ইমাম পরিবারে আগাম ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম থেকে একটু আগেভাগেই উঠেছে আবিদ। বিদ্যালয়েও গেছে। তবে মন বসেনি। অদ্ভুত এক আনন্দ তার মন-প্রাণে। বিদ্যালয় ছুটির সঙ্গে সঙ্গেই বাসার পথে। বড় বোন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তানজিলাও সময় নষ্ট না করে ফিরেছে বাসায়। তারপর অপেক্ষা। সন্ধ্যা হতে না হতেই এ দুই শিশুর মতো বাসার সবাই উত্তেজনায় টগবগ করছেন। কখন আসবেন তিনি, কখন আসবেন? তিনি কারও বাবা, কারও বা স্বামী, খালু কিংবা শ্বশুর। রোববার রাত সোয়া আটটার দিকে তিনি এলেন। মো. ইমাম উদ্দিন (৫৫), আফগানিস্তানে তালেবান মুজাহিদদের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে আবার স্বজনদের আলিঙ্গনে আবদ্ধ হলেন। নগরের অক্সিজেন মোড়ের আলম ম্যানশনের তৃতীয় তলার বাসাটিতে ততক্ষণে গিজগিজ করছে লোকজন। বাবার ফিরে আসার খবরে আগেই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছেন বড় মেয়ে সেলিনা আক্তার। এসেছেন ইমামের শাশুড়ি। এমনি আরও অনেক। এত দিনের উদ্বেগ-উৎকণ্ঠা আজ আনন্দাশ্রু হয়ে ঝরছে। এত স্বজনের উপস্থিতিতে উৎসবের আমেজ বাড়ির চার দেয়ালে। যেন ঈদের আগেই ঈদ আনন্দ। ইমাম উদ্দিনের ছোট ছেলে আবিদ হোসেন বলেই ফেললেন, ‘যেদিন শুনলাম আব্বুকে ওরা ছেড়ে দিয়েছে, তখন থেকে অপেক্ষা করছিলাম। আজ তাই খুব খুশি লাগছে।’ততক্ষণে আবিদ ও তার বোন তানজিলা প্রিয় বাবা ইমাম উদ্দিনের বাহুডোরে আবদ্ধ। শাশুড়ি ছকিনা বেগম তো ইমামকে জড়িয়ে কাঁদলেন অঝোরে। খুশির কান্না। আর স্ত্রী জাহানারা বেগম প্রিয় স্বামীকে এক নজর দেখেই ব্যস্ত হয়ে পড়লেন রান্নাবান্নায়। ভালো কিছু তো খাওয়াতে হবে। বন্দিশিবিরে ইমাম উদ্দিনসহ পাঁচ বাংলাদেশি যে রুটি আর সামান্য ভাত খেয়ে পার করেছেন সাত মাস ১৫ দিন। এত দিন পর স্বজনদের কাছে পেয়ে ইমাম উদ্দিনও আত্মহারা। সাংবাদিকদের সামনে ইমাম তুলে ধরেন তাঁর বন্দিদশার সেই দুঃসহ দিনগুলোর কথা। তিন মেয়ে ও দুই ছেলের জনক ইমাম উদ্দিন আফগানিস্তানে কোরিয়ান একটি অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠানে অপারেটর হিসেবে ২০০৫ সাল থেকে চাকরি করছেন। তাঁরা সেখানে সড়ক নির্মাণের কাজ করেন। ১২ থেকে ১৪ মাস পর পর তিনি দেশে আসেন। দীর্ঘদিন প্রবাসে চাকরিতে কোনো সমস্যা হয়নি। কিন্তু গত ১৭ ডিসেম্বর ইমামসহ সাত বাংলাদেশিকে তাঁদের কর্মস্থলের পাশের ক্যাম্প থেকে ধরে নিয়ে যায়। পরে পথে দুজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ইমাম উদ্দিনসহ পাঁচজনকে নিয়ে যাওয়া হয় এক রাত পাহাড়ি পথ হাঁটিয়ে দুর্গম এক গ্রামে। একটি ছোট্ট কক্ষে পাঁচজনকে রাখা হয় ৫২ দিন।এরপর সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় আরেকটি স্থানে। এভাবে এক কাপড়ে দীর্ঘদিন। কখনো গাধার সঙ্গে, কখনো গরু-ছাগলের সঙ্গেও রাখা হয়েছিল ইমাম উদ্দিনদের। ‘একসময় মনে হচ্ছিল আমাদের মেরে ফেলবে। পরে মাসখানেক যাওয়ার পর আমাদের তারা বলল, তোমাদের মারব না। ছেড়ে দেব। তবে কত দিনে ছাড়বে, তা বলেনি। তার পরও তাদের কথা বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনো দিন হয়তো আমাদের মেরেই ফেলবে।’তবে বন্দিশিবিরে তাদের ওপর কোনো নির্যাতন চলেনি। চলেছে মানসিক নির্যাতন। অজানা আশঙ্কায় বদ্ধ ঘরে থাকতে থাকতে একসময় পাঁচজনই জ্বর, পেট, মাথাব্যথাসহ নানা রোগে আক্রান্ত হন বলে জানান ইমাম। এভাবে সাত মাস ১৫ দিন পর গত ২ আগস্ট প্রথম রোজার দিন মুক্তির দিন এল। মুক্তি পেয়েই প্রথম ফোন করলেন ইমাম উদ্দিন তাঁর পরিবারের কাছে। যে মুখগুলো ভেসে উঠেছিল অপহরণের দিন। অতঃপর মৃত্যুর মুখ থেকে বেঁচে দেশে ফেরা। স্বজনদের কাছে ফেরা। ইমাম উদ্দিন পরিবারের চোখেমুখে আনন্দ, আগাম ঈদ আনন্দ।আনন্দিত স্ত্রী জাহানারা জানিয়ে গেলেন, ‘উৎকণ্ঠায় ছিলাম। আল্লাহর কাছে দোয়া চেয়েছি শুধু। কান্নাকাটি করেছি। এখন খুব ভালো লাগছে।’এরপর দৃঢ় কণ্ঠে তিনি জানিয়ে দিলেন, ‘আমি আর ওকে (ইমাম) ওখানে যেতে দেব না। আমার দরকার নেই টাকা-পয়সা।’