ইমেইল যোগাযোগের পাঁচ সতর্কতা

নিয়মিত তথ্য আদান-প্রদান থেকে শুরু করে কোনো বিশেষ প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন; আজকাল সবই হচ্ছে ইমেইলে। কিন্তু দ্রুত উত্তর দিতে গিয়ে ভাষাগত ভুল কিংবা কোনো বিভ্রান্তি ঘটালে তার দায় আপনাকেই নিতে হবে। কারণ ইমেইল যোগাযোগ আপনার দাপ্তরিক ও ব্যক্তিগত কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সাক্ষ্য হয়ে থাকে। মনে রাখতে হবে আপনার ইমেইলগুলো আপনার অফিসের শীর্ষ কর্মকর্তাও দেখতে পারেন। ইমেইল যোগাযোগের ক্ষেত্রে অপ্রত্যাশিত ভুল-ভ্রান্তি এড়াতে প্রয়োজনীয় পাঁচটি পরামর্শ।
স্কুলের ভাষা শেখার ক্লাসেই আমরা একটা চিঠির গুরুত্বপূর্ণ উপাদানগুলোর কথা জেনেছিলাম-তারিখ, সম্ভাষণ, বিষয়, বক্তব্যের বিবরণ এবং স্বাক্ষর। হাতে লেখা বা টাইপ করে প্রিন্ট নেওয়া চিঠি-পত্রের যুগ পেরিয়ে ইমেইল যুগে প্রবেশ করার পর আমরা অনেকেই হয়তো এ বিষয়গুলোর দিকে তেমন নজর দিই না। অনেক ক্ষেত্রেই প্রাত্যহিক যোগাযোগে আমরা হয়তো খানিকটা ‘ইনফরমাল’ হয়ে যাই। কিন্তু একান্ত ব্যক্তিগত চিঠি ছাড়া দাপ্তরিক কিংবা ব্যবসায়িক কোনো যোগাযোগে অবশ্যই শিষ্টাচার মেনে চলতে হবে এবং ভুল-ভ্রান্তি এড়াতে হবে।
ইমেইলেও প্রথা মানুন
দাপ্তরিক কাজের যেকোনো যোগাযোগে প্রথা মেনে চিঠি লিখুন। অনেক সময় আমরা বিভিন্ন শব্দের সংক্ষিপ্ত রূপ উল্লেখ করে কথা বলি। কিন্তু ইমেইলে এটা করবেন না। বুঝতে সুবিধার জন্য কোনো প্রতিষ্ঠানের নাম বা অন্য কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ লিখতে হলেও সঙ্গে পূর্ণ রূপ লিখে দিন। নইলে আপনার প্রতিষ্ঠানের সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা আপনার মেইল পড়ে ভাবতে পারেন যে, আপনি কাজকর্মে যথেষ্ট মনোযোগী নন।
কাকে লিখছেন তা জানুন
কার কাছে চিঠি লিখছেন তা ভালো করে জেনে নিন। তাঁর পরিচয়, পদমর্যাদা ও দপ্তর বিষয়ে স্পষ্ট ধারণা নিয়ে সে অনুযায়ী চিঠির ভাষা ঠিক করুন। অনেক ক্ষেত্রেই আমরা ব্যক্তির নাম উল্লেখ করে তাঁকে সম্বোধন করি, কিন্তু বহু প্রতিষ্ঠানে এটা চলবে না। নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে সম্ভাষণের জন্য ‘স্যার/ম্যাডাম’ ব্যবহার করুন। আর সংশ্লিষ্ট স্থানে অবশ্যই প্রতিষ্ঠানের নাম ও কর্মকর্তার পদমর্যাদায় কোনো ভুল করা চলবে না।
বিষয়টা স্পষ্ট করে বলুন
চিঠিটি আসলে কোন বিষয়ে সেটা ইমেইলের ‘সাবজেক্ট’ অংশেই স্পষ্ট ভাষায় লিখুন। ধরুন চিঠিটি লেখা হচ্ছে বিলম্বিত কোনো প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়ে। সে ক্ষেত্রে বিষয় লেখার মধ্যেই সেটা স্পষ্ট করুন। যাতে চিঠির প্রাপক প্রথমেই বুঝে নিতে পারেন যে এই চিঠিতে কি নিয়ে কথা হচ্ছে। অস্পষ্ট সংক্ষিপ্ত ‘বিষয়’ লেখার চেয়ে প্রয়োজনে এক লাইনে বিষয়টি স্পষ্ট করা অনেক বেশি জরুরি।
মোদ্দা কথাটা বলুন
এই যুগে সারা দিন ধরে বসে বসে চিঠি পড়ার সময় কারুরই নেই। ফলে ইতিহাস লেখার মতো করে না বলে সোজা সাপটা কাজের আলোচনায় চলে যান। আগের কোনো রেফারেন্সের জন্য নথিপত্রগুলো অ্যাটাচ ফাইল হিসেবে দিতে পারেন, প্রয়োজন হলে প্রাপক সেগুলো যাচাই করে নেবেন। চিঠির বডি বা বিবরণ অংশে প্রথম কয়েক লাইনের মধ্যেই যেন মোদ্দা কথাটা বলা হয়ে যায় সে বিষয়ে নজর দিন।
প্রুফ দেখে চিঠি ছাড়ুন
যত ব্যস্ততার মধ্যেই ইমেইলের উত্তর দিন কিংবা কাউকে ইমেইল করুন না কেন প্রুফ না দেখে চিঠি ছাড়া যাবে না। অবশ্যই লেখা শেষে পুরো চিঠিটা অন্তত একবার পড়ুন। প্রয়োজনীয় নাম-ধাম, সন-তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঠিকঠাক লেখা কিনা সেটা যাচাই করুন। আর বানানগুলো অবশ্যই আরেকবার নিশ্চিত হয়ে নিন। মানুষমাত্রই ভুল করতে পারে, কিন্তু সেই ভুলগুলো শুধরে নেওয়াটাই নিরাপদ। কেননা আপনার ইমেইলে ‘সেন্ড বাটনটা’ একবার চেপে দিলে সেটার রেকর্ড থেকে যাবে।