মোস্তফিজুর রহমান কলেজে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ইভ টিজিং প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বলেছেন, ‘ইভ টিজিং জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। হাটবাজার থেকে শুরু করে রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান সব জায়গায় ইভ টিজিংয়ের মতো নোংরা ঘটনা ঘটছে। এর প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’ তিনি এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ দিকনির্দেশনার পাশাপাশি ক্যাম্পাসের বাইরেও গণসচেতনতা সৃষ্টির ওপর জোর দেন। আবু জাফর চৌধুরী ১ আগস্ট লোহাগাড়া মোস্তফিজুর রহমান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফিক উদ্দিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. মফিজুর রহমান। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন, অধ্যাপক বাদল কিশোর, শুক্লা দাশ, প্রধান শিক্ষক নারায়ণ কান্তি দাশ, শিক্ষার্থী মো. ফারুখ, মইন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক শোভন চৌধুরী।