>

জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন। তাঁর ছোট মেয়ে শুভেচ্ছা হক, এখন বিবিএ পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। আজ থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের গল্প।
১. প্রিয় রং কোনটি?
মিলন: আকাশি ও সাদা।
মেয়ে: বেগুনি রং আমার খুব প্রিয়।
২. কোন শিল্পীর গান ভালো লাগে?
মিলন: একজন শিল্পীর কথা বলতে হলে বলব রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া ভালো লাগে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের গান।
মেয়ে: রেজওয়ানা চৌধুরী বন্যা, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর ও শ্রীকান্ত আচার্যের গান।
৩. প্রিয় বই কোনটি?
মিলন: প্রিয় বইয়ের তালিকা দীর্ঘ। তবে এর মধ্যে একটি বইয়ের কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবির কথা। এ ছাড়া অন্য দুই বন্দ্যোপাধ্যায়ের বই—মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীও আমার খুব প্রিয়।
মেয়ে: একটি বইয়ের কথা বললে বলব বাবা ইমদাদুল হক মিলনের নূরজাহান উপন্যাসের কথা। তারপর যদি তালিকা দেওয়ার সুযোগ থাকে, সেখানে থাকবে বাবার আরেকটি বই লিলিয়ান উপাখ্যান। এরপর হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের বই, সত্যজিৎ রায়ের শঙ্কুসমগ্র এবং পাওলো কোয়েলোর দ্য আলকেমিস্ট আমার প্রিয় বই।
৪. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...
মিলন: সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী।
মেয়ে: কয়েকটি সিনেমা দেখতে ইচ্ছে করে বারবার—টাইটানিক, আ বিউটিফুল মাইন্ড, মি বিফোর ইউ ও আ ওয়াক টু রিমেম্বার।
৫. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
মিলন: বিক্রমপুরের নিভৃত গ্রামগুলোতে। এ ছাড়া ইতালির ফ্লোরেন্স শহরের নিভৃত অঞ্চলে ঘুরতে ভালো লাগে। মনে আছে, একটানা চার দিন আমি হেঁটেছিলাম ফ্লোরেন্সের নিভৃত গ্রামে। সে সময় বিক্রমপুরের নিভৃত গ্রামের সঙ্গে ফ্লোরেন্সের গ্রামের বেশ মিল খুঁজে পেয়েছি।
মেয়ে: দেশের বাইরে আমি যাইনি। দেশের মধ্যে ভালো লাগে বিক্রমপুর। বিশেষভাবে বললে বিক্রমপুরের মেদেনীমণ্ডল।
৬. প্রিয় খাবার?
মিলন: খিদে পেলে যেকোনো খাবারই খেতে পারি। আদতে খাবারের ব্যাপারে আমি পুরোমাত্রায় বাঙালি—সাদা ভাত, কই মাছ, সবজি ও ডাল আমার প্রিয়।
মেয়ে: বাবার মতো আমার ঝোঁকও বাঙালি খাবারের দিকে। পছন্দের খাবার হলো সাদা ভাত, আলুভর্তা, সঙ্গে থাকবে ঘি। এ ছাড়া ঘন ডাল আর ডিমভাজিও আমার প্রিয়।
৭. রেগে গেলে কী করেন?
মিলন: কিছুই করি না, প্রাণপণে চুপচাপ থাকার চেষ্টা করি—চুপ করে থাকি।
মেয়ে: চুপ করে গান শুনি।
৮. পরস্পরের কোন বিষয়টি পছন্দ-অপছন্দ?
মিলন: শুভেচ্ছার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি প্রখর। বাবা হিসেবে মেয়ের এ ব্যাপারটি আমার খুব ভালো লাগে। তবে ও যখন যে কাজটি করে, তখন সেই কাজের এত গভীরে চলে যায় যে আশপাশের সবকিছু ভুলে যায়। যেমন পড়ালেখার সময় নাওয়াখাওয়া এবং ঘুমের কথাও ভুলে যায়। এ বিষয়গুলো বদলাতে পারলে ভালো।
মেয়ে: বাবার যে বিষয়টি ভালো লাগে সেটি হলো, তিনি কেবল বাবা নন, আমার বন্ধুও। যেকোনো বিষয়, এমনকি মায়ের কাছেও যা বলতে পারি না, বাবার কাছে মন খুলে তা বলতে পারি। এটি আমার জন্য খুবই সুখকর। আর অপছন্দের বিষয়? সেটি আর কিছুই নয়, বাবার রাগ।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ