় বিক্রিও হয় এই পদটি। রমজান মাসে রুচি বদলাতে অনেকেই মেজবানের মাংস রাখতে চান ইফতার আয়োজনে। তাই ক্রেতাদের ভিড় বাড়ে রেস্তোরাঁগুলোতে। রোদেলা বিকেল ও ওয়েল পার্ক রেস্তোরাঁয় এবার হরেক পদের সঙ্গে থাকছে মেজবানের মাংসও।
রোদেলা বিকেল: কাজীর দেউরী স্টেডিয়ামপাড়ার রেস্তোরাঁ রোদেলা বিকেলে রয়েছে মেজবানি গরুর মাংসের বিশেষ পদ। প্রতি কেজির দাম পড়বে ৫০০ টাকা। ইফতারের বিশেষ আয়োজনে এখানে রয়েছে তুরস্কের সানফ্লাওয়ার তেল, ভারতের হলুদ-মরিচ মসলায় তৈরি প্রিমিয়াম মাটন হালিম ও রাঙামাটির মোরগ দিয়ে তৈরি দেশি চিকেন হালিম। এ দুই পদের হালিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকা করে।
এ ছাড়া জাফরানি মিল্ক জিলাপি পদটিরও বেশ চাহিদা রয়েছে। প্রতি কেজি জিলাপির দাম পড়বে ৪০০ টাকা। মেজবানি মংসের পাশাপাশি টাটকা মাছ, সুনামগঞ্জের হাঁসের ডিম, মাছের কোপ্তা, টক দই দিয়ে তৈরি চিকেন ললিপপ, চিকেন তন্দুরি, লাচ্ছা পরোটা, বিশেষ মিষ্টি দই ও টক দই, কিশমিশ ফিরনি, স্পেশাল লাচ্ছি, পাটিসাপটা পিঠা, চিকেন ফিশ অ্যান্ড চিপস, বিফ রোল, চিকেন রোল, ভারতীয় আলু কিমা চপ, জালি কাবাবসহ আকর্ষণীয় সব পদও রয়েছে এই রেস্তোরাঁয়। যাঁরা বাসায় ইফতার নিয়ে যেতে চান তাঁদের জন্য রয়েছে ১১ পদের খাবারসহ প্যাকেজ। এর পড়বে দাম ৩২০ টাকা।
১৩ পদের খাবারসহ সেট ইফতারি প্যাকেজের দাম ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেস্তোরাঁর ব্যবস্থাপক মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘সারা দিন অভুক্ত থাকার পর তৈলাক্ত খাবার খেলে রোজাদারদের সমস্যা হতে পারে। এসব বিবেচনা করে আমরা খাবারে স্বাস্থ্যসম্মত সূর্যমুখী তেল খুব কম পরিমাণে ব্যবহার করি। এ ছাড়া স্পেনের জাফরান, খাঁটি দুধ, ঘিসহ সেরা উপাদান দিয়ে তৈরি করা হয় এখানকার প্রতিটি খাবার।’

ওয়েলপার্কের ইফতারির আয়োজন
ওয়েলপার্কের ইফতারির আয়োজন

ওয়েলপার্ক: চট্টগ্রামের জিইসি মোড়ের ওয়েল পার্ক হোটেলে এবার ইফতার আয়োজনে নানা পদের সঙ্গে মেজবানি মাংসের স্বাদও নেওয়া যাবে। এই হোটেলে এবার ইফতার আয়োজনের বিশেষ আকর্ষণ আরবি কায়দায় রান্না বিশেষ পদ।
এখানে ইফতার ও রাতের খাবার সাজানো হয়েছে তিন ধরনের সেট মেনু দিয়ে। এ ছাড়া দেশি, ভারতীয় ও আরবি খাবারের সমন্বয়ে রয়েছে বুফে ইফতার ও ডিনার করার ব্যবস্থা। এতে অংশ নিতে চাইলে জনপ্রতি ভ্যাটসহ গুনতে হবে এক হাজার ২০০ টাকা।
এবারের রমজানে ওয়েলপার্কের ইফতারির তালিকায় অন্যান্য খাবারের পাশাপাশি মেজবানি মাংসের পরিবেশনাও রয়েছে বলে জানান এখানকার হেড অব মার্কেটিং মো. হাসানুল ইসলাম। এ ছাড়া রোজাদারদের সুবিধার জন্য রয়েছে চার ধরনের সেট মেনু। ফিশ বল, মিনি চিকেন সাসলিক, শামি কাবাব, চিকেন হালিমসহ ১৮ পদের সেট মেনুর দাম পড়বে ৬০০ টাকা।
৬৫০ টাকার সেট মেনুতে রয়েছে শামি কাবাব, তন্দুরি চিকেন, ফিশ কাটলেট ও বিফ হালিমসহ মোট ১৮ পদের খাবার। ফ্রাইড চিকেন, জালি কাবাব, বিফ বটি কাবাব, মাটন হালিমসহ ১৯ পদের খাবার মেনুর জন্য গুনতে হবে ৭০০ টাকা। চিকেন রেশমি কাবাব, ফিশ কাবাব, বিফ আখনি, চিকেন হালিমসহ ১৯ পদের সেট মেনুর দাম ৭৫০ টাকা।