ইবোলা বাতাসে ছড়ায় না
ইবোলা ভাইরাসের নামটি এসেছে কঙ্গো উপত্যকার ইবোলা নদী থেকে। বিশ্ব প্রথম এই ভাইরাসকে চিনেছিল ১৯৭৬ সালে, আফ্রিকার কঙ্গো ও সুদানে।
একধরনের আফ্রিকান বাদুড় এই ভাইরাস ছড়ায় বলে ধারণা করা হয়। আর আক্রান্ত ব্যক্তির রক্ত, লালা ও অন্য কিছু নিঃসরণের সংস্পর্শে এসে অন্যরা আক্রান্ত হন। ইবোলা একধরনের হেমোরেজিক ফিভার, অর্থাৎ জ্বর ও রক্তপাত হলো এর প্রধান লক্ষণ। প্রথমে সাধারণ জ্বর, খুসখুসে কাশি, মাথাব্যথা, পেশিব্যথা ও দুর্বলতা দেখা দেয়। সমস্যা জটিল হলে যকৃৎ ও কিডনি বিকল হতে পারে।
ইবোলার কোনো চিকিৎসা আবিষ্কৃত না হলেও এর ভালো দিক হলো যে এটি বাতাসে ছড়ায় না। তাই রোগীকে আলাদা রাখা ও রোগীর সংস্পর্শে সতর্কতা অবলম্বন করলে প্রকোপ এড়ানো সম্ভব। বিমানে বা বিমানবন্দরে আপনার পাশে বসে থাকা ইবোলায় আক্রান্ত কোনো রোগী আপনাকে চট করে আক্রান্ত করবে—এ ধারণা ভুল, যতক্ষণ না আপনি তাঁর বা তাঁর ব্যবহার্য বস্তুর সংস্পর্শে আসেন। তাই দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী ও স্বজনেরাই বেশি আক্রান্ত হচ্ছেন।
আক্রান্ত এলাকায় যেকোনো জ্বর-কাশির রোগীর সেবা করার সময় দস্তানা ও মাস্ক ব্যবহার, রোগীকে পুরোপুরি আলাদা রাখা, রোগীর সেবার পর ভালো করে হাত ধোয়া; শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের আলাদা রাখা জরুরি। যাঁরা ভ্রমণ করছেন বিমানে বা বিমানবন্দরে অনেক মানুষের সমাগমে, তাঁরা অবশ্যই সতর্ক থাকবেন। জ্বরে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের শরণাপন্ন হন।সূত্র: এবিসি হেলথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা|