ইরান নিয়ে বাড়ছে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-পাশ্চাত্য বিরোধ কোন দিকে যাচ্ছে? আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষক থেকে শুরু করে নেহাত বহু সাধারণ মানুষের মনেও এই প্রশ্ন। ইরানের ‘অসাধু উচ্চাভিলাষ’ ঠেকাতে যুক্তরাষ্ট্র কি হামলা চালিয়ে বসবে ইরাক বা লিবিয়ার মতো? হরমুজ প্রণালীতে প্রহরারত ইরানি যুদ্ধজাহাজগুলো কিছু করে বসবে না তো? ইসরায়েলের ভূমিকাই বা কী হবে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের সমঝোতা হবে তো? সবার মুখে মুখে এখন এসব প্রশ্ন।পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথাব্যথা এ মুহূর্তে দৃশ্যত ইরানই। পরমাণু কর্মসূচি থেকে দেশটিকে ফেরানোর ব্যাপারে তাদের চেষ্টা তেমন কাজে দিচ্ছে না। ইরানের এক গোঁ—পরমাণু কর্মসূচি তারা চালিয়ে যাবেই। ইরান পারমাণবিক অস্ত্র বাগাতে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে পশ্চিমা দেশগুলো সন্দেহ করলেও (আইএইএর তথ্যমতে এর কিছু ভিত্তিও আছে) দেশটি তা স্বীকার করে না। তারা বলছে, স্রেফ বিদ্যুতের চাহিদা মেটাতে শান্তিপূর্ণ লক্ষ্যে এই কর্মসূচি চালানো হচ্ছে। তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের ভাষ্য, ইরানের সাম্প্রতিক পরমাণু কর্মসূচি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা অস্ত্র তৈরি করতে চাইলে খুব বেশি বেগ পেতে হবে না।ইরানের হাতে এ ধরনের বিধ্বংসী অস্ত্র থাকার বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি, দেশটি রাজ্যের বেয়াড়া। তার হাতে পরমাণু অস্ত্র থাকা মধ্যপ্রাচ্যে ইসরায়েলসহ মার্কিন মিত্র তথা পশ্চিমা স্বার্থের জন্য মারাত্মক হুমকি। বুশ জুনিয়র বলেছিলেন, ইরান এক ‘অশুভ অক্ষের’ অংশ, চক্রের বাকিরা হচ্ছে সিরিয়া ও উত্তর কোরিয়া।ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে এক দিক থেকে এখন সবচেয়ে বড় বিপদে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নভেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশা করছেন তিনি। এই কয়েক মাসের মধ্যে ইরান ইস্যু নিয়ে দেশবাসীর পছন্দসই কোনো সমাধানে পৌঁছাতে না পারলে নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়তে পারে।বারাক ওবামা তাদের কতটা নিরাপত্তা দিতে পারবেন এ নিয়ে সংশয় রয়েছে ইরানের ‘দুই চোখের বিষ’ ইসরায়েলের। এই সংশয়ের জের ধরে মধ্যপ্রাচ্যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে অস্বস্তির বিষয়টি দিন দিন ঘনীভূত হয়েছে। যুক্তরাষ্ট্র উপলব্ধি করছে, ইসরায়েল যদি অনুভব করে যে ইরানের সামনে তাদের অরক্ষিত হয়ে পড়ার মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাহলে তারা দেশটির ওপর হামলা চালিয়ে বসতে পারে। এর পরিণতি হয়তো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইসরায়েলের একতরফা হামলার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো দ্বিধাবিভক্ত হয়ে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলে দিতে পারে। এ মুহূর্তে ওবামার সামনে তিনটি লক্ষ্য রয়েছে। কট্টর ইসলামপন্থী নেতাদের হাতে পারমাণবিক অস্ত্র না পড়ার বিষয়টি নিশ্চিত করা, তেলভিত্তিক বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা ও ইসরায়েলকে সামলানো। তিনটিই তাঁর জন্য খুব কঠিন কাজ। ইরানকে কাবু করতে ওবামা প্রশাসন এ মুহূর্তে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের কৌশলের ওপর বেশি জোর দিচ্ছে। তবে কম সময়ের নোটিশে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতিও রয়েছে তাদের।তবে দিন যত যাচ্ছে, পরিস্থিতি যেন ততই অনিশ্চয়তার দিকে গড়াচ্ছে। ইরানের ওপর আরোপ করা নতুন দফা নিষেধাজ্ঞা কেবল শুরু হয়েছে। এর বিরূপ প্রভাব কত দূর গড়াবে, এখনই সে ব্যাপারে পুরোপুরি বলা যাচ্ছে না। তবে তাৎক্ষণিক কিছু সংকট ইরানকে বেকায়দায় ফেলেছে।নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে ইরান সরকারের সব সম্পদ নিশ্চল করে দেওয়া, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যুক্তরাজ্যের লেনদেনের ইতি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তেল আমদানি বন্ধ ঘোষণা। আগামী জুলাই থেকে ইইউ দেশগুলো ইরান থেকে আর তেল নেবে না। এতে তেল খাতে এক-চতুর্থাংশ বা এর চেয়ে বেশি আয় হারাবে দেশটি। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো কোনো শিল্প ইরানে দৃশ্যত নেই।ইরান বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল রপ্তানিকারক। প্রাকৃতিক গ্যাস মজুদের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। এই খাতের সম্প্রসারণ ও আধুনিকায়নে বিদেশি বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তাই বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগে ফেলেছে। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা খাদ্যদ্রব্যসহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানির ক্ষেত্রে ইরানের সামর্থ্য খর্ব করবে। সে দেশে এর মধ্যেই চাল ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম বেড়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরও কঠোর করার সুযোগ খুঁজছে।ইরানি নেতারা জোর গলায় বলছেন, এসব নিষেধাজ্ঞা তাঁদের কাবু করতে পারবে না। তাঁরা বরং হুঁশিয়ার করেছেন, ইউরোপীয় ইউনিয়নের ‘অসযোগিতার’ জের ধরে ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসে এখনই তেল দেওয়া বন্ধ করে দিতে পারে ইরান। ইইউ জুলাই থেকে তেল আমদানি বন্ধের ঘোষণা দিলেও ক্ষুব্ধ ইরান নিজে থেকে অবিলম্বে রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুক্তরাজ্য ও ফ্রান্সে এতই কম তেল রপ্তানি করে যে তাদের জ্বালানি নিরাপত্তার এতে ক্ষতি হবে না।ইরানের অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়া এর মধ্যে পশ্চিমা মিত্রদের সঙ্গে সুর মিলিয়ে আমদানি কমানোর কথা ঘোষণা করেছে। তবে দুই বড় ভোক্তা চীন ও ভারতের অবস্থান বিপরীত। ভারত বলেছে, নিষেধাজ্ঞার বিষয়ে জাতিসংঘ ছাড়া আর কারও কথায় তারা কান দেবে না। যে যাই বলুক, ইরান থেকে তেল আমদানি চালিয়ে যাবে। অন্যদিকে চীনের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ ইরান। ইরানের রাষ্ট্রীয় তেল ও গ্যাসশিল্পে বিপুল বিনিয়োগ রয়েছে তাদের। দুঃসময়ে বন্ধু হিসেবে চীন বড় ধরনের ভূমিকা রাখতে পারে ইরানে। প্রশ্ন হচ্ছে, নিষেধাজ্ঞার কঠোর নিষ্পেষণ সামলে নিয়ে ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকে, সে ক্ষেত্রে কী ঘটবে?অনেক বিশ্লেষকের মতে, সে ক্ষেত্রে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। একজন ইসরায়েলি কর্মকর্তা সম্প্রতি নিউজউইক সাময়িকীকে বলেছেন, তিনি সরাসরি তাঁদের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের মুখে শুনেছেন, ‘ইসরায়েল যদি ইরানে হামলা করার শেষ সুযোগ হারায়, তাহলে আমাদের একমাত্র ভরসা যুক্তরাষ্ট্র। তারাও যদি হামলা চালানোর সিদ্ধান্ত না নেয়, তাহলে আমাদের ইরানি বোমার মুখে পড়তে হবে।’এ মন্তব্য থেকে বোঝা যায়, ইরান নিয়ে কতটা উদ্বিগ্ন ইসরায়েল। দুই দেশের বৈরিতায় ইন্ধন জোগাচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনা। দিল্লি, তিবলিসি ও ব্যাংককে ইসরায়েলি কর্মকর্তাদের ওপর বোমা হামলার ষড়যন্ত্রের ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসরায়েল। অভিযোগ নাকচ করে ইরান পাল্টা বলছে, ২০১০ সাল থেকে ইসরায়েলই এ পর্যন্ত কমপক্ষে চারজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান তামির পারদো ওয়াশিংটন সফরে গিয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে এর পরিণতি কী হতে পারে, এ ব্যাপারে ধারণা নেওয়াই ছিল তামিরের সফরের মূল লক্ষ্য। ইরানে হামলা চালানোর বিষয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন তামির। এতে ধারণা করা যায়, ইসরায়েল তাদের সামরিক প্রস্তুতির বিষয়ে অনেক তথ্য গোপন রেখেছে। আয়তনে ইরানের তুলনায় ইসরায়েল নিতান্তই ক্ষুদ্র। ১৬ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড জুড়ে রয়েছে ইরান। ইসরায়েলের আয়তন মাত্র ২০ হাজার বর্গকিলোমিটার। ইসরায়েলের আসল জোর তার অত্যাধুনিক ও কার্যকর অস্ত্রভান্ডার আর মার্কিন সমর্থন। তবে প্রথাগত স্থলযুদ্ধে তারা পারবে না। এ জন্যসুনিশ্চিতভাবেই তা এড়িয়ে যাবে ইসরায়েল। বিমান ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের পরিণতি কী হবে, আগেভাগে বলা মুশকিল। ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে ইরানও এখন খুব পিছিয়ে নেই। কাজেই হামলা হলে তারাও সহজে ছেড়ে দেবে না। এর মধ্যে ইরান হুঁশিয়ারও করেছে, হামলার পাল্টা জবাব হবে খুব ‘বেদনাদায়ক’। তবে যুদ্ধ সত্যিই বেধে গেলে ইরান এসব কাজে লাগানোর কতটা সুযোগ পাবে, সেটাই প্রশ্ন।