ইরানের প্রতিবাদী চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও ইরানের সীমান্তবর্তী দুর্গম এলাকাজুড়ে পথ চলছে একদল কিশোর। কাঁধে নিজের শরীরের চেয়েও বড় বড় বোঝা। সীমান্তে পিঠে করে বোঝা আনা-নেওয়া এদের কাজ। ক্ষুধা-দারিদ্র্যের কাছে হারিয়ে গেছে শৈশব। দুই বেলা খাবার জোটে না যেখানে সেখানে শিক্ষার ব্যাপারটা হাস্যকরই। এসব শিশুর মাঝে শিক্ষা বিস্তারে কালো বোর্ড নিয়ে ঘোরেন এক শিক্ষক, অনাগ্রহী এসব শিশুকে পড়ানোর জন্য প্রাণান্ত চেষ্টা চালান তিনি। এভাবেই এগিয়ে চলে সামিরা মাখমালবাক পরিচালিত ব্লাকবোর্ড চলচ্চিত্রের কাহিনি। অসাধারণ দৃশ্য আর জীবনঘনিষ্ঠ সংলাপে মুগ্ধ হন দর্শক। এ যেন কঠিন বাস্তবতার মধ্য দিয়ে জীবনের পথচলা।গত ৩০ জুলাই শুক্রবার নগরের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে অনুষ্ঠিত হলো ইরানি প্রতিবাদী চলচ্চিত্র প্রদর্শনী। ইরানের প্রখ্যাত তিন চলচ্চিত্রকারের নির্বাচিত চলচ্চিত্র নিয়ে এ আয়োজনে বিকেল সাড়ে তিনটায় প্রদর্শিত হয় বাহমান গোবাদি পরিচালিত টার্টলস ক্যান ফ্লাই, সাড়ে পাঁচটায় সামিরা মাখমালবাকের ব্লাকবোর্ড এবং সন্ধ্যা সাড়ে সাতটায় জাফর পানাহি পরিচালিত দ্য সার্কেল—এ তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বৃষ্টিভেজা বিকেলে দর্শকসংখ্যা কিছুটা কম হলেও সন্ধ্যার প্রদর্শনীটি ছিল জমজমাট। মূলত ‘ইরানের প্রতিবাদী চলচ্চিত্র অধিবেশন’ শিরোনামে এ আয়োজনকে চলচ্চিত্রশিল্পের শিল্পী ও কলাকুশলীদের ওপর নানা সময়ে দমন পীড়নের প্রতিবাদ হিসেবেই চিহ্নিত করেন আয়োজকেরা। চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী জানান, ‘সমাজের নানা অসংগতি সামনে নিয়ে আসার জন্য চলচ্চিত্র একটি উৎকৃষ্ট মাধ্যম। কিন্তু এসব অসংগতি তুলে ধরতে গিয়ে অতি সম্প্রতি ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে কারাবরণ করতে হয়। আমরা এসব মানবতা ও বাকস্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানাই।’ চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের কার্যক্রম সম্পর্কে তিনি আরও জানান, ‘বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র প্রেক্ষাপটকে পরিবর্তন করতে হলে সুস্থধারার চলচ্চিত্র ও ভালো দর্শক প্রয়োজন। অনেকটা সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের পথচলা। তাই আমরা নিয়মিত পৃথিবীর নানা দেশের বিখ্যাত চলচ্চিত্রসমূহ প্রদর্শন করে থাকি।’ চলচ্চিত্র অধিবেশনে এসেছিলেন বাঁধন ঘোষ। কেমন লাগল জানতে চাইলে বলেন, ‘আমাদের চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে হলে এ ধরনের আয়োজন বেশি বেশি করা প্রয়োজন। তাহলে বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্রকারদের কাজের সঙ্গে আমাদের দর্শকেরা পরিচিত হবেন।’