
ইফতারের নানা পদের সঙ্গে হায়দারাবাদি বিরিয়ানিরও রাখতে চান অনেকে। এ বছর নগরের অধিকাংশ রেস্তোরাঁয় ইফতারের মেনুতে এই পদ রাখা হয়েছে। নগরের জিইসি মোড়ের মেরিডিয়ান ও কড়াই রেস্তোরাঁয় নানা পদের সঙ্গে হায়দারাবাদি বিরিয়ানির স্বাদও নেওয়া যাবে।
মেরিডিয়ান: ৩৩টি পদের ইফতারের বিকিকিনি চলছে মেরিডিয়ান রেস্তোরাঁর বিক্রয়কেন্দ্রে। ইফতারে যাঁরা হায়দারাবাদি বিরিয়ানির স্বাদ নিতে চান তাঁদের জন্য রয়েছে দুধরনের বক্স। ছোট বক্স ২২০ টাকা ও বড় বক্স বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এ বছর মেরিডিয়ানের ইফতারে নতুন সংযোজন চিকেন মম। ভিন্ন স্বাদের এ খাবারের পদটির প্রতি বক্সের দাম পড়বে ৬০ টাকা। পাশাপাশি মেরিডিয়ানের নিজস্ব বাগানের আম থেকে তৈরি প্রতি লিটার আম্রপালি আমের জুসের দাম ২৭৫ টাকা ও ৫০০ মিলিলিটারের দাম ১৪০ টাকা ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে সিচুয়ান চিকেন কাবাব, বসনিয়ান রুটি, চিকেন হালিম ও মাটন হালিম। প্রতি পিস সিচুয়ান চিকেন কাবাব ৬০ টাকা ও বসনিয়ান রুটি বিক্রি হচ্ছে ২০ টাকায়। প্রতি কেজি চিকেন হালিম ৩৮০ টাকা ও মাটন হালিম পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়।

বাছাই করে কেনার সময় নেই যাঁদের, তাঁদের জন্য রয়েছে ইফতার প্যাকেজ। ১২ পদের ইফতার প্যাকেজের দাম পড়বে ৩৪০ টাকা। রেস্তোরাঁয় বসে দুই ধরনের সেট মেনু দিয়ে ইফতার করা যাবে। আম্রপালির জুস, শামি কাবাব, হালিম ও ফিরনিসহ ১৭ পদের সেট মেনুর দাম পড়বে ভ্যাট ছাড়া জনপ্রতি ৫৫০ টাকা। ভ্যাট ছাড়া জনপ্রতি ৬২৫ টাকার ইফতার মেনুতে রয়েছে আম্রপালি জুস, শামি কাবাব, বিফ ভুনা, হালিম ও ফিরনিসহ ১৯ পদের খাবার। ভ্যাট ছাড়া জনপ্রতি ৬৯৯ টাকা খরচ করে বুফে ইফতার ও ডিনার করার সুযোগও থাকছে। মেরিডিয়ান রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক নোয়েল শিকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের এসব ইফতারের পদ জিইসি মোড়ের শাখা ছাড়াও দুই নম্বর গেট এবং সিইপিজেড শাখায়ও পাওয়া যাবে।’ কড়াই রেস্তোরাঁ: নগরের জিইসি মোড়ের কড়াই রেস্তোরাঁ প্রতিষ্ঠার পর এবারই প্রথম ইফতারের আয়োজন করেছে। প্রায় ৩২ পদের ইফতারির সঙ্গে বিক্রি হচ্ছে হায়দারাবাদি বিরিয়ানিও। হায়দারাবাদি বিরিয়ানির ফুল প্লেট ৩০০ টাকা ও হাফ প্লেট ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া এ রেস্তোরাঁর মাটন ও চিকেন হালিম, চিকেন তন্দুরি ও চিকেন শাশলিকের বেশ ভাল চাহিদা রয়েছে। তিন ধরনের সেট মেনুর আয়োজন করা হয়েছে রোজাদারদের জন্য। ডিম চপ, মাটন চপ, জালি কাবাবসহ ১২ পদের সেট মেনুর জন্য জনপ্রতি খরচ হবে ৪৫০ টাকা। ৫৫০ টাকার সেট মেনুতে রয়েছে হায়দারাবাদি বিরিয়ানি, জালি কাবাব, চিকেন কড়াইসহ ১৪ পদের খাবার। রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক রহমান আলী জানান, প্রতিদিন দুপুর দুইটা থেকেই শুরু হয় তাঁদের ইফতারের বিকিকিনি। প্রথমবার হলেও ভিন্ন স্বাদের ইফতারের জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছেন এই রেস্তোরাঁয়।