ইফতারের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে রাজনৈতিক অঙ্গন ঝিমিয়ে পড়ে। এ কারণে ইফতার মাহফিলের নামেই চলে রাজনৈতিক কর্মকাণ্ড। এবার রোজায়ও নগর আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মূলত ইফতার পার্টিকে কেন্দ্র করে।নগরের ছোট দলগুলোও আলাদাভাবে ইফতার মাহফিল করছে। বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ মাসে ইফতারের আয়োজন করে। দলীয় সূত্র জানায়, ইফতার পার্টিতে দলীয়ভাবে এবার বিএনপির চেয়ে এগিয়ে থাকছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দুটি বিবদমান দল মোট ৪০ থেকে ৪৫টি ইফতার মাহফিলের আয়োজন করছে। সে হিসাবে এক দিনে একাধিক ইফতার পার্টির আয়োজন করতে হবে। নগর বিএনপি একটি ইফতার মাহফিলের কর্মসূচি দিয়েছে। তবে ওয়ার্ড ও থানাভিত্তিক কিছু ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্র জানায়। জানা গেছে, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তাঁর অনুসারীদের মূল ইফতার পার্টি ১৪ আগস্ট মুসলিম হলে অনুষ্ঠিত হবে। অপরদিকে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের ইফতার পার্টি এর পরদিন ১৫ আগস্ট একই স্থানে অনুষ্ঠিত হবে। পাল্টাপাল্টি ইফতার পার্টিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভাও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মহিউদ্দিনের অনুসারী বলে পরিচিত নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর ইফতার পার্টি গত বুধবার পাহাড়তলী থানা কমিটি দিয়ে শুরু হয়ে গেছে। আগামী ২২ রোজা পর্যন্ত পর্যায়ক্রমে আমরা ১১টি থানা ও ১১টি ওয়ার্ডে ইফতার মাহফিল ও আলোচনা সভা করব। ১৫ আগস্ট হবে খুলশী থানার ইফতার মাহফিল ও জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠান।’আফছারুল আমীনের ঘনিষ্ঠ বলে পরিচিত নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা নয়টি থানা এবং ১০ থেকে ১২টি ওয়ার্ডে ইফতার মাহফিল শুরু করব ১৪ আগস্টের পর থেকে। এর বাইরে আফছারুল আমীন, নুরুল ইসলাম এবং আবদুচ ছালাম নিজ নিজ নির্বাচনী এলাকায় আলাদাভাবে ইফতার পার্টি করবেন। এ কারণে কোনো কোনো দিন একাধিক ইফতার পার্টি করতে হবে।’ নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, ‘দলের নগর কমিটির ইফতার পার্টি আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সামনে জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এর বাইরে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি সাধ্যমতো ইফতার পার্টি করবে। এ জন্য দলীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি।’ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত আয়োজনে ৯ আগস্ট ইফতার পার্টি অনুষ্ঠিত হবে সামাজিক যোগাযোগকেন্দ্র (কমিউনিটি সেন্টার) পাঁচলাইশের কিং অব চিটাগাংয়ে।