ইলিশের মৌসুমে ডাকাতের উৎপাত
সাগরে ইলিশ ধরার মৌসুম শুরু হওয়ায় জেলেদের ব্যস্ততা বেড়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ডাকাতদের তৎপরতা।
সীতাকুণ্ড উপকূলে গত ২০ দিনে ভেসে এসেছে চারটি লাশ। স্থানীয় জেলেদের দাবি, সাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতদের
হাতে খুন হয়েছেন এই হতভাগ্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ জুলাই সকালে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় উপকূল থেকে
বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির (৩৫) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এর চার দিন আগে ৬ জুলাই সকালে সোনাইছড়ি
ইউনিয়নের ঘোড়ামারা উপকূলে আরও এক যুবকের (৩১) লাশ উদ্ধার করা হয়।
৪ জুলাই দুপুরে বাঁশবাড়িয়া উপকূলে একটি এবং এর পাঁচ দিন আগে ২৯ জুন ভাটিয়ারী ইউনিয়নের উপকূলে ভেসে আসে
আরও এক ব্যক্তির (৩৩) লাশ। খুন হওয়া ব্যক্তিদের পরিচয় না জানা গেলেও স্থানীয় জেলেদের দাবি, সাগরে মাছ ধরতে
গিয়েই খুন হয়েছেন তাঁরা। অপর দিকে ওইসব ব্যক্তি খুন হয়েছেন, নাকি দুর্ঘটনায় মারা গেছেন, তা নিশ্চিত করে বলতে
পারছে না স্থানীয় পুলিশ প্রশাসন।
কুমিরা জেলেপাড়া এলাকার বাসিন্দা সীতানাথ জলদাস, কাশিরাম জলদাস, সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার সুকান্ত
জলদাস, বোয়ালিয়াকূল এলাকার অজয় জলদাসসহ বেশ কয়েকজন জেলে জানান, ইলিশের মৌসুমে বিশেষ করে, আষাঢ়
মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত সাগরে ডাকাতের উৎপাত বেড়ে যায়। এ সময় ডাকাতেরা জাল, মাছ, নগদ টাকা ও নৌকা
লুট করে নিয়ে যায়। জেলেদের অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে বলে তাঁরা জানান।
ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অনেক জেলে। বাধা পেলে ডাকাতেরা জেলেদের খুন করে সাগরে ফেলে
দিতেও দ্বিধা করে না। কিন্তু এর পরও জীবিকার তাগিদে প্রাণের ভয় তুচ্ছ করে সাগরে যাচ্ছেন তাঁরা। ডাকাতদের হামলায়
আহত জেলে সীতানাথ জলদাস বলেন, ‘গত বছরের শ্রাবণ মাসে সাগরে ডাকাতেরা আমাদের নৌকায় উঠে টাকা চায়।
দিতে দেরি হওয়ায় বাঁশ দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাথা বাঁচাতে ডান হাত দিয়ে আক্রমণ ঠেকাতে চেষ্টা
করেছিলাম। এতে আমার ডান হাত ভেঙে যায়। এখন পর্যন্ত ওই হাত দিয়ে ভারী কাজ করতে পারি না।’
ডাকাতির পাশাপাশি চলছে চাঁদাবাজিও। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জেলে জানান, সন্দ্বীপের মান্নান
বাহিনীকে নৌকাপ্রতি ১০ হাজার টাকা মাসোহারা দেন সীতাকুণ্ডের কুমিরা এলাকার জেলেরা। তবে সীতাকুণ্ডের অন্য
উপকূলীয় এলাকায় চাঁদার হার আরও বেশি বলে তাঁরা জানান।
জেলেদের দাবি, চলতি ইলিশ মৌসুমে সাগরে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল বাড়াতে হবে। এ ছাড়া কোস্টগার্ড ও
পুলিশের কাছে সাহায্য চেয়ে মুঠোফোনে কল করার সুবিধা থাকলে ডাকাতি কমবে বলে তাঁরা মনে করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, ‘সীতাকুণ্ড উপজেলা বঙ্গোপসাগরের মোহনায় গভীর সাগর থেকে
অনেক লাশ এখানকার উপকূলে ভেসে আসে। এ কয়েক দিনে ভেসে আসা ব্যক্তিরা খুন না দুর্ঘটনার শিকার হয়ে মারা
গেছেন, তা নির্দিষ্ট করে এ মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। খুনের
ঘটনা ঘটলে অভিযান চালানো হবে।’