ইফতেখারের অস্ট্রেলিয়া জয়!
বয়স কত হবে—বড়জোর ৩১। চোখে মোটা চশমা। হাসি হাসি মুখ। এর মধ্যে লুকিয়ে আছে দৃঢ়তা আর এগিয়ে যাওয়ার প্রচণ্ড স্পৃহা। তিনি প্রকৌশলী ইফতেখার উদ্দিন খান।
প্রকৌশলবিদ্যায় আরও পড়ার টানে দেশ ছেড়েছিলেন বছর চারেক আগে। বৃত্তি নিয়ে যন্ত্রকৌশলে স্নাতকোত্তর করতে ভর্তি হন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে। পড়ার ফাঁকে ওই বিশ্ববিদ্যালয়েই খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। কয়েক মাসের মধ্যেই শিক্ষার্থীদের মন জয় করেন তিনি। হয়ে ওঠেন তাঁদের প্রিয় শিক্ষক।
শিক্ষার্থীদের ভালোবাসার সেই স্বীকৃতিও পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের সেরা পাঁচ শিক্ষকের মধ্যে তিনি একজন। পেয়েছেন আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ‘বেস্ট টিচিং অ্যাওয়ার্ড ২০১৪’। বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ৩১৬ জন শিক্ষকের মধ্য থেকে সেরা হন তাঁরা। এতে ভোট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ার তিন ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাঘা বাঘা শিক্ষককে পেছেনে ফেলে বাংলাদেশি যুবকের হাতে সেরা শিক্ষকের স্বীকৃতি, কীভাবে হলো? আস্ট্রেলিয়া থেকে মুঠোফোনের অপর প্রান্তে ইফতেখারের জবাব, ‘সব সময় ভালো করার চিন্তা থাকে। সেটা পড়ালেখায় কিংবা কাজে। গত বছরও আমি সেরা ১০ জন শিক্ষকের তালিকায় ছিলাম। এবার পুরস্কার জিতলাম। খুব ভালো লাগছে।’
বর্তমানে আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের মেলবোর্ন সিটি ক্যাম্পাসে থার্মোডিনামিকস অ্যান্ড ফ্লুইড মেকানিকস বিষয়ের শিক্ষক হিসেবে আছেন ইফতেখার। এ ছাড়া তিনি নতুন সফটওয়্যারের মাধ্যমে নকশা করার বিভিন্ন বিষয় নিয়েও পাঠদান করেন। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও এগিয়ে ছিলেন অন্যদের চেয়ে। স্নাতকোত্তরে অর্জন করেন ‘অস্ট্রেলিয়ান পোস্ট গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। এরপর ‘প্রফেসর রবার্ট অ্যান্ড জোসেফিন শ্যাংক’ বৃত্তি নিয়ে পিএইচডি শুরু করেন। এ বৃত্তি প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মধ্যে একজনকেই দেওয়া হয়। ইফতেখার শিক্ষকতার পাশাপাশি কাজ করছেন খ্যাতনামা গবেষক অধ্যাপক গ্যারি রোজেনগার্টেনের গবেষণা দলে। সৌরশক্তি দিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নশীল দেশের মানুষকে বিদ্যুৎসুবিধা দিতে কাজ করছেন তাঁরা।
আগেও তিনটি বিষয় নিয়ে গবেষণা করেন ইফতেখার। এই তিনটি গবেষণার নিবন্ধ ছাপা হয় আন্তর্জাতিক জার্নালে। এর মধ্যে ২০১২ সালে এশিয়ার জার্নাল অব ওয়াটার এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন জার্নালে প্রকাশিত হয় সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প নিয়ে তাঁর গবেষণা নিবন্ধ। এতে তিনি জাহাজভাঙা শিল্পকে পরিবেশবান্ধব এবং দুর্ঘটনামুক্ত করার পথ বাতলে দেন। এ জন্য একটি নকশাও তৈরি করেন তিনি।
একই বছর জার্নাল অব সাসটেইনবল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট–এ প্রকাশিত হয় জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বিদ্যুৎ খাতে স্বল্পমেয়াদে কী প্রভাব পড়বে সে বিষয়ে নিবন্ধ। এ ছাড়া ২০১৩ সালে এ স্টার জার্নাল এনার্জি পলিসিতে ছাপা হয় জলবায়ু পরিবর্তনের ফলে আগামী ১০০ বছরে বাংলাদেশের বিদ্যুৎ খাত কী ধরনের পরিস্থিতি মোকাবিলা করবে এবং এর উত্তরণের পথ নিয়ে নিবন্ধ। প্রকাশিত হওয়ার বেশ নিবন্ধটি বেশ সাড়া ফেলে।
ইফতেখারের আগ্রহের কেন্দ্রবিন্দু বিদ্যুৎ খাত। এ নিয়ে তাঁর স্বপ্নও বহুদূর যাওয়ার। সেই স্বপ্নের কথা শুনুন তাঁর মুখেই, ‘আমরা উন্নয়নশীল দেশ। আমাদের উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে প্রথমেই দরকার শক্ত ভিতের বিদ্যুৎ খাত। কারণ, উৎপাদনের মূল চালিকা শক্তি বিদ্যুৎ। তাই বিদ্যুৎ খাত উন্নত করতে পারলে বাংলাদেশের এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পরবে না। আমার ইচ্ছা দেশে এসে বিদ্যুৎ খাতে কাজ করার। তবে সেই ধরনের সুযোগ তৈরির জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি উদ্যোগ।’
চট্টগ্রামের পাঁচলাইশের এম এ শাকুর ও বেগম ফিরোজা শাকুরের সন্তান ইফতেখার ২০০৬ সালে স্নাতকোত্তর করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। বছর দুয়েক কাজ করেন একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে। কিন্তু মন বসে না তাঁর। আরও পড়াশোনার জন্য ইন্টারনেটের মাধ্যমে চষে বেড়ান নামী সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। অবশেষে সন্ধান পান আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের।
দেশের জন্য মন টানে? প্রশ্ন করতেই যেন আবেগতাড়িত হলেন। বললেন, ‘দেশে আমার মা ও ভাইবোনেরা আছেন। তাঁদের কথা সব সময় মনে পড়ে। মা ৭৫ বছর বয়সেও আমার কাজ ও পড়ালেখার নিয়মিত খোঁজ নেন। আর এত দূর আসার পেছনে আছেন ভাইবোনেরা। তিন বছর বয়সে বাবা মারা যাওয়ার পর সেই অভাব কখনো বুঝতে দেননি তাঁরা। তাঁদের জন্য হলেও দেশে ফিরতে চাই।’
উচ্চশিক্ষা কিংবা গবেষণার জন্য বাংলাদেশি তরুণদের পথ দেখাতে চান ইফতেখার। তিনি বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তাঁদের মধ্যে রয়েছে প্রচুর সম্ভাবনা। আমি চাই তাঁদের সহযোগিতা করতে।’ ইফতেখারের সঙ্গে যোগাযোগের ঠিকানা :
[email protected]