ইরাকে নির্বাচনে কেমিক্যাল আলীর ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে উচ্চ আদালতে দেওয়া দণ্ড অনুযায়ী বাথ পার্টির সাবেক প্রভাবশালী নেতা এবং সাদ্দাম হোসেনের চাচাতো ভাই আলী হাসান আল-মাজিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত সপ্তাহে তিনি পৃথক মামলায় আরও একবারসহ মোট চারবার মৃত্যুদণ্ড পান। গত সোমবার এ দণ্ড কার্যকর করা হয়। এর আগে কয়েকটি মামলায় আদালত তিনবার সর্বোচ্চ শাস্তির রায় দিলেও আইনের নানা জটিলতায় তিনি পার পেয়ে যান। সর্বশেষ ইরান-ইরাক সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত হালাবজা এলাকায় চালানো গণহত্যা ঘটনার মামলার রায়ে তাঁর ফাঁসি কার্যকর হয়। ১৯৮৮ সালের ১৬ মার্চ সাদ্দামের আমলে তাঁর নির্দেশেই সংখ্যালঘু কুর্দিদের ওপর চালানো হয় বিষাক্ত রাসায়নিক গ্যাসের নারকীয় হামলা। বলা হয়, হামলার দিনই মারা যায় সাড়ে পাঁচ হাজারের বেশি কুর্দি, যাদের বেশির ভাগই ছিল নারী ও শিশু। ওই ঘটনার পর থেকেই পশ্চিমা বিশ্বে আলী হাসান আল-মাজিদ ‘কেমিক্যাল আলী’ নামে কুখ্যাতি পান।মাজিদের বিরুদ্ধে আগের মামলাগুলো হলো, গত শতকের আশির দশকে কুর্দিদের বিরুদ্ধে আনফাল অভিযান। ওই দমনাভিযানে নিহত হয়েছিল এক লাখ ৮০ হাজার কুর্দি। ১৯৯১ সালে কিরকুকে বিদ্রোহ দমনের নামে গণহত্যা চালিয়েছিলেন তিনি। বাগদাদ ও নাজাফে ১৯৯৯ সালে শিয়াদের বিক্ষোভ দমন করতে গিয়েও তাঁর নির্দেশে নজিরবিহীন গণহত্যা চালানো হয়। এ তিনটি মামলাতেও তাঁর মৃত্যুদণ্ড হয়। আনফালসহ অন্যান্য মামলার অপর আসামি সাবেক বাথ পার্টির প্রতিরক্ষামন্ত্রী সুলতান হাশিম আল-তাঈরেরও মৃত্যুদণ্ড হয়, কিন্তু ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাসেমি এবং প্রেসিডেন্ট জালাল তালাবানি তাঈরের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশে সই করতে রাজি হননি। ফলে তাঈরের সঙ্গে কেমিক্যাল আলীর মৃত্যুদণ্ড কার্যকরও তখন সম্ভব হয়নি।আগামী ৭ মার্চ ইরাকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পার্লামেন্ট নির্বাচন। ওই নির্বাচনে মাজিদের ফাঁসি কার্যকরের ঘটনাটি বেশ প্রভাব ফেলবে। নির্বাচনে বাথ পার্টিবিরোধী রাজনৈতিক দলগুলো এ থেকে সুবিধা নেবে। এরই মধ্যে দেশটির অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড জাস্টিস কমিশন বাথ পার্টির সমর্থিত ৫১৫ জন রাজনীতিককে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ বাথ পার্টির সঙ্গে যোগসাজশ থাকায় তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, ওই ৫১৫ জন রাজনীতিকের মধ্যে সুন্নি এবং গুরুত্বপূর্ণ ধর্মনিরপেক্ষ দলের নেতারাও আছেন, যাঁরা কিনা নির্বাচনে ক্ষমতাসীন শিয়া নেতাদের বিরুদ্ধে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতেন।প্রভাবশালী ওই ৫১৫ জন নেতাকে নিষিদ্ধ করায় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার পাশাপাশি মার্কিন সেনাদের ইরাক ছাড়ার পরিকল্পনাকেও বাধাগ্রস্ত করবে। এ বছরের শেষ নাগাদ মার্কিন সেনাদের ইরাক ছাড়ার কথা। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া তিনি ওই নেতাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও কথা বলেছেন। এ প্রসঙ্গে ইরাকে নিযুক্ত মার্কিন দূত ক্রিস্টোফার হিল বলেছেন, ইরাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই স্পর্শকাতর। অনেকের মতে, দেশটিতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাথ পার্টির আদর্শ এখন মৃত। তবে বাথ পার্টির প্রভাব এখনো প্রকট। নির্বাচনী আবহে দলটির ছায়া বেশ ভালোভাবেই প্রভাব ফেলবে। নির্বাচনে বাথ পার্টির প্রতি সহানুভূতিশীল রাজনীতিকদের নিষিদ্ধ করা হয়েছে। তবে এ বিষয়টা যেন নির্বাচনী প্রচারে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।নির্বাচনের বেশি দেরি নেই। তার পরও এ নিয়ে এখনো সরগরম হয়নি নির্বাচনের মাঠ। এর চেয়ে বরং বেশি আলোচনা চলছে মাজিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা নিয়ে। অনেকে মনে করছেন, নির্বাচনে পুনর্নির্বাচিত হতে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির পথ আরও প্রশস্ত হলো। এটি তাঁর জন্য ভোটের আগে আরও একটি নৈতিক বিজয়। কারণ, তিনি বারবার মাজিদের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন।নির্বাচনে জিততে এরই মধ্যে মালিকি সংখ্যাগুরু শিয়াদের সমর্থন পেতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন। সুন্নি বাথ পার্টির তিন দশকের নিষ্ঠুরতার কাহিনি তিনি ভোটারদের কাছে তুলে ধরছেন। একই সঙ্গে তিনি নির্বাচনের আগেই মাজিদের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি করে আসছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যমতে, মাজিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মালিকির জনপ্রিয়তা আরও বাড়বে। কারণ, ২০০৬ সালে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর মালিকির নড়বড়ে প্রশাসন ওই সময় শক্ত ভিত্তি পেয়েছিল। ওই সময় শিয়াদের সমর্থন নিয়ে নিজের দলের মধ্যকার রেষারেষি তিনি দারুণভাবে সামাল দিয়েছিলেন।এ ব্যাপারে বাগদাদের আল-মাদা পত্রিকার রাজনৈতিক বিশ্লেষক হাদি জেলাও মারি বলেন, মালিকি নির্বাচনে কেমিক্যাল আলীর ফাঁসি কার্যকরের ঘটনাটিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবেন—এটা এক রকম নিশ্চিত। তিনি নির্বাচনী প্রচারে এরই মধ্যে বলতে শুরু করেছেন, তিনিই নিষ্ঠুর প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন। এবার তিনি বাথ পার্টির প্রথম সারির সর্বশেষ নেতা কুখ্যাত কেমিক্যাল আলীকেও ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন।