ইভ টিজিং প্রতিরোধে পটিয়া বন্ধুসভার মানববন্ধন
ইভ টিজিংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার দাবিতে প্রথম আলো পটিয়া বন্ধুসভা পটিয়া থানার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সম্প্রতি আয়োজিত মানববন্ধনে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় ও পটিয়া সরকারি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, বন্ধুসভার উপদেষ্টা হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, প্রথম আলো প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা দিল মোহাম্মদ, বন্ধুসভার সভাপতি সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ফারুক প্রমুখ। বক্তারা বলেন, সম্মিলিত সামাজিক প্রতিরোধই পারে ইভ টিজিং বন্ধ করতে। এই জন্য সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে।