ইয়ুথ ভয়েসের বিনা মূল্যে চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’–এর চট্টগ্রাম মেডিকেল ইউনিটের উদ্যোগে গত শুক্রবার পাঁচ শতাধিক বস্তিবাসী ও গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কর্ণফুলীর তীরের মেরিন ড্রাইভ সড়কের ব্রিজঘাট এলাকায় এই চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়।

ভ্রাম্যমাণ ২০টি বুথ স্থাপন করে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ব্লাড গ্রুপিং, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং শিশু ও নারীদের বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান তারেক আকবর খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এই শিবিরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ইউএসটিসি মেডিকেল কলেজ শাখার শিক্ষার্থীরাও অংশ নেন। স্বেচ্ছাসেবী হিসেবে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগরসহ সাতটি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা সহায়তা করেন।

তারেক আকবর খোন্দকার বলেন, ইয়ুথ ভয়েস লিডারশিপ ও সচেতনতা দুটি লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী দিনেও তরুণদের সঙ্গে নিয়ে এ ধরনের সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। বিজ্ঞপ্তি