ইমরুলের ক্রিকেট একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠেকে শিখেছেন ইমরুল কায়েস। মনে ছিল স্বপ্ন। খেলতে চান, অথচ প্রশিক্ষণ নেওয়ার জায়গা কোথায়? মেহেরপুরে ছোট্ট শহর। সেখানে ক্রিকেটের সুযোগ-সুবিধা কি আর পাওয়া যায়? তাই বারবার ছুটে যেতে হতো রাজশাহীতে।জাতীয় দলে সুযোগ মেলার পর নিজের স্বপ্নটাকে নিয়েই এগোতে চাইলেন ইমরুল। মেহেরপুরে গড়ে তুললেন এক ক্রিকেট একাডেমি। নিজের ডাক নাম সাগর, তাই একাডেমীর নাম ‘সাগর ক্রিকেট একাডেমি’। এখানকার তরুণ ক্রিকেটাররা যেন সুযোগের অভাবে ঝরে না যায়, তার বন্দোবস্ত করার কাজটি করলেন।এখন মেহেরপুরের সাগর ক্রিকেট একাডেমিতে ৩০ জন তরুণ ক্রিকেটার নিয়মিত অনুশীলনের সুযোগ পাচ্ছে। এই একাডেমির প্রশিক্ষণার্থীদের জার্সি, ব্যাট, বল সরবরাহসহ একাডেমির পুরো ব্যয় বহন করেন ইমরুল কায়েস। একাডেমির তরুণ ক্রিকেটাররা শুরু থেকেই আন্তর্জাতিক মানের ব্যাট-বল হাতে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। ইমরুলের স্বপ্ন, অচিরেই এই একাডেমির প্রশিক্ষিত ক্রিকেটাররা ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে দলগতভাবে খেলবে।সাগর জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার কিছুদিন পরই সে এলাকায় এসে একটি ক্রিকেট একাডেমি গড়ার ইচ্ছা প্রকাশ করেন। আমন্ত্রণ জানানো হয় জেলার ক্রিকেট ও ক্রীড়া অনুরাগীদের। আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালের ৩১ অক্টোবর জন্ম নেয় এই একাডেমি। ঢাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচ কাজী এমদাদুল বাশার সেদিন উপস্থিত থেকে এই একাডেমির উদ্বোধন করেন। ছুটিতে এলাকায় এলেই সাগর এই একাডেমিতে নিজেই প্রশিক্ষণ দেন। তাঁর অনুপস্থিতিতে এলাকার সাবেক ক্রিকেটার মনিরুজ্জামান মাঞ্জা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে এই একাডেমির ছেলেদের প্রশিক্ষণ দেন। প্রতিদিন সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে এই প্রশিক্ষণ চলে। ১৮ মার্চ সরেজমিনে এই প্রশিক্ষণ দেখতে মাঠে গিয়ে দেখা যায়, একাডেমির তরুণেরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের নানা কৌশল রপ্ত করছে। এখানে প্রত্যেকের উপস্থিতি বাধ্যতামূলক। কেউ অনুপস্থিত থাকলে তাকে ছুটি নিতে হয়। কড়া নিয়ম ও শৃঙ্খলার মধ্যে পরিচালিত হচ্ছে এই একাডেমির কার্যক্রম।এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি নাহিয়ান ইসলাম, মোহাম্মদ সুজন, রাজু আহমেদ বিকেএসপির প্রশিক্ষণও শেষ করেছে। সাইফুল ইসলাম ঢাকা প্রথম বিভাগে খেলার সুযোগ পেয়েছে। আশিকুর রহমান এবার খুলনা বিভাগীয় দলে খেলেছেন। তারা দলগতভাবে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশ নেওয়ার জন্য এখন জোর প্রস্তুতি নিচ্ছে। একাডেমির বর্তমান কোচ মনিরুজ্জামান মাঞ্জা জানান, ‘প্রতিবছর এখান থেকে ১০ জন সাগর সমতুল্য (ইমরুল কায়েস) খেলোয়াড় বানানো তাঁদের লক্ষ্য।একাডেমির ছাত্র ছট্টু রানা গর্ব করে বলল, ইমরুল তার উজলপুর গ্রামের বড় ভাই। একসময় তাকে নিয়ে গ্রামের বিভিন্ন মাঠে বল ছুড়তে বলতেন। আর তিনি ব্যাট করতেন। সেই ইমরুল এখন জাতীয় দলের খেলোয়াড়। আর তাঁর গড়া একাডেমির একজন প্রশিক্ষণার্থী সে। মোহাম্মদ মুমেন তাজ বলল, তারা যে বল দিয়ে প্রশিক্ষণ নেয়, যে ব্যাট তারা ব্যবহার করে, সবই আন্তর্জাতিক মানের। এ সবকিছুই সরবরাহ করেন ইমরুল।বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তিনি সবাইকে টিপস দিয়ে গেছেন। এই সুযোগ দেশের অধিকাংশ খুদে ক্রিকেটারের ভাগ্যে জোটে না। তাই সাগর তাদের কাছে খুবই প্রিয়। নাজমুল হোসেন ও আশিকুর রহমান জানায়, সাগর ভাই (ইমরুল কায়েস) তাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেন। বোলিং ও ব্যাটিং কৌশলের পাশাপাশি ভালো ফিল্ডিং প্রশিক্ষণের ওপর জোর দিতে বলেন।নাহিয়ান ইসলাম জানিয়ে দিলেন, এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে তারা গতবার মেহেরপুর জেলা ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে। তারা সাগরের স্বপ্ন পূরণের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলে, সাগর ভাই যেমন তাদের নিয়ে স্বপ্ন দেখেন, তারাও সেই স্বপ্ন পূরণে সর্বশক্তি ও একাগ্রতা দিয়ে অনুশীলন চালিয়ে যাবে।মনের টানেই ছেলের গড়া এই একাডেমির প্রশিক্ষণ স্বচক্ষে দেখতে প্রতিদিন আট কিলোমিটার দূর উজলপুর গ্রাম থেকে মেহেরপুর শহরের এই মাঠে ছুটে আসেন ইমরুলের বাবা বনি আমিন বিশ্বাস। তিনি বলেন, ‘ইমরুল আমার একমাত্র ছেলে ছিল। তাকে দেশের জন্য উৎসর্গ করেছি। এখন এরাই আমার ছেলে।’মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ আবলু বলেন, ‘ইমরুল আমাদের বিবেক বোধকে নাড়া দিয়েছে। এলাকার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সবাইকে মুগ্ধ করেছে। তার গড়া ক্রিকেট একাডেমি এখন জেলার প্রসংশিত একটি প্রতিষ্ঠান। তিনি মেহেরপুরের ক্রিকেট অঙ্গনকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চান। তাই ইমরুলের সব কাজে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।’