ইরানি দূতাবাসের ব্যাখ্যা ও অনুবাদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৮ জানুয়ারি প্রথম আলোর চলতি বিশ্ব পাতায় প্রকাশিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদির সাক্ষাত্কার বিষয়ে ঢাকায় ইরানের দূতাবাসের পক্ষ থেকে এক বক্তব্য দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি দূতাবাসের প্রেস সেকশন থেকে দেওয়া বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে, প্রথম আলোর মতো একটি প্রখ্যাত দৈনিক কীভাবে প্রায় এক মাস আগে দ্য নিউ স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত এ সাক্ষাত্কারটির অনুবাদ প্রকাশের জন্য বাছাই করল? এই এক মাসে যখন ইরান এবং বিশ্বব্যাপী নানা ঘটনা ঘটে গেছে। বক্তব্যে বলা হয়, ইহুদি ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইরানের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রচারণা-যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং সন্দেহাতীতভাবে প্রকাশিত সাক্ষাত্কারটি ওই প্রচারণা-যুদ্ধের একটা অংশ। বক্তব্যে বলা হয়, ‘আপনি জানেন, ইরান স্বাধীন নীতি অনুসরণের চেষ্টা করছে, আত্মনির্ভরশীলতার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে এবং বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি অন্যায় চাপ এবং একচ্ছত্র আধিপত্যকে প্রত্যাখ্যান করেছে—তাদের চোখে এটাই ইরানের অপরাধ। স্বৈরাচারী রাজতন্ত্রের বদলে ইসলামি বিপ্লবের বিজয় এবং ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সাংবাদিকসহ অসংখ্য বিদেশি ইরান সফর করেছেন এবং তাঁরা স্বীকার করেছেন, ইরানি সাধারণ মানুষ বিশেষ করে নারীরা সর্বোচ্চ স্বাধীনতা ও অধিকার ভোগ করছেন। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, সেসব দেশে নারীর স্বাধীনতা ও অধিকার নেই বললেই চলে। বরং ঘরে-বাইরে তারা কেবল মানবাধিকারের লঙ্ঘনই করে। তাই এটা খুবই স্পষ্ট, সাক্ষাত্কারে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যা-ই বলা হোক না কেন, তা ভিত্তিহীন প্রচারণা ছাড়া আর কিছু নয়।অনুবাদকের বক্তব্য: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদির সাক্ষাত্কারটি প্রকাশ হয়েছিল গত ১০ ডিসেম্বর নিউ স্টেটসম্যান পত্রিকায়। প্রায় এক মাস আগে সাক্ষাত্কারটি নিউ স্টেটসম্যানে প্রকাশিত হলেও সেটির গুরুত্ব কমেনি এবং সাক্ষাত্কার-সংশ্লিষ্ট বিষয়গুলোতে পরবর্তী সময়ে কোনো অগ্রগতি হয়েছে বলে আমাদের জানা নেই। সাক্ষাত্কারটির গুরুত্ব বিবেচনা করে প্রথম আলো কেবল সেটি অনুবাদ করে ছেপেছে। এতে প্রথম আলোর কোনো বক্তব্য ছিল না।