ইলিশের ডায়েরি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ঠিক কত তারিখ, জানা নেই। হাতের কাছে...স্যরি, লেজের কাছে ক্যালেন্ডার না থাকলে যা হয়। আর তারিখের দরকারই বা কী! মনের মধ্যে কথা থাকলে আর সেসব কথা লেখার যোগ্যতা থাকলে তারিখ ছাড়াও লেখা যায়। তবে আমি কিন্তু এই কথাগুলো নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য লিখছি না। লিখছি মনের কষ্ট থেকে। বড় কষ্ট মনটার মধ্যে। কষ্টের কারণে মাঝেমধ্যে বুকের বাঁ দিকে ব্যথা অনুভূত হয়! জানি না, হার্টের কোনো প্রবলেম হলো কি না! যদি সত্যি সত্যিই হার্টে কোনো প্রবলেম হয়ে থাকে আর যদি সেখানে রিং পরাতে হয়, তাহলে মহা ঝামেলা। কাঁটার সঙ্গে রিং প্যাঁচ লেগে গেলে বিতিকিচ্ছি অবস্থার সৃষ্টি হয়ে যাবে।
মনটার মধ্যে কেন এত কষ্ট, সেটা একটু বলি। মানুষ আন্দাজের ওপর একটা কথা বলে। ইলিশ মাছের নাকি তিরিশ কাঁটা। আরে ভাই, আপনারা গুনতে জানেন না ভালো কথা। গুনতে শিখুন। খামোখা কেন আমাদের কাঁটার সংখ্যার ব্যাপারে ভুল তথ্য প্রকাশ করেন! এ ধরনের তথ্য-সন্ত্রাস দেখলে মনে কষ্ট পাব না তো আহ্লাদিত হব?
সামনেই পয়লা বৈশাখ। জানি না, এবার প্রাণে বাঁচব, নাকি মানুষের হাতে পড়ব! যদি মানুষের হাতে পড়ি, তাহলে তো কোনো কথাই নেই। যদি না পড়ি, তাহলে কিছু পরিকল্পনা আছে। না, পরিবার পরিকল্পনা নয়। আগে যতগুলো ডিম পাড়তাম, ভবিষ্যতেও ঠিক ততগুলোই পাড়ব। কোনো ফ্যামিলি প্ল্যানিং নয়। হাফ ডজন পরিকল্পনার মধ্যে বিশেষ একটি পরিকল্পনা হলো ‘একতাই বল’-টাইপের প্রবাদ থেকে দূরে থাকব। এই প্রবাদটা মানুষ চালু করেছে নিজেদের স্বার্থে। কিন্তু এই প্রবাদ অনুসরণ করতে গেলে আমাদের লস ছাড়া লাভ হয় না। আমরা একতা ফলাতে গিয়ে ঝাঁক বেঁধে চলাফেরা করতে বের হই আর পাবলিক জাল ফেলে আমাদের ঝাড়-বংশ সব ধরে ফেলে! আরেকটা ব্যাপার...হায় হায়! কে যেন জাল নিয়ে এদিকে আসছে! আপাতত গা ঢাকা দিই। পরে আবার লিখতে বসব...

জনৈক ইলিশের ডায়েরি থেকে লেখাটি সংগ্রহ করেছেন ইকবাল খন্দকার