একসময় পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসার পথে ইভ টিজিংয়ের শিকার হতো ছাত্রীরা। নানা বাধাবিপত্তির মধ্যে দিয়ে পড়ালেখা চালাতে হতো তাদের। ছিল বাল্যবিবাহের খড়্গও। সচেতনতা ও আত্মবিশ্বাস অর্জনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা এখন নিজেরাই এই অবস্থার অনেকটা পরিবর্তন ঘটিয়েছে।
বাধা জয় করে জীবনের লক্ষ্যে পৌঁছাতে তাদের সাহায্যে এগিয়ে এসেছে ‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ নামের একটি প্রকল্প। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এই প্রকল্পটি পরিচালনা করছে তিন বছর ধরে।
পটিয়া উপজেলার নয়টি, চট্টগ্রাম নগরে সিটি করপোরেশন পরিচালিত পাঁচটি এবং সন্দ্বীপ উপজেলায় ছয়টি বিদ্যালয়সহ বাংলাদেশের অন্যান্য জেলায় মোট ৮০টি বিদ্যালয়ে চলছে এ কার্যক্রম। এই প্রকল্পের অধীনে প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করার কাজটি করা হয়। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা এখন নিজেরাই প্রতিবাদ করতে শিখেছে। ২০১৪ সালে পটিয়া পৌর সদরের ছবুর রোডে খলিলুর রহমান উচ্চবিদ্যালয় ও আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১২ ছাত্রী এক বখাটেকে জুতাপেটা করে নিয়ে যায় পটিয়া থানায়। তারপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বখাটেকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনা পটিয়ায় ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। তারপর থেকে ইভটিজারদের উৎপাত অনেকটা কমেছে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
পটিয়ার ভেল্লাপাড়া সৈয়দ আবদুন নূর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলে, ‘প্রতিবেশী তিনজন ছাত্রীকে এসএসসি পাসের পর বিয়ে দিতে চেয়েছিল তাদের পরিবার। এ ব্যাপারে আমার মায়ের কাছে তারা পরামর্শের জন্য আসে। তখন আমি আর মা একসঙ্গে তাদের বলি ১৮ বছর বয়সের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইনত অপরাধ। ওই মেয়েরা এখন পড়ছে।
জান্নাতুলের সহপাঠী মিজানুর রহমান জানায়, আগে ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে গেলে বা পরস্পর কথা বললে তা ‘নেতিবাচক’ দৃষ্টিতে দেখা হতো। এখন পরিস্থিতি বদলে গেছে। সবাই একসঙ্গে স্কুলে যায়। কেউ সহপাঠীদের উত্ত্যক্ত করলে সবাই মিলে প্রতিবাদ করে।
এখন পটিয়ার অনেক ছাত্রী আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতেও শিখছে বলে জানান খলিলুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিকী।
বিএনপিএসর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পটিয়ার পৌর মেয়র অধ্যাপক মো. হারুনুর রশিদ বলেন, ‘এটা ভালো উদ্যোগ। শিক্ষার্থী ও অভিভাবকেরা অনেক সচেতন হয়েছে। নারী নিরাপত্তার প্রধান হাতিয়ার ব্যক্তিত্ব। তাদের ব্যক্তিত্ব গঠনেও এই প্রকল্প ভূমিকা রাখছে। মেয়েরা আত্মনির্ভরশীল হয়ে উঠছে।’