ঘরের এক পাশে সুন্দর করে সাজানো সোফাসেট। তবে সেখানে বসার কোনো উপায় নেই। খানিক দূরেই দাঁড়িয়ে আছে ভয়াল-দর্শন এক যন্ত্রমানব। হাতে তার বিধ্বংসী অস্ত্র! পুরান ঢাকার পাতলা খান লেনে বিদ্যুত্ মহাশয় তখন লাপাত্তা! মধ্যদুপুরে গরম জেঁকে বসেছে ঘরটায়। পরিবেশটা ঘাম ছোটানোর জন্য যথেষ্ট। এত কিছুর মাঝেও আমার দিকে তাকিয়ে একটা কাঁচা কলা ভেংচি কাটছিল নির্বিকারচিত্তে! না হেসে উপায় কি? কলাটিকে শায়েস্তার জন্য আশপাশে কোনো বাঁদর খুঁজে পাওয়া না গেলেও, দশাসই চেহারার একটি গন্ডারের দেখা মেলে। গন্ডার কি কলাটলা খায় নাকি? প্রশ্নটা অনন্যা রায়ের উদ্দেশে। দুষ্টুমিটা ধরতে পেরে হাসেন তিনি, ‘মোটেও না। এই গন্ডার বেশ ভদ্র প্রকৃতির। আমার সংগ্রহে এমন ভদ্রগোছের আরও কিছু ভয়ংকর প্রাণীও আছে!’ বলেই টেবিলের ওপর ছড়িয়ে রাখা এক গাদা প্যাকেটের মধ্য থেকে ঠিকই বাঘ-সিংহের মতো প্রাণী বের করে আনেন অনন্যা। অনন্যা পড়েন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। বিজ্ঞান বিভাগ, প্রথম বর্ষ। বাঘ-সিংহ দেখতে দেখতে সত্যিকারের সোফায় আরাম করে বসেছি। প্রথমেই যে সোফার কথা বলা হয়েছিল তা আসলে কতগুলো ইরেজার! আর তার পাশে দণ্ডায়মান যন্ত্রমানবও নিষ্কর্মা। একেবারে নিষ্কর্মা বলাটা বোধ হয় ভুলই, কারণ, আর কিছু না হোক অন্তত পেনসিলের লেখা ঠিকই মুছে ফেলা যায় তা দিয়ে। রোবট দিয়ে পেনসিলের দাগ মোচন! শুধুই কি রোবট! আছে কফির বোতল, সঙ্গে পেয়ালা। ঝুড়িভর্তি ফল, বাটিভর্তি লোভনীয় খাবার। ‘আমার এক দাদা আছেন, ভোজনরসিক বলে খ্যাতি আছে তাঁর। একবার আমার ইরেজারের সংগ্রহ নেড়েচেড়ে দেখছিলেন। এর মাঝে কতগুলো চকলেট আবিষ্কার করেন তিনি! প্যাকেট খুলে মুখে দিতে যাবেন, এমন সময় চিত্কার দিয়ে নিরস্ত করতে হয়েছিল তাঁকে। অনেক কষ্টে বোঝাতে হয়েছিল, আসলে ওগুলো চকলেট নয়, ইরেজার।’ এত কিছু থাকতে হঠাত্ ইরেজার সংগ্রহের বাতিক কেন পেল আপনাকে? ‘তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। মা একটা খুব সুন্দর ইরেজার কিনে দিয়েছিলেন আমাকে। এর কদিন পর দাদা দিলেন আরেক বাক্স। প্রথম প্রথম সেগুলো ব্যবহার করেছিলাম। তখন তো জানতাম না, একসময় ইরেজার সংগ্রহ করব। তো কয়েক দিন বাদে বাজারে গিয়ে আরও কতগুলো সুন্দর ইরেজার দেখে কী ভেবে কিনে ফেললাম। হঠাত্ মনে হলো, নাহ্, নষ্ট করে কী লাভ! সংগ্রহে রেখে দিই না কেন ওগুলো। এভাবেই একসময় দেখলাম, সংগ্রহের থলেটা বেশ হূষ্টপুষ্ট হয়ে যাচ্ছে।’ এবার অনন্যার সেই সংগ্রহের দুনিয়ায় চোখ বোলাই। কত যে বিচিত্র, কত যে তার আকার-প্রকার! দেশ-বিদেশের মিলিয়ে প্রায় শ পাঁচেক ইরেজার আছে সেখানে। কয়েক জোড়া জুতা-স্যান্ডেল থেকে শুরু করে আয়না, চিরুনি, দিব্যি মুখ দেখা চলে তাতে! আছে করাত, স্ক্রু-ড্রাইভারের মতো যন্ত্রপাতি। কয়েক ধরনের গাড়ি, মোটরবাইক। ঘেঁটে ঘেঁটে পাওয়া গেল ডলারের বান্ডিল, অগ্নিনির্বাপণ যন্ত্র! পিয়ানো, বাঁশি আর ঢোল। আর বাহারি খাবার-দাবার, চকলেটের কথা নাহয় বাদই রইল। জিভে জল আসার জোগাড়। ‘বাবার কাছে উত্সাহ পাই, আর মা-দাদার কাছ থেকে পাই নতুন নতুন ইরেজার। মা দেশের বাইরে গেলে আমার জন্য ইরেজার কিনতে ভুল করেন না। আমার আত্মীয়স্বজনও জন্মদিনে এক গাদা ইরেজার নিয়ে আসেন এখন।’ আর বন্ধুরা? প্রশ্নটা শুনেই অনন্যার কণ্ঠে অভিমানের বন্যা, ‘না, আমার কোনো বন্ধুই এখন পর্যন্ত ইরেজার উপহার দেয়নি আমাকে।’ বিরাট আফসোস! আপনি দিয়েছেন কখনো? ‘হ্যাঁ, দিয়েছি। তবে এখন আর দেওয়া হয় না। সংগ্রহে টান পড়ে যাবে যে!’ বলে হাসেন অনন্যা। ‘তবে বন্ধুরা আমার সংগ্রহ নিয়ে এর ওর কাছে বেশ গল্প করে। আমার শিক্ষকেরা আমাদের শখ নিয়ে কিছু জিজ্ঞেস করলেই বন্ধুরা দাঁড় করায় আমাকে। বলে, এই যে ইরেজারওয়ালি! মজাই লাগে!’ কথা শুনতে শুনতে বিভিন্ন দেশে তৈরি আরও মজার কিছু ইরেজার চোখে পড়ে। হোতকা পেটুক পুতুল, মিষ্টি চেহারার পরি, পিস্তল-বুলেট, ঢ্যাঁড়স, তরমুজ ছোট বড় অনেক তৈজসপত্র। ‘একবার বেশ কয়েকটি ইরেজার নষ্ট হয়ে গিয়েছিল আমার। তখন তো জানতাম না, বাতাসে বেশি দিন থাকলে এগুলো নষ্ট হয়ে যায়! তাই এখন প্রতিটি ইরেজারই বাক্সে অথবা প্লাস্টিকে ভরে রাখছি। ইচ্ছে আছে, ঘরের দেয়ালজুড়ে শোকেস বানাব এগুলোর জন্য। এই ইরেজারগুলো তো আসলে আমার শৈশব-কৈশোরেরই সঙ্গী, ভালো বন্ধু!’ অনন্যার ইরেজার দুনিয়ার দুষ্টু কাঁচা কলাটা তখনো ভেংচি কেটে হাসছিল। সঙ্গে যোগ দিয়েছিল মিষ্টি চেহারার কতগুলো পুতুল ইরেজারও। যথারীতি আমাকেও হাসতে হয় তাদের সঙ্গে।