ইলিশের দেখা নেই, হতাশ জেলে
ভরা মৌসুমেও সন্দ্বীপ উপকূলে ইলিশের আকাল চলছে। ফলে হতাশ হয়ে পড়েছেন সীতাকুণ্ডের শতাধিক জেলে। সাগরে আসা-যাওয়ার খরচ পর্যন্ত উঠছে না। দাদনের টাকা আর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
জেলেরা জানান, জুলাই থেকে অক্টোবর মাস ইলিশ ধরার মৌসুম। এখন জুলাই মাস শেষ হয়ে আগস্টের এক সপ্তাহ পার হতে চললেও জালে লক্ষ্য অনুযায়ী ইলিশ ধরা পড়ছে না। অথচ গত বছর এই সময়ে প্রচুর ইলিশ ধরা পড়েছে। এখন দুই-তিন দিন সাগরে কাটিয়ে এক টুকরি পর্যন্ত ভরছে না। অনেকে দাদনের টাকা নিয়ে সাগরে গেছেন। তাঁদের অবস্থা খুবই খারাপ। সুদ বাড়ছে, কিন্তু আয় নেই।
গত রবি ও সোমবার বিকেলে সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট গিয়ে দেখা যায়, পাড়ে দাদনদার, পাইকারি ও খুচরা ক্রেতারা মাছের জন্য অপেক্ষা করছেন। সাগর থেকে জেলেরা মলিন মুখে বেড়িবাঁধের ওপরে উঠছেন মাছ নিয়ে। প্রতি জন জেলের হাতে একটি করে মাছের টুকরি। কারও টুকরিতে তিন-চারটি, কারও টুকরিতে পাঁচ-ছয়টি ইলিশ মাছ রয়েছে। একই অবস্থা দেখা গেছে জোড়আমতল ফকিরহাট, বোয়ালিয়াকুল, বাড়বকুণ্ড ও ভাটিয়ারি উপকূলেও।
কুমিরা ঘাট এলাকার জেলে বেনু বাঁশি দাশ জানান, সন্দ্বীপ চ্যানেলে তার সাতটি জাল বসানো আছে। জালে অল্প পরিমাণ ছোট মাছ ও তিনটি ইলিশ ধরা পড়েছে। ৭০০ টাকার জ্বালানি তেল খরচ করে তীরে এসে মাছ বিক্রি করলেন ৪০০ টাকায়। তিনি আক্ষেপ করে বলেন, কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না। দুই সপ্তাহ ধরে খরচের টাকাও তুলতে পারছি না। আছে বিভিন্ন এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি।
ভাটিয়ারি এলাকার জেলে বাদল দাস বলেন, খরচ পুষিয়ে উঠতে না পারলেও বাধ্য হয়ে সাগরে যেতে হয় জেলেদের।
লোকসান দিয়ে এখন অনেকে অভাব–অনটনে দিন কাটাচ্ছেন।
এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, সীতাকুণ্ড উপকূলের অর্ধেক অংশে জাহাজভাঙা কারখানা রয়েছে। সমতলে রয়েছে নানা শিল্পকারখানা। জাহাজভাঙা কারখানা থেকে সাগরের পানিতে প্রতিনিয়ত পড়ছে নানা বর্জ্য ও বিষাক্ত পদার্থ।
ফলে সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড উপকূলের পানি দূষিত হয়ে পড়েছে। এসব কারণে সাগরে মাছ কমে যাচ্ছে।