ইলিশ এখানে অমাবস্যার চাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি শিক্ষার্থীদের এই ছবি হোলির সময়ে তোলা। আসছে পয়লা বৈশাখেও এক হবেন তাঁরা
বাংলাদেশি শিক্ষার্থীদের এই ছবি হোলির সময়ে তোলা। আসছে পয়লা বৈশাখেও এক হবেন তাঁরা

দেশ থেকে ২৩৫৪ কিলোমিটার দূরে আপনজন ছেড়ে থাকা বেশ কষ্টের। আর কষ্টটা বেড়ে যায় উৎসবের সময়ে। ঈদ, পূজা, পয়লা বৈশাখ—যেকোনো উৎসবেই প্রবাসীরা দেশের আমেজটা পেতে চায়। আমাদের দেশের সঙ্গে ভারতের সংস্কৃতির কিছুটা মিল থাকলেও গুজরাট অনেকটাই আলাদা।
মরুভূমির এই প্রদেশে বাংলাদেশি শিক্ষার্থী আছি আমরা প্রায় ৫০ জনের মতো। সবাই আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স)-এর বৃত্তি পাওয়া শিক্ষার্থী। ২০১৫ ব্যাচে এসেছে প্রায় ২১ জন। কিন্তু একেকজন একেক শহরে। যেহেতু গুজরাট বাংলাদেশ থেকেও বড়, তাই এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া-আসা করা সময়সাপেক্ষ ব্যাপার। এই অঞ্চলের প্রধান উৎসবগুলো হলো দেওয়ালি, হোলি, গণেশ, চতুর্থী...। এই সময়গুলোতে ওরা ভীষণ মজা করে। আমরা তাঁদের সঙ্গে শামিল হলেও আমাদের উৎসবগুলোর মতো মজা তো আর হয় না।
পয়লা বৈশাখের এই সময়টাতে সবার পরীক্ষা দরজায় কড়া নাড়তে থাকে। তেমন জমজমাট কোনো আয়োজন না থাকলেও ছোট একটা মিলনমেলার মতো হবে আহমেদাবাদে। এখানে বাঙালিদের একটা সংগঠন আছে, কিন্তু বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবার আলাদা আয়োজন করছে। কারও বাসায় পান্তার সঙ্গে নানা রকম ভর্তার আয়োজন করা হবে। কারণ, এই নিরামিষভোজীদের দেশে ডিম পাওয়াই দায় হয়ে যায় মাঝেমধ্যে আর ইলিশ তো অমাবস্যার চাঁদ। ভুল বললাম, অমাবস্যায়ও চাঁদ দেখা যেতে পারে, কিন্তু এখানে ইলিশ পাওয়া যাবে না!
মেয়েরা চিরাচরিত সাদা শাড়ি-লাল পাড় এবং ছেলেরা পাঞ্জাবি পরে বর্ষবরণ করবে। ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। এই ক্ষুদ্র আয়োজন আমাদের প্রাণের উৎসব উদ্যাপন করার এবং বিদেশের মাটিতে বাংলাদেশকে খুঁজে পাওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র...