ইফতারের রাজনীতি সেখানেও বিভক্তি
রোজা এলেই রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে একধরনের স্থবিরতা নেমে আসে। সেই স্থবিরতা কাটাতে এবং দলীয় কর্মীদের চাঙা করতে দলের নেতারা ইফতারের আয়োজন করেন। কার ইফতার পার্টি কতটা জমজমাট হলো, কোন নেতা কার ইফতারে গেলেন আর কে গেলেন না তা নিয়ে রাজনৈতিকমহলে একটা চাপা গুঞ্জন ও দলীয় কর্মীদের আগ্রহের কমতি থাকে না। চট্টগ্রামের বড় দুই দলের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ও দলাদলির প্রেক্ষাপটে তাঁদের ইফতার পার্টিগুলোর প্রতি রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের তো বটেই সাধারণ মানুষেরও কৌতূহল ছিল। অনেকের আশা ছিল আসন্ন ঈদ আর রমজান মাসে ইফতার পার্টিতে তাঁরা অতীতের ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলিত হবেন। কিন্তু তা হয়নি বরং তাঁদের বিভক্তি আরও স্পষ্ট হয়েছে। এবার চট্টগ্রামে ঢাকঢোল পিটিয়ে প্রথম ইফতারের আয়োজন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। গত ২০ আগস্ট নগরের চকবাজারের একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) আয়োজিত এ ইফতার পার্টিতে নির্দিষ্ট সময়ে আমন্ত্রিতরা ইফতারির জন্য অপেক্ষা করছেন। কিন্তু চিরাচরিত ইফতার বিতরণ না করে সবার সামনেই রাখা হলো সাদা ভাত আর মেজবানের মাংস। সাইরেন পড়ার পর সবাই সেই ভাত আর গরুর মাংস দিয়েই ইফতার সারেন। সেখানে উপস্থিত চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘এটা একটি নতুন অভিজ্ঞতা। মেজবানের মাংস দিয়ে জীবনে প্রথম ইফতার করলাম।’ এখানে উপস্থিত একজন বললেন, রাজনৈতিক দলের ইফতারে যতটা না ধর্মীয় ভাবগাম্ভীর্য থাকে তার চেয়ে বেশি থাকে দলীয় নেতাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের বিষয়টি। এজন্য রাজনীতির বিভক্তিও এতে স্পষ্ট হয়ে ওঠে। এবারও সেটা হয়েছে। এম মোরশেদ খানের পর নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর অনুসারীরা ইফতার পার্টি করেছেন গতকাল ১ সেপ্টেম্বর। নগর বিএনপির রাজনীতিতে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত আবদুল্লাহ আল নোমানের সমর্থকেরা এ ব্যাপারে এখনো দিনক্ষণ ঠিক করেননি। নগর বিএনপির সাবেক সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিন ২৮ আগস্ট আলাদাভাবে ইফতারের আয়োজন করেন। আলাদাভাবে ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, আলাদা কর্মসূচিতে কোন্দল বাড়ে আবার রাজনীতিও চাঙা হয়। তা ছাড়া নেতারা দীর্ঘদিন ধরে এটা করে আসছেন। তবে কর্মীরা সব জায়গাতেই যাচ্ছেন। বিএনপি জৌলুসপূর্ণ ইফতারের আয়োজন করলেও আওয়ামী লীগ শোকের মাস হিসেবে সীমিত আকারে এ কর্মসূচি পালন করে। জামায়াতে ইসলামী এ বছর ইফতার মাহফিল নিয়ে এখনো প্রকাশ্য কোনো কর্মসূচি পালন করেনি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অন্যান্য দলীয় কর্মসূচির মতোই আলাদাভাবে ইফতার মাহফিলের আয়োজন করছে। দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের দুটি অংশের নেতারাই আলাদাভাবে এ কর্মসূচি পালনের ব্যাপারে বেশি আগ্রহী। গত ২১ আগস্ট নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের একটি অংশ ইফতার মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সহসভাপতি বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। তবে কোতোয়ালি আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম ও তাঁর অনুসারীরা আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার তিনি মোহরায় প্রথম ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় তিনি দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী ও ঈদের কাপড় বিতরণ করেন। গত ২৫ আগস্ট থেকে তিনি নিজ নির্বাচনী এলাকার ১৪টি ওয়ার্ডেও ইফতারসামগ্রী ও ঈদের কাপড় বিতরণের কাজ শুরু করেছেন। এ সম্পর্কে সংসদ সদস্য নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলীয় কার্যক্রমের মতোই ইফতার মাহফিল আলাদা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আমার শরীর বেশি ভালো নয়, তাই নিজ নির্বাচনী এলাকার মধ্যেই কার্যক্রম সীমিত রাখছি।’ এতে দলীয় সভাপতিসহ অন্যদের আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দাওয়াত দিইনি। দিলে হয় তো আসতেন। কিন্তু যে বিভক্তি তৈরি হয়েছে তা সবার আগে গোছাতে হবে।’ তিনি স্বীকার করেন, আলাদাভাবে যেকোনো কর্মসূচি দলীয় ঐক্যের পক্ষে সহায়ক নয়। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, মেয়র নির্বাচনে পরাজয়ের মতো বড় ধকল যাওয়ার পরও আমাদের মধ্যে ঐক্যের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ ধারাবাহিকতায় রমজান মাসের ইফতার কর্মসূচিও আলাদাভাবেই চলছে। তিনি বলেন, দলে যে বিভক্তি তৈরি হয়েছে তা সুরাহা করতে কেবল ইফতারের রাজনীতিই যথেষ্ট নয়। এজন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কঠোর হস্তক্ষেপ দরকার। গত ২১ আগস্ট নগরের এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি অলি আহমদ। এতে বক্তব্য দেন দলের সহসভাপতি এম ছলিম উল্লাহ, মো. নুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ গফুর, মহিউদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ গিয়াস উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ওয়াহেদ আজগর চৌধুরী। অলি আহমদ সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন, জনগণ এখনো মহাজোট নেত্রীর রাষ্ট্র পরিচালনার নতুন ধারার সুফল পাচ্ছেন না। স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেও যানজট সমস্যার সমাধান হয়নি। বিদ্যুৎ ও গ্যাসসংকট রয়েই গেছে। তিনি কয়লার মাধ্যমে বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা বলেন। রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ লোকজনের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান মন্ত্রিপরিষদ দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। বিভিন্ন দলের অভিজ্ঞ লোকজনকে সেখানে স্থান দিতে হবে। চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ অর্থের জোগান দেওয়া হয় চট্টগ্রাম থেকে। অথচ সে হিসেবে চট্টগ্রামের উন্নয়ন হয়নি। এমনকি এ ব্যাপারে রাষ্ট্রের উচ্চপর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো চট্টগ্রামের উপযুক্ত কোনো লোককেও ক্ষমতায় বসানো হয়নি।রমজান শুরুর আগেই মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ২২ হাজার পরিবারকে ইফতার ও সেহরিসামগ্রী বিতরণ করে। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।