ইভ টিজার

ভূমিকা: বাংলাদেশে কিছু পুরুষের কাছে ইভ টিজিং একটি পেশা। ইভ টিজাররা ঘরে–বাইরে এই কাজ করে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। মূলত দেখিবা মাত্র নারীকে কটূক্তি করা ও শারীরিকভাবে লাঞ্ছিত করাই তাদের দায়িত্ব। তারা বিশ্বাস করে যে ইভ টিজিং করা মানে পৌরুষের প্রকাশ। যদিও তাদের এই পেশার কথা তাদের মা, বোন, প্রেমিকা কিংবা স্ত্রীরা জানে না।
বর্ণনা: ইভ টিজারের মানুষের মতো দুটি হাত, দুটি পা, একটি মাথা, দুটি কান, একটি বিষাক্ত মুখ, দুটি কলুষিত চোখ ও একটি নোংরা মন আছে। ইভ টিজাররা দুই পা দিয়ে হেঁটে ইভ টিজিং করে। দুই হাত নেড়েচেড়ে নারীদের উত্ত৵ক্ত করে। বিষাক্ত মুখ দিয়ে অশ্লীল বাক্য প্রয়োগ করে। তবে তাদের দুই কানের শ্রবণক্ষমতা খুবই দুর্বল। এক গবেষণায় দেখা গেছে, নারীরা যখন ইভ টিজারদের ‘অসভ্য’, ‘পশু’ কিংবা ‘বেজন্মা’ বলে সম্বোধন করে, তারা সেগুলো শোনে না। বরং তাদের মুখ তখন আরও সচল হয়। ইভ টিজার হলো জগতের এমন একটা সৃষ্টি, যা পশু ও মানুষের সমন্বয়ে তৈরি। তাদের বাইরে মানুষ, ভেতরে পশু।
স্বভাব: স্বভাবগত দিক থেকে প্রত্যেক ইভ টিজারের স্বভাব আলাদা হতে পারে। তবে মূল স্বভাব সব ইভ টিজারের একই। তারা নারী দেখলেই কটূক্তি করে, সুযোগ পেলেই করে লাঞ্ছিত। নারীরা কটূক্তির জবাব দিলে তারা তাদের খারাপ মেয়ে হিসাবে দোষী সাব্যস্ত করে সমাজে নিজেকে সম্মানীয় হিসাবে পরিচিত করে তোলার চেষ্টা করে। একজন ইভ টিজার এবং একটি কুকুরের মধ্যে পার্থক্য হলো নারী কুকুর দেখলে পুরুষ কুকুর ঘেউ ঘেউ করে না, ইভ টিজাররা করে।
কর্মপদ্ধতি: ইভ টিজারদের নির্দিষ্ট কোনো কর্মপদ্ধতি নেই। তবে তাদের কাজের ধারা আছে। একজন ইভ টিজার ক্যারিয়ারের শুরুতে কেবল ইভ টিজিং করে। প্রথম প্রথম নারীদের কটূক্তি করার মধ্যে তার কাজ সীমাবদ্ধ থাকে। কিছুটা অভিজ্ঞ হয়ে উঠলে সে নারীদের গায়ে হাত দেয়। এরপর সুযোগ পেলে নারীদের শ্লীলতাহানি করে। এ জন্য কবির ভাষা খানিকটা বদলে দিয়ে বলতে হয়, ‘ঘুমিয়ে আছে সকল ধর্ষক সকল ইভ টিজারদের অন্তরে।’
প্রকারভেদ: ইভ টিজাররা নানা প্রকারের হতে পারে। তবে প্রধানত দুই ধরনের ইভ টিজার বাংলাদেশে দেখা যায়। এক. রাস্তাঘাটে নারীদের উত্ত্যক্তকারী; দুই. ঘরে বসে ইভ টিজারদের কৃতকর্মের সমর্থনকারী।
প্রথম ধরনের ইভ টিজাররা রাস্তাঘাটে, প্রকাশ্যে নারীদের উত্ত্যক্ত করে। দ্বিতীয় ধরনের ইভ টিজাররা নানান সভায়, আলোচনায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ইভ টিজারদের কুকর্মের পক্ষ নিয়ে দীর্ঘ বক্তৃতা দেয়। মূলত এরা সুযোগ এবং সাহসের অভাবে ইভ টিজার হতে পারেনি। তাই তারাও মানসিকভাবে একেকজন ইভ টিজার।
প্রিয় স্থান: যেসব স্থানে নারীদের যাতায়াত বেশি, যেসব স্থানই ইভ টিজারদেরও প্রিয় স্থান। সেসব স্থানেই তারা তাদের কুকর্ম করে। এর মধ্যে শপিং মল, গার্লস স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেকোনো উত্সবের স্থান ইত্যাদি তাদের বেশি প্রিয়।
ইভ টিজার চেনার উপায়: মানুষের মতো দেখতে হলেও ইভ টিজার চিনতে হলে ডারউইন হওয়ার প্রয়োজন নেই। ইভ টিজিং বিষয়ে কথা উঠলে তারা নানা কথা নানা বিশ্লেষণের একপর্যায়ে দাবি করবে, নারীদের খোলামেলা পোশাকই ইভ টিজিংয়ের জন্য দায়ী। এ ছাড়া তারা নারীকে বিভিন্ন রকম উপমা দিয়ে ইভ টিজিংয়ের অনুমোদন দাবি করবে। যেমন: ‘আম পাকলে ছেলেপেলে তো ঢিল মারবেই’, ‘খাবার খোলা থাকলে মাছি তো বসবেই’ ইত্যাদি ধরনের কথা যে বলবে, বুঝে নিতে হবে সে একজন মানসিক ইভ টিজার।
উপসংহার: ইভ টিজাররা তাদের কাজের বেলায় স্বজনপ্রীতি করে না। ইভ টিজিংয়ের মতো পেশায় নিজেকে নিয়োজিত করে তারা ভুলে যায়, তারাও একজন নারীর সন্তান, একজন নারীর ভাই, একজন নারীর প্রেমিক কিংবা স্বামী। যোদ্ধারা যেভাবে যুদ্ধের মাঠে মা, বোন, স্ত্রীকে ভুলে যায়, সেভাবে তারাও ভুলে যায় নিজেদের মা, বোন, স্ত্রীর কথা। তাই ইভ টিজারদের কাছে ইভ টিজিং একটা যুদ্ধের মতো। অন্য দিকে ধরা পড়া ইভ টিজার সাধারণ মানুষের কাছে যুদ্ধাপরাধীদের মতো নিকৃষ্ট, দেখলে গাল ভরে থুতু দেয়, জানায় ধিক্কার। তবে প্রশাসন ও সাধারণ জনগণ সোচ্চার না হলে এই পেশাজীবীদের দৌরাত্ম্য বাড়তেই থাকবে।