খাগড়াছড়ির দীঘিনালায় পাসের হারের দিক থেকে প্রাথমিকের চেয়ে এগিয়ে আছে ইবতেদায়ির শিক্ষার্থীরা। এবার এ উপজেলায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ অন্যদিকে প্রাথমিকে পাসের হার ৯৫ শতাংশ। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১০৬টি বিদ্যালয়ের এক হাজার ৯২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৮২৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২ জন । ইবতেদায়িতে ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ৪৯ জনই পাস করেছে। তবে জিপিএ-৫ কেউ পায়নি। উপজেলার ১০৬টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে ৩৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরদিকে, বিষ্ণু কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়া চারজন শিক্ষার্থীর মধ্যে একজনও পাস করেনি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ বলেন, ‘সমাপনী পরীক্ষার ফল ভালো হয়েছে। আগামী বছর শতভাগ পাসের লক্ষ্য থাকবে।’ এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাত্তোমুনি চাকমা প্রথম হয়েছে। ইবতেদায়িতে প্রথম হয়েছে ছোট মেরুং আশরাফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ফাহমিদা সুলতানা।