ইফতেখার আহমেদ সেলুলয়েড ম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরার সামনে দাঁড়ানো বরাবরই রোমাঞ্চকর ইফতেখার আহমেদের কাছে। সবাই যাঁকে চেনে ফাহমি নামেই। ফাহমি পয়লাবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ছেলেবেলায়, পারিবারিক এক অনুষ্ঠানে। বেশ রোমাঞ্চকর ছিল সেই অভিজ্ঞতা। তবে টিভির পর্দায় যখন নিজেকে দেখলেন, লজ্জা লজ্জা লাগল খানিকটা। পুরোনো সেই অভিজ্ঞতার সঙ্গে এখনকার অভিজ্ঞতার ফারাক নেই একটুও। ক্যামেরার সামনের অভিজ্ঞতা যা-ই হোক, ক্যামেরার পেছনের অভিজ্ঞতাটা পুরোই উল্টো। ওই জায়গাটিতেই যে তাঁর ধ্যান-জ্ঞান, স্বপ্নের চাষবাস।ধ্যান-জ্ঞানের এই জায়গাটিতে দাঁড়ানোর পোকাটা মাথায় কুটকুট করতে শুরু করেছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে। একই পোকা ছিল নির্মাতা-সতীর্থ রেদওয়ান রনির মাথাতেও। ফাহমি ঠিক করে বলতে পারেন না, ঠিক কীভাবে তাঁর ও রনির মধ্যে শুরু হয়েছিল নাটক নির্মাণবিষয়ক কথাবার্তা। তবে বলতে পারেন, সেটা ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে পড়ার সময়ই। গল্পটা অনেকেরই জানা, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ভাই-বেরাদরদের’ দলে ভেড়ার জন্য তাঁদের সেকি সাধনা! অনেক কষ্টে-সৃষ্টে ফারুকীর মুঠোফোন নম্বর জোগাড়। অতঃপর কণ্ঠ ভারী করে বলা, ‘এই সরয়ার, আমি আমার ছোট দুই ভাইকে পাঠিয়ে দিচ্ছি। ওদের তুমি অবশ্যই নাটকের কাজে নিবা। বুঝছ?’মানুষ ফাহমির বিশ্বাসের জায়গা আর নির্মাতা ফাহমির বিশ্বাসের জায়গায় মিল খুঁজে পাই আমরা। তরুণ এই নির্মাতার বিশ্বাস—মানুষমাত্রই জাত অভিনেতা। বাস্তব জীবনে ফাহমি যেমন, ক্যামেরার সামনে-পেছনেও ঠিক তেমনই। অভিনয় বিষয়টিকে ঠিক আক্ষরিক অভিনয়ের গণ্ডিতে ফেলতে তাঁর বেজায় অনাগ্রহ। তাই তাঁর নাটকগুলো আমাদের নিত্যদিনের অতিচেনা ঘটনা হয়ে ওঠে। আমরা এই ঘটনাগুলো দেখে কখনো হাসি, কাঁদি, শিহরিত হই, হই রোমাঞ্চিত। স্বভাবতই ফাহমির আগ্রহের বিষয় এই চেনা ঘটনাবলিতেই। চেনা এসব ঘটনাবলি ফাহমি ঘটতে দেখছেন পরিবার এবং বন্ধুমহলে। তাই পরিবার ও বন্ধুমহলেই ফাহমির নাটক নির্মাণের মূল রসদ বিদ্যমান। এই রসদপূর্ণ নাটকগুলো তাই আমাদের কাছে নিছক নাটক থাকে না আর। বিনোদনের পাশাপাশি আমরা একদল তরুণের উচ্ছলতা দেখে সবুজ হই। পরিবারের টানাপোড়েন আমাদের নতুন করে ভাবায়। অথবা কোনো হাস্যরসাত্মক দৃশ্য দেখে আমরা কেবল আনন্দই পাই। নির্মাতা ফাহমি এর বেশি কিছু চান না। নিজেকে ভাগ্যবান মানেন, নিজের ভাবনাগুলো আর দশজনের সঙ্গে ভাগাভাগি করতে পারছেন বলে। সেই দৃষ্টিকোণ থেকে ফাহমিকে সফল না বলে উপায় কী? তার পরও নিজে আর সবার চেয়ে আলাদা কিছু করছেন—এমনটা ভাবেন না ফাহমি। আর সবার থেকে নিজেকে আলাদা ভাবেন অন্য প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা চিন্তাভাবনার। প্রতিটি মানুষের চিন্তার জগৎ আলাদা, তাই সবার কাজেই আছে ভিন্ন ভিন্ন স্বাদ। এর মাঝেওআমি হিমু হতে চাই, রিং কিংবা মুড়ির টিনের মতো নাটকগুলোকে নিজের সেরা কাজের তালিকায় রাখছেন এই নির্মাতা। কেবল এক পর্বের নাটকেই নয়, ফাহমি উতরে গেছেন ধারাবাহিকেও। বন্ধু রেদওয়ান রনির সঙ্গে করা হাউসফুল পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। তারপর ফিফটি-ফিফটিও ছিল দর্শকদের দারুণ আগ্রহের কেন্দ্রবিন্দুতে। খুব ভেবেচিন্তে নাটক নির্মাণে নামা ধাতে নেই ফাহমির। সেলুলয়েড ম্যান নামের ঈদের নাটকটির বেলায়ও ওই সূত্রটাই খেটেছিল। চিত্রধারণের কাজটাও করেছিলেন নিজেই। শেষতক সেই নাটকটি দিয়েই ফাহমি পেয়েছিলেন মেরিল-প্রথম আলো তারকা জরিপে চিত্রনাট্য বিভাগের সেরা সম্মাননা। এই যে জনপ্রিয়তা, একের পর এক সাফল্য, ফাহমির অদৃশ্য ডানাকে করেছে আরও শক্তিশালী। চলচ্চিত্রনির্মাতা হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় আছেন ফাহমি। টু বি কন্টিনিউড—চলছে এই ছবির কাজ। আমরা আছি নতুন একটা চমক প্রত্যক্ষ করার অপেক্ষায়। তুমুল আড্ডাবাজ ফাহমির কাজও চলে আড্ডায় আড্ডায়। সিনেমা, ঘুম পেলে কিছুই চাওয়ার নেই। দুর্বলতা আছে বাঁশি ও এসরাজে; ফাহমির নাটকের নিয়মিত দর্শক বিষয়টি খেয়াল করে থাকবেন। একটা সময় বাঁশি বাজানোর চেষ্টা করেছিলেন, শেষমেশ তাতে খুব বেশি সফল হননি ফাহমি। ফাহমি সফল ক্যামেরার পেছনে—এতেই আপাতত সন্তুষ্ট এই তরুণ।