মো. রুবেল, গাজীপুর থেকে ফিরেইছ-নি-সান-সি-গো-রুখ... স্কুল চত্বরে পা রাখার আগেই শব্দগুলো কানে আসছিল। যতই এগিয়ে যাই শব্দগুলো ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। শব্দের অর্থ হাতড়ে বেড়াই, পাই না। বিশাল মাঠের চারপাশে উঁচু ভবন। ভবনগুলোর দেয়ালে দেয়ালে শব্দগুলো প্রতিধ্বনিত হয়। যাঁর মুখ দিয়ে শব্দ বের হচ্ছে তাঁর পেছনে একদল কিশোরী। সারবদ্ধ দাঁড়ানো। প্রতিটি সারিতে ৮-১০ জন শিক্ষার্থী। দূর থেকে মনে হয় শরীরচর্চার কোনো ক্লাস চলছে। কিন্তু ভুল ভাঙল কাছাকাছি এগিয়ে যাওয়ার পর। সবার পরনেই একই রঙের পোশাক। সাদা। কোমরে লাল ও হলুদ বন্ধনী। দেখে সহজেই বোঝা যাবে, এটা মোটেও স্কুলের পোশাক নয়। চলছে পুরোদস্তুর কারাতে প্রশিক্ষণ। শব্দগুলোর তালে তালে শারীরিক কসরত করছে তারা। কখনো মাথা থেকেও উঁচুতে উঠে যাচ্ছে পা। কখনো এক পা সামনে এগিয়ে ডান পাশের শূন্যে যেন আঘাত করছে কাউকে। দেখে মনে হতে পারে একটু পরেই হয়তো বড় ধরনের লড়াইয়ে নামবে তারা। তারই মহড়া করছে সবাই। আসলে লড়াই-ই। হয়তো আনুষ্ঠানিক কোনো লড়াই নয়, কিন্তু বেঁচে থাকার যুদ্ধ করার জন্য অস্ত্র হিসেবে শিখছে কারাতে বা মার্শাল আর্ট। গাজীপুর সদরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নিয়মিত দৃশ্য এটি। কারণ এই স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে কারাতে প্রশিক্ষণ। আমরা যারা এত দিন টিভি বা সিনেমার পর্দায় দেখেছি মেয়েদের কারাতে লড়াই, তারা একবারের জন্য ঘুরে যেতে পারি গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে। প্রতি সপ্তাহে নিয়ম করে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। বলে রাখা ভালো, কারাতের ভাষা হিসেবে শুরুর জাপানি শব্দগুলো ব্যবহার করা হয়। আত্মরক্ষা এবং শত্রুকে ঘায়েল করার এ শিক্ষার জন্মই তো জাপানে। আমি পারব!‘আগে রাস্তায় বের হলেই ভয় ভয় লাগত। নিজেকে মাঝেমধ্যে অসহায় মনে হতো। এখন আর তা হয় না। মাত্র চার দিন কারাতের ক্লাস করেছি। মনে হচ্ছে, এখন আর কোনো সমস্যাই আমাকে আটকে রাখতে পারবে না।’ বলছিল সৈয়দা সানজাদা আহসান। নবম শ্রেণীর এ শিক্ষার্থীর চোখেমুখে এখন আত্মপ্রত্যয়ের ঝিলিক। ঠিকরে বের হচ্ছে যেন আগুনের ফুলকি। বের হবেই-বা না কেন! এরাই তো আকাশে তালুবন্দী ঘুষি ছেড়ে দিয়ে জানান দেয় আমি আর অসহায় নই। অদৃশ্য কোমর বরাবর লাথি মেরে বলে এখন আর লুকিয়ে বাঁচা নয়! সময় এখন প্রতিরোধের। লাঞ্ছনাকারীর সামনে শক্ত হাতে ঠিক ঠিক দাঁড়ানোর সময় এখনই। সানজানার সঙ্গে কণ্ঠ মেলাল একই শ্রেণীর তাসনিম জাহান ও সপ্তম শ্রেণীর রিদিমা আহমেদ। বলল, ‘আমাদের রক্ষা করার একটা জিনিস শিখতে পেরে অনেক আনন্দ লাগছে।’ ধন্যবাদ জানাল প্রধান শিক্ষক থেকে শুরু করে সবাইকে। নবম শ্রেণীর শিক্ষার্থী কিফায়েত কবীর বলল, ‘আমাদের আগে আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে। প্রশিক্ষণ নেওয়ার শুরু থেকে মনে হচ্ছে বাইরে চলাফেরা করতে এখন আর কোনো সমস্যা হবে না। প্রশিক্ষণ ছাড়াও আমরা বাড়িতে অনুশীলন করি। তাই আমার মনে হয় আমি পারবই।’ শুরু হলো পাইলট প্রকল্প‘মেয়েরা রাস্তায় বের হলেই নানা ধরনের হয়রানির শিকার হয়। সংবাদপত্রে আরও ভয়ংকর সব ঘটনা দেখি। সম্প্রতি কিছু ঘটনা আমরা দেখেছি। যদি কারাতে প্রশিক্ষণ নেওয়া থাকত, তাহলে নিজেকে কিছু সময়ের জন্য হলেও আত্মরক্ষা করতে পারত। তারপর হয়তো আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করত। ওই সময়টুকুই-বা কম কী। আর যখন ইভ টিজাররা জানবে কোনো মেয়ে কারাতে জানে তখন তো ধারেকাছে ভিড়বে না। তাই আমি মনে করি, একটা মেয়ের জন্য কিশোর বয়স থেকেই কারাতে প্রশিক্ষণ নেওয়া জরুরি।’ বলছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও উন্নয়ন) শাহনওয়াজ দিলরুবা খান। তিনিই প্রথম মেয়েদের আত্মরক্ষার জন্য কারাতের বিষয়টি চিন্তা করেন। তারপর তিনি কথা বলেন গাজীপুর জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি মার্শাল শাহ্জাদার সঙ্গে। তিনিও রাজি হয়ে যান। শুরু হয়ে যায় প্রশিক্ষণ দেওয়ার কর্মযজ্ঞ। এখন নিয়ম করে সপ্তাহের শুক্রবার জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আসেন প্রশিক্ষণ নিতে। মার্শাল শাহ্জাদাই প্রধান প্রশিক্ষক। তাঁর সহযোগী প্রশিক্ষক শাহনাজ ফাতেমা ও নোভানা আক্তার। শাহ্জাদা জানান, ছয় মাস মেয়াদি এটি একটি পাইলট প্রকল্প। ক্রমান্বয়ে গাজীপুরের সব বালিকা বিদ্যালয় এবং মহিলা কলেজে কারাতে প্রশিক্ষণ প্রকল্প শুরু হবে। কারাতে প্রশিক্ষণ প্রকল্পে সহযোগিতা করছে গাজীপুর জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা সংস্থা, পিএসটিএন ও কয়েকটি বেসরকারি সংস্থা।সঙ্গে আছেন অভিভাবকেরাও প্রকল্প শুরুর আগে ধারণা করা হয়েছিল হয়তো অভিভাবকেরা সম্মতি দেবেন না। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি। অসংখ্য অভিভাবক ও শিক্ষার্থী কারাতে প্রশিক্ষণের ব্যাপারটি ইতিবাচক হিসেবে দেখছে। জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ‘প্রতিটি শ্রেণীতে ঘোষণা দেওয়ার পরপরই মেয়েরা আগ্রহী হয়ে ওঠে। তারা অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে নিয়ম করে প্রশিক্ষণ নিতে আসে। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। ধীরে ধীরে সংখ্যা আরও বাড়বে।’কী শিখছে তারা?জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন মার্শাল শাহ্জাদা। তিনি ব্ল্যাকবেল্ট চতুর্থ ড্যান র্যংক সম্পন্ন করেছেন। ১৯৮৩ সাল থেকে তিনি কারাতের সঙ্গে আছেন। তিনি বলেন, ‘মেয়েদের আগে আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে। যাতে কোনো সমস্যায় পড়লে সবার আগে নিজেকে নিরাপদ রাখতে পারে। আমি আশাবাদী, মেয়েদের জন্য এটি বেশ কাজে আসবে।’