ইমরুলের অগ্রযাত্রা
যে রাঁধে সে চুলও বাঁধে। যুগে যুগে এই প্রবাদবাক্যকে যাঁরা বাস্তবরূপ দিয়েছেন তাঁদের তালিকায় বোধ করি ইমরুল হাসানের নাম যুক্ত করাই যায়। ইমরুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালের (ফল প্রকাশিত হয় ২০১০ সালে) সম্মান চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন এবং স্নাতকোত্তরে হয়েছেন প্রথম শ্রেণীতে দ্বিতীয়। এটি তাঁর রান্নার নৈপুণ্যের গল্প। আর চুল বাঁধার গল্প? তিনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, টেবিল টেনিস খেলেন, আবৃত্তি করেন, নাচ শেখেন, গানের চর্চা করেন, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় অংশ নেন এবং বন্ধুসভার সদস্য হয়ে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজও করেন নিবেদিতপ্রাণ হয়ে। এমনকি কলেজ জীবনে ছিলেন বিএনসিসির ক্যাডার। এই দীর্ঘ তালিকাই প্রমাণ করছে ইমরুলের ‘চুল বাঁধা’ গল্পের সত্যতা। তাঁর এই বহুমুখী প্রতিভা জীবনে স্বীকৃতিও এনে দিয়েছে বহুবার। ‘২০০৮, ২০০৯ ও ২০১০—টানা তিন বছরই আন্তহল টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিলাম আমি। আর ২০১০ সালের আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রানারআপ দলের অধিনায়ক ছিলাম। এ ছাড়া নাচ, গান, আবৃত্তি ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় বিভিন্ন সময় পেয়েছি পুরস্কার।’ বলছিলেন ইমরুল।ইমরুলের জন্ম বগুড়া জেলার হলদিবাড়ী গ্রামে। বাবা কৃষিজীবী, মা গৃহিণী। এক ভাই, এক বোনের মাঝে তিনিই অগ্রজ। শৈশবে দুষ্টুমি আর দুরন্তপনায় তাঁর খ্যাতি ছিল গ্রামজোড়া। ইচ্ছে ছিল খেলোয়াড় হওয়ার। চেয়েছিলেন বিকেএসপিতে ভর্তি হতে। কিন্তু পরিবার থেকে অনুমতি মেলেনি। তাই চিরাচরিত পথ ধরেই মাধ্যমিকের সনদ নিয়েছেন ছনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। আর স্নাতক ও স্নাতকোত্তর, আগেই জেনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।ইমরুলের এমন বহুমাত্রিক সাফল্যকে বন্ধুরা প্রায়ই ‘ঈশ্বর প্রদত্ত’ বলে আখ্যায়িত করেন। কিন্তু ইমরুল বলেন, ‘ঈশ্বর প্রদত্ত কি না জানি না। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করি। আর বিশ্বাস করি, পরিশ্রমের ওপরই নির্ভর করে সাফল্য।’তাই এখনো পরিশ্রম করে যাচ্ছেন অব্যাহতভাবে। সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন আইসিডিডিআরবির পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্স ডিভিশনে। স্বপ্ন দেখেন, সুদূর ভবিষ্যতে নৃবিজ্ঞানের একজন দক্ষ গবেষক হবেন। কিন্তু অদূর ভবিষ্যতে? ‘শিক্ষক। কারণ, শিক্ষকতা আমার গবেষণার পথকে মসৃণ করবে বলেই বিশ্বাস করি।’