ইলিশের গল্প

সেই কোনকালে কলকাতার শোভাবাজারের গঙ্গায় ইলিশের জাল পাতার পর আমার প্রশ্ন শুনে কার্তিক মালো ফিক করে হেসে বলেছিলেন, ‘হেই একডা প্রশ্ন হলো? আমার কথা মান্যিগন্যি করলি বলি, যে যাই বলুন, বিশ্বাস যাবেন না। স্বাদে, গন্ধে ও রূপে গঙ্গার ইলিশ এক দিকি, অন্য দিকি বাকি সব।’ কথাটা বলতে বলতে কার্তিক মালো বুক ফুলিয়ে নৌকার গলুই ছেড়ে ছইয়ে ঢুকেছিলেন।
আর, এই সেদিন, ঢাকার নতুন এলাকা বসুন্ধরায় নিজ নিকেতনে বসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইলিশ বিশেষজ্ঞ আবদুল ওয়াহাব বললেন, ‘পদ্মার ইলিশের তুলনাই হয় না। মেঘনা তো বটেই, গঙ্গার চেয়েও পদ্মার ইলিশ এগিয়ে। কেন এগিয়ে জানেন? ডায়াটম। ডায়াটম শৈবাল। গঙ্গাতেও আছে, কিন্তু পদ্মায় ওই শৈবাল প্রচুর। ডায়াটম–খেকো পদ্মার ইলিশ তাই দ্য বেস্ট।’
বিচারকের রায় দেওয়ার মতো অধ্যাপকের কথাটা শুনতে শুনতে কত বছর আগের এক স্মৃতি উসকে উঠল। সেটা রাজীব গান্ধীর আমল। এয়ার ইন্ডিয়ার দিল্লি–ঢাকা সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। উদ্বোধনী ফ্লাইটে সেই প্রথম ঢাকা সফর। খানাপিনার এক আসরে অবধারিত ঠোকাঠুকি লেগে গেল গঙ্গা–পদ্মার ইলিশে। শ্রেষ্ঠত্বের সেই বিতর্কের সমাপ্তি ঘটিয়েছিলেন বাংলাদেশের এক মন্ত্রী এই বলে, ‘পদ্মার ইলিশ ইনফিরিয়র? এরপর কোনো দিন হয়তো শুনতে হবে লেনিন মার্ক্সসিজমের কিছু বুঝতেন না!’
এই চিরন্তন, অন্তহীন ও চির অমীমাংসিত তর্ক অচ্ছুতের মতো আপাতত পাশেই সরানো থাক। কেন ও কী কারণে, খানিক পর তা না হয় সাতকাহন করে বলা যাবে। আপাতত প্রায় চল্লিশ বছর আগে মাঝগঙ্গায় ইলশে নাওয়ের স্মৃতিতে একটা ডুব দিই। মাথা কুটে মরলেও যে সেই গঙ্গা, সেই উপচে পড়া ইলিশের ঝুড়ির সন্ধান আজ আর কেউ দিতে পারবে না!
মাঝগঙ্গায় টানটান করে জাল বিছিয়ে গলুইয়ের মধ্যে আগের রাতে ধরা খোরাকির ইলিশ কাটতে কাটতে কার্তিক মালো সেদিন বলেছিলেন, ‘যে ইলিশ দেখতি অনেকটা বরফির মতো, মাথা ও ল্যাজা ছুঁচলো, পেট চওড়া, পিঠখানা মোটা, ওজন এক কিলো থেকে বড়জোর বারো শ গ্রাম এবং ডিমশূন্য পেট, আহা আহা, তেমন ইলিশ খাতি নেই। বুকে আঁকড়ি ধরি রাখতি হয়।’
কার্তিক মালোই আমায় প্রথম ইলিশ চিনতে শিখিয়েছিলেন। এপাশে কার্তিক মালোর নৌকা, এক শ গজ তফাতে তাঁর জুড়িদারের। সমান্তরাল। দশ ফুট লম্বা বাঁশ বারো ফুট অন্তর জালের সঙ্গে লম্বালম্বি করে বাঁধা। জোয়ারের জল দক্ষিণ থেকে উঠে গঙ্গাকে ফুলিয়ে ফাঁপিয়ে যখন স্থির ও টলটলে, কার্তিক মালোরা তখনই জাল ফেলতে ফেলতে নৌকা নিয়ে আড়াআড়ি সরে গিয়ে গঙ্গা বেঁধে ফেললেন। জাল ফেলা শেষ মানে এপাশ–ওপাশের দুই নৌকার মালোদের অখণ্ড অবসর। গঙ্গায় ফেলা জালের ওপর ভেসে রয়েছে শোলার বল। ইলিশ মারা নৌকার দিকনির্দেশ। জালে বাঁধা বাঁশের নিচের দিকে লোহার চাকতি। খাড়াই জাল টানটান করে ধরে রাখার কায়দা। জোয়ার–ভাটার স্রোতের বিপরীতে সাঁই সাঁই ছোটা ইলিশ জালে ধাক্কা খেয়ে ফুটোয় ছুঁচলো মুখ আটকে দম বন্ধ হয়ে মরে লটকে থাকে। জাল তোলো আর জালের ফাঁক থেকে ইলিশ বের করো। ব্যস, ইলিশ ধরা এতটাই সহজ!
কার্তিক মালোর কাছ থেকেই প্রথম জানি ইলিশ স্রোতের উল্টো দিকে তির বেগে ছোটে। জোয়ারের সময় উত্তর থেকে দক্ষিণে, ভাটার সময় দক্ষিণ থেকে উত্তরে। তারা ছোটে সরলরেখায়। অন্য মাছের মতো এঁকেবেঁকে নয়। কারণ, অন্য মাছের তুলনায় ইলিশ মোটেই নমনীয় নয়।
কার্তিক মালো আরও কত–কী শিখিয়েছিলেন। নদীতে দিনে–রাতে দুবার ইলিশ ধরা হয়। বারো ঘণ্টা অন্তর। জোয়ার–ভাটার লগ্নে। খাপলা জাল ফেলে ইলিশ ধরা যায় না। আর বলেছিলেন, ‘কথায় বলে না, সূয্যির আলো দেখলি ইলিশ নাকি মরি যায়? বাজে কথা। জালের ফাঁকে মুণ্ডু আটকি পড়ি থাকে। দম আটকে মরি যায়। তবে জাল তোলার সময় কেউ যদি আছড়ে পড়ে, তা হলি সে বেঁচে থাকে।’
সেদিন বেলা তিনটায় জাল টানা শুরু হলে কার্তিক মালোর নৌকায় মোট সাতাত্তরটা ইলিশ ধরা পড়ে। তা দেখে কী খুশি দুই নৌকার মালোরা। মহাজনের কাছ থেকে নেওয়া দাদনের টাকার সুদ ও আসলের অনেকটাই মেটানো যাবে। কার্তিক মালো ছুঁচলো মুখ চওড়া পেট সরু লেজ ও চওড়া পিঠের বরফির মতো খানকয় মাছ নৌকার পাটায় ফেলে বলেছিলেন, ‘গড়নটা দেহেন, গড়নটা। বরফি বরফি। মাছের রাজা ইলিশ, আর এই বরফি পানা মাছ হচ্ছি ইলিশের রানি।’
কেটে গেল প্রায় চল্লিশটা বছর! গঙ্গার মতো পদ্মায় জাল ফেলে ইলিশে নাওয়ে জোয়ার–ভাটার অপেক্ষায় বসে থাকা হায় আজও হলো না। যদিও আশায় আছি, হবে একদিন।
কিন্তু একেবারেই যে হয়নি, তাই বা বলি কী করে? ইলিশের চোরা শিকারিদের দেখেছি। দেখেছি তাদের চোখের ভীরু চাহনি। সেই চাহনিতে অপরাধবোধের লেপালেপি। আর দেখেছি আকুল আরজি। চালের সঙ্গে কিছু টাকার।
এই বছরের মার্চ মাস। ঢাকার সদর বাজার থেকে ‘গ্রিন লাইন’ স্টিমারে চেপেছি বরিশাল যাব বলে। সঙ্গী মেহেন্দীগঞ্জের সাংসদ পঙ্কজ দেবনাথ। পদ্মা–মেঘনার মোহনায় স্টিমারের সারেংয়ের কৃপায় জিপিএসে ইলিশের ঝাঁকের ছবি দেখার পর আসল চমক। মেহেন্দীগঞ্জ ও হিজলার সীমানায় ধর্মগঞ্জ নদীতে ‘গ্রিন লাইন’ ধীরে ধীরে থেমে গেল। থেমে যাওয়া পেল্লাই স্টিমারের কোল ঘেঁষে কোথা থেকে কে জানে এসে দাঁড়াল একটা ছোট বোট। বাক্স–প্যাঁটরা নিয়ে তাতে চাপতে চাপতে বুঝলাম সাংসদ মশাইয়ের টনকে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে।
চালককে হুকুম দিলেন পঙ্কজ দেবনাথ। চোরা শিকারির সন্ধান চালাও খানিকক্ষণ।

ধর্মগঞ্জ নদীতেই দেখা মিলল চোরা ইলিশ শিকারির। পুলিশ–প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাপ–ছেলে জাল টেনে ডিঙিতে তুলছে। জালে লটকে জাটকা। একটা একটু মন্দের ভালো। বড় জোর পাঁচ শ গ্রাম। আমাদের দেখে শিকারিরা কী বুঝল কে জানে। চোখে করুণাভিক্ষার আকুতি লেপে ডিঙি নিয়ে কাছে এল। আইন ভাঙার দরুন একই সঙ্গে ক্ষমা ও কৃপাপ্রার্থী।
একদিকে পঙ্কজ দেবনাথের চোখ রাঙানি ও হম্বিতম্বি। অন্যদিকে আমার আগ্রহ। জালে ছটফটানি জাটকা চোরা শিকারি নদীতে ফেলে দিতে দিতে ধীরে ধীরে তফাতে চলে গেল!
মেহেন্দীগঞ্জের বাবুগঞ্জ লঞ্চঘাটে নামার আগে পঙ্কজ দেবনাথ আক্ষেপ করে বলেছিলেন, ‘মাছ ধরার মৌসুমে এলে শীতলক্ষ্যা, কীর্তনখোলা, চাঁদপুর, মোহনা বা ধর্মগঞ্জে ইলিশের নৌকা ছাড়া আর কিছু আপনার চোখে পড়ত না। নৌকার ভিড়ে নদীর জল হারিয়ে যেত।’
ভাগ্যিস এই অসময়ে তা হয়নি। গাদাগাদি ইলশে নাওয়ের ভিড়ে নদীর জল মুখ লুকোয়নি। এপার বাংলার ইলিশ শোভাযাত্রা তাই এখনো বর্ণিল!
ইলিশ–উপাখ্যান শেষ করার আগে বাংলাদেশের সাফল্য জলবৎ তরলং বুঝিয়ে দিলেন অধ্যাপক ওয়াহাব।
নব্বইয়ের দশকে বাংলাদেশ সরকার অনুভব করে দেশে ইলিশের উৎপাদন কমে কমে ২ লাখ টনে এসে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত মাছ ধরা এবং নদীগুলোর নাব্যতা কমে যাওয়াই তার প্রধান কারণ। আরও দুই–তিন বছর পর উৎপাদন আরও ১০ হাজার টন কমে যায়। টনক নড়ার শুরুও তখন। চিন্তা ছাপিয়ে জেগে ওঠে দুশ্চিন্তা। কেননা, দেখা যায়, কম উৎপাদনের পাশাপাশি মাছের মাপও হয়ে যাচ্ছে ছোট। পদ্মা–মেঘনায় এক কেজির ওপর ইলিশ প্রায় ধরাই পড়ছে না। বাজার ছেয়ে যাচ্ছে মাঝারি ও জাটকায়। অতঃপর সরকারি উদ্যোগে শুরু হয় গবেষণা। গবেষণা শেষে ইলিশ বাঁচাতে তৈরি হয় ‘হিলশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’। নতুন সহস্রাব্দ তখন শুরু হয়ে গেছে।
খাপছাড়াভাবে না এগিয়ে বাংলাদেশ সরকার ইলিশ বাঁচাতে এগোয় সার্বিকভাবে। ২০০৫ সাল থেকে শুরু হয় সেই পরিকল্পনার রূপায়ণ। গবেষণার ওপর নির্ভর করে পদ্মা, মেঘনা ও তাদের শাখানদীগুলোয় যেখানে ইলিশ ডিম ছাড়ে ও বড় হয়, প্রথমে সেই এলাকাগুলো চিহ্নিত করা হলো। এরপর গড়ে তোলা হলো পাঁচটি অভয়াশ্রম। মেঘনায় দুটো এবং পদ্মা, তেঁতুলিয়া ও আঁধারমানিকে একটি করে। পদ্মা–মেঘনার মোহনায় চিহ্নিত হয় ৭ হাজার বর্গকিলোমিটার এলাকা, যেখানে মা ইলিশ চলে আসে ডিম ছাড়তে। জারি করা হয় সরকারি নিষেধাজ্ঞা। নভেম্বর থেকে জুন, মোট আট মাস এই অভয়াশ্রম ও মোহনার চিহ্নিত এলাকায় নিষিদ্ধ হয় ইলিশের ডিম ও জাটকা ধরা। ফরমান হলো, অন্য মাছ ধরা গেলেও ধরা যাবে না ইলিশের ডিম ও জাটকা। নভেম্বর–ডিসেম্বরে ছাড়া ডিম মার্চ–এপ্রিল নাগাদ জাটকা হয়ে প্রাকৃতিক নিয়মে ফিরে যায় সমুদ্রের নোনাজলে। পাঁচ অভয়াশ্রমে ওই দুই মাস তাই নিষিদ্ধ হয় ইলিশসহ সব ধরনের মাছ ধরা। অক্টোবরে কোজাগরী পূর্ণিমার ক্ষণকে কেন্দ্র করে সারা দেশে মোট ২২ দিন বন্ধ থাকে ছোট–মাঝারি–বড় সব ধরনের ইলিশ শিকার।
এই উপমহাদেশে শুধু নিয়মে কাজ হয় না। দরকার হয় তা বলবৎ করা। কার্যকর করা। বাংলাদেশ সরকার তাই প্রথমেই ঠিক করে, দেশের মৎস্যজীবীদের মধ্যে যাঁদের জীবন শুধুই ইলিশনির্ভর, তাঁদের তালিকা তৈরি করা হবে। দেখা গেল, অমন জেলের সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। এই জেলেদের চিহ্নিত করার পাশাপাশি সরকার তাঁদের জন্য পরিচয়পত্র তৈরি করল। না খেয়ে যাতে তাঁদের মরতে না হয়, সে জন্য মার্চ–এপ্রিলের দুই মাস তাঁদের বিনা মূল্যে মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। অক্টোবরের নিষিদ্ধ ২২ দিনের জন্য দেওয়া হতে থাকে পরিবারপিছু ২০ কেজি করে চাল। এ ছাড়াও গরিবিয়ানার নিক্তি অনুযায়ী কাউকে দেওয়া হয় সাইকেল–রিকশা, কাউকে সেলাই মেশিন, কাউকে বা হাঁস–মুরগি–ছাগল–গরু। উদ্দেশ্য, বিকল্প আয়ের উপায় করিয়ে ইলিশ না ধরার আইন মানানো।
ইলিশনির্ভর জেলেদের সঙ্গে কথা বলেছি। সরকারের কাছে তাঁদের আরজি, নিষিদ্ধ ওই তিন মাস চালের সঙ্গে কিছু টাকাও যদি পাওয়া যায়, তা হলে তাঁরা নদীতে ডিঙি না ভাসানোর কসম খাবেন। শুনেছি, সরকার নাকি প্রস্তাবটা ভেবে দেখছে।
অধ্যাপক ওয়াহাবের সঙ্গে এরপর আমার এই ধরনের কথাবার্তা হয়। ‘অ্যাকশন প্ল্যানে কাজ হচ্ছে তা হলে?’
‘হচ্ছে। পঁচাত্তর ভাগ সাফল্য নিশ্চয় পাওয়া গেছে। কী রকম বলি। গত বছর বাংলাদেশে সরকারিভাবে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ১৭ হাজার টন! ভেবে দেখুন, ১ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ১৭ হাজার টন। কত গুণ হলো তা হলে?’
আমি বললাম, ‘আড়াই গুণেরও বেশি!’
অধ্যাপক ওয়াহাব মুখের কথা কেড়ে নিয়ে বললেন, ‘শুধু তা–ই নয়। গবেষণায় দেখা যাচ্ছে, অ্যাকশন প্ল্যান কার্যকর হওয়ার পর থেকে ধরা পড়া ইলিশ মাপেও বড় হয়েছে। আগে জাটকা ধরা পড়ত সবচেয়ে বেশি। তারপর ৬০০ থেকে এক কেজির মাছ। বড় মাছ সবচেয়ে কম। এখন পিরামিডটা উল্টে গেছে। জাটকা ধরা পড়ছে সবচেয়ে কম। বেশি মাঝারি মাপের ইলিশ। তারপর বড় সাইজের।’
এই যে আড়াই গুণ উল্লম্ফন, তা সম্ভব হয়েছে ইলিশ সংরক্ষণের আন্দোলন ও সচেতনতা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া গেছে বলে। আইন ও তার প্রয়োগ তো রয়েছেই, বিভিন্ন বেসরকারি সংগঠন ও রাজনৈতিক স্তরেও নিষেধাজ্ঞাগুলো মানার প্রয়োজনীয়তা ছড়িয়ে দেওয়া গেছে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা ঠেকাতে দেশের কোস্টগার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেআইনি করে দেওয়া হয়েছে কারেন্ট জাল, বেহুন্দি জাল ও মশারি জাল। ধরা পড়লে তা পুড়িয়ে দেওয়া হয়। ধরা পড়া জাটকা বিলিয়ে দেওয়া হয় এতিমখানায়। দরিদ্রদের মধ্যে। বাজেয়াপ্ত করা হয় ডিঙি বা ট্রলার। জেল ও জরিমানার আওতায় আনা হয়েছে জেলেদের, ব্যাপারীদের, মায় ক্রেতাদেরও।
অধ্যাপক ওয়াহাবের কথা শুনতে শুনতে পশ্চিমে আমার বাংলার সার্বিক উদাসীনতার ছবিটা মনে ভাসতে লাগল। নিজেই নিজেকে প্রশ্ন করি, আমরা কেন এমন কোমর বেঁধে নামতে পারলাম না? আমাদের ইলিশ–প্রেম কি তা হলে পুব–প্রতিবেশীর মতো নিখাদ নয়? নাকি আমরা জানি, বাংলাদেশে ইলিশ উদ্বৃত্ত হলে এ বাংলায় রপ্তানি ছাড়া তার গতি নেই? একেই কি পরনির্ভরতা বলে?
অধ্যাপককে বললাম, ‘আপনারা পেরেছেন বলেই গত বছর ফারাক্কায় টন টন ইলিশের দর্শন মিলেছে। ইলিশ দেখা গেছে আসামের ব্রহ্মপুত্র ও উত্তরবঙ্গের তিস্তায়।’ শুনে উনি নির্মল হেসে ইলিশের মতো ঝকঝক করে উজ্জ্বল মুখে বললেন, ‘গত বছর বাংলাদেশের সব নদীতে ইলিশ মিলেছে। আমাদের এই মডেল আপনারাও গ্রহণ করুন। মিয়ানমারও এগিয়ে আসুক। এক গবেষণা, এক নিয়ম, এক বিধি চালু হোক। দেখবেন, ইলিশ নিয়ে আর কেউ কখনো হা–হুতাশ করছে না। ইলিশের জন্য হা–পিত্যেশ করে কেউ বসে থাকছে না। রসনার সব অতৃপ্তিবোধ ঘুচে যাবে।’
গঙ্গা–পদ্মার ইলিশের শ্রেষ্ঠত্বের চিরন্তন অথচ অমীমাংসিত বিতর্ককে লেখার শুরুতে অচ্ছুতের মতো পাশে সরিয়ে রেখেছিলাম। অধ্যাপক ওয়াহাবের গৃহ থেকে বেরোনোর মুখে তাঁকে বলি, ‘কিছু একটা করা অবশ্যই জরুরি। পশ্চিমে ইলিশ বাড়ন্ত হলে পুবের শ্রেষ্ঠত্ব কী করে প্রমাণিত হবে? বরফি বরফি ইলিশ গঙ্গা উজাড় করে না দিলে ডায়াটম শৈবাল–খেকোদের মধ্যে শ্রেষ্ঠত্বের কোনো প্রতিযোগিতাই তো থাকবে না? থাকবে না এই অন্তহীন বিতর্কও? তর্কপ্রেমী বাঙালি তাহলে বাঁচবে কী করে? জীবনটা পানসে হয়ে যাবে না?’
মাথা ঝুঁকিয়ে ‘অবশ্যই, অবশ্যই’ বলতে বলতে এরপর আমরা দুজনেই নির্ভেজাল হো হো হেসেছিলাম।
লেখক: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি