ইরাকের নড়বড়ে গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবা। শীতকালে কমলার ফলনের সময়টা ছাড়া বছরের বাকি সময় এ অঞ্চল থাকে বিবর্ণ। কিন্তু বিবর্ণ বাকুবা গত কয়েক সপ্তাহে রঙিন হয়ে উঠেছে। প্রকৃতির নিসর্গে নয়, নির্বাচনী পোস্টার, বিলবোর্ড আর ব্যানারের ভিড়ে। ইরাকে ৭ মার্চ হয়ে গেল পার্লামেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি নজরে এসেছে, তা হলো শিয়া-সুন্নি-কুর্দিদের গোষ্ঠীগত বিভেদের ভিন্নতর চিত্র। বিভেদে সহিংসতার অংশটি ছিল অনুপস্থিত, লড়াই হয়েছে ভোটবাক্সে। ২০০৫ সালের নির্বাচনে বেশির ভাগ সুন্নি অংশ নেয়নি। কিন্তু এবার তেমনটি হয়নি। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে ৬০ শতাংশের বেশি ভোটার নির্বাচনে অংশ নিয়েছে।নিজ দপ্তরে বসে নির্বাচন সম্পর্কে ইতিবাচক মনোভাবের কথাই বললেন দিয়ালার গভর্নর আবদুল নাসের আল-মাধাবি। সুন্নি সম্প্রদায়ের এই গভর্নর বললেন, ‘নির্বাচনের মাধ্যমে দেশ ভালোর দিকেই এগোচ্ছে। প্রথম নির্বাচনে কারচুপির হার ছিল ৪০ শতাংশ। দ্বিতীয়টায় তা কমে হয়তো ২০ শতাংশের কাছাকাছি হয়েছে।’ তবে সুন্নি প্রতিপক্ষদের বিরুদ্ধে ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির প্রশাসনের চালানো তত্পরতার কথাও ভুলে যাননি আল-মাধাবি। তিনি জানান, নির্বাচনের আগে দিয়ালায় সরকারবিরোধী ও সরকারের সমালোচক অনেক রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছে।গভর্নরের একজন সহকারী বললেন, ‘সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই মাস আগে সেনাসদস্যরা প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ হুসাইন আল-জাবোরিকে আটক করেন। তাঁকে রাজনৈতিক কারণেই আটক করা হয়েছে। সত্যিই সন্ত্রাসী হলে, আগে কেন তাঁকে আটক করা হয়নি?’মধ্যপ্রাচ্যের অন্য প্রতিবেশীদের তুলনায় নেতা নির্বাচন করতে ইরাকিরা হয়তো এখন অনেক বেশি স্বাধীনতা পাচ্ছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান ও সাদ্দাম হোসেনকে উত্খাত করার পর আশা করা হয়েছিল দেশের বিভিন্ন অঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু তা এখনো হয়নি। ইরাকে গণতন্ত্রের চিত্রটি নাজুক ও বিপজ্জনক।বিদেশি বাহিনীর অভিযানের পর ২০০৫ সালে দেশের প্রথম পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতায় আসা রাজনীতিকেরা মূল সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছেন। এসব সমস্যার মধ্যে রয়েছে তেল বিক্রির অর্থবণ্টন থেকে শুরু করে কেন্দ্র ও আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। পাশাপাশি ধর্মীয় চরমপন্থী ও উপজাতি গোষ্ঠীগুলোকে একতাবদ্ধ করা।তবে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ইরাকিরা এখন আবার একটি সুযোগ পেয়েছে সমস্যাগুলো কাটিয়ে ওঠার। যুক্তরাষ্ট্রও আশা করছে ইরাকিরা পারবে। ইরাকের রাজনৈতিক পরিপক্বতা অর্জনের দিকে নজর রাখছে তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আশা, প্রেসিডেন্ট ওবামার শাসনামলে ইরাক একটি বড় সাফল্যের উদাহরণ হয়ে উঠবে। সম্প্রতি তিনি বলেছেন, ‘ইরাকে একটি স্থিতিশীল সরকার দেখতে পাবেন আপনারা।’দেশের নবীন গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে গর্ববোধ করতে পারে ইরাকিরা। এবারের নির্বাচনে ৩২৫টি আসনের জন্য ছয় হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৮৬টি রাজনৈতিক দলের অংশগ্রহণ একটি বহুদলীয় গণতন্ত্রের শক্ত ভিত্তি স্থাপনে যথেষ্ট ইতিবাচক ভূমিক রাখবে। কিন্তু ভয়ের বিষয় হলো, দেশের সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত দ্বন্দ্বের অবসান এখনো হয়নি।যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একটি বেসরকারি সংস্থার কর্মী বললেন, শিয়া, সুন্নি, কুর্দি ও উপজাতি গোষ্ঠীগুলো একাধিক জোট গঠন করলেও সেগুলো শক্তিশালী নয়। এখানে দলীয় রাজনীতিকেরা এখনো নেতাদের বক্তব্যের সঙ্গে তাল মিলিয়ে চলতেই অভ্যস্ত। কিন্তু এতে গণতন্ত্রের বিকাশ হবে না। রাজনীতিকেরা অবশ্য বুঝতে শিখেছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের ভূমিকাই মুখ্য।এবারের নির্বাচনে প্রধান জোটগুলোর মধ্যে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির নেতৃত্বাধীন শিয়াপ্রধান স্টেট অব ল জোটের মূল নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন আধাসামরিক বাহিনীকে নিরস্ত্র করা। তাদের মূল প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন সুন্নিপ্রধান ইরাকি ন্যাশনাল মুভমেন্ট জোট আবার একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে বিকেন্দ্রীকরণের পক্ষে প্রচার চালানোর মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে কুর্দি ও শিয়া দলগুলোর আরেকটি জোট। যার নেতৃত্বে রয়েছেন আমর আল-হাকিম ও শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের অনুসারীরা।রাজনৈতিক প্রতিশ্রুতির এসব বিষয় বোমার মতো। যেকোনো সময় বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে। ক্ষমতার অংশীদারি বা তেলসম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে আবার শিয়া-সুন্নি সংঘাত শুরু হতে পারে। সহিংসতার আশঙ্কা রয়েছে কুর্দি ও আরবদের মধ্যেও। আর এ কারণেই নির্বাচনের দিকে কড়া নজর রেখেছে ইরাকিরা। এই নজরদারি শুধু নির্বাচনের ফল জানার জন্য নয় বরং এই ফলকে পরাজিতরা শান্তিপূর্ণভাবে মেনে নিতে পারবে কি না তা নিয়েও। বিষয়টি সহজ হবে না। বেসরকারি সংস্থাটির ওই কর্মী বললেন, পারস্পরিক আলোচনার ভিত্তিতে যাঁরা কয়েক বছর আগে স্বৈরশাসন থেকে বেরিয়ে এসেছেন, তাঁদের জন্য বিষয়টি মেনে নেওয়া সহজ নয়। স্বৈরশাসন পদ্ধতিতে তাঁরা জয়-পরাজয় সম্পর্ক নিয়ে ভালো ধারণা পেয়েছেন। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সমঝোতার মাধ্যমে সব পক্ষের যে জয়ী হওয়া সম্ভব তা শিখতে তাঁদের সময় লাগবে। এ ব্যাপারে বাগদাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাজেম শামারি বললেন, ২০০৩ সালের পর ইরাকের রাজনৈতিক অঙ্গন অনেক জটিল হয়ে পড়েছে। এত বেশি দল আর বিদেশি শক্তির অন্তর্ভুক্তি পুরো রাজনৈতিক পরিস্থিতিকে এমন একটি অবস্থানে নিয়ে গেছে, যা দেখে মনে হচ্ছে পুরোটাই খড়কুটোয় তৈরি। কোনো একটি বিষয়ে ভুল হলেই, সংশ্লিষ্ট পক্ষগুলো আবার গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে।জাতিগত সহিংসতার পাশাপাশি ইরাকের নেতাদের মোকাবিলা করতে হবে বিদেশি শক্তিগুলোকে। দখলদার যুক্তরাষ্ট্র নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তার একটি বড় প্রমাণ হলো দেশটির রাজনৈতিক অঙ্গনে আহমেদ সালাবির পুনরুত্থান। এবারের নির্বাচনের আগে সদ্দামের বাথ পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ৫০০ সুন্নি রাজনীতিকের প্রার্থিতা আটকে দেওয়ার প্রক্রিয়ায় তিনি জড়িত ছিলেন।যুক্তরাষ্ট্র ছাড়াও আঞ্চলিক শক্তি ইরান, সৌদি আরব, তুরস্ক নিজ নিজ স্বার্থে ইরাকের এই নির্বাচনের দিকে কড়া নজর রেখেছে। বাকুবার সুন্নি নাগরিকদের বাহিনী অ্যাওয়েকিং কাউন্সিলের (সচেতনতা পরিষদ) প্রধান শেখ হুসাম আল-মোজাম্মাই বললেন, ‘এ অঞ্চলের সবাই ইরাকের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।’ বিদেশি এসব শক্তির মোকাবিলা ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত্ নির্ভর করছে ইরাকি রাজনীতিকদের প্রজ্ঞা আর ছাড় দেওয়ার মানসিকতার ওপর। (টাইম অবলম্বনে)