ইলিশের ৮০ পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে হয়ে গেল তিন দিনের গ্রামীণফোন ইলিশ উৎসব। চতুরঙ্গ আয়োজিত উৎসবের শেষ দিন ১৭ জুলাই চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় ইলিশ রান্নার প্রতিযোগিতা। এ বছর নয়জন প্রতিযোগী অংশ নেন। এঁদের মধ্যে সর্বোচ্চ ৮০ রকমের ইলিশ রান্না নিয়ে প্রদর্শনীতে অংশ নেন চাঁদপুর মিশন স্কুলের শিক্ষিকা শাওন সাথী। তিনি জানান, ২০ থেকে ২২ ঘণ্টা সময় ব্যয় করে ৮০ রকমের ইলিশের রান্না তৈরি করেছেন তিনি। ইলিশের চেনাজানা পদগুলো তো ছিলই। আরও ছিল ইলিশ শুঁটকি, করমচা ইলিশ, ইলিশের টোস্ট, কালিজিরা ইলিশ, আস্ত ইলিশ, টকঝাল ইলিশ, ইলিশের গ্রিল, শসা ইলিশ, পঞ্চমুখী ইলিশ, ইলিশ নুডলস, সুগন্ধি ইলিশ, মাল্টা ইলিশ, ফিশ ফিঙ্গার, ইলিশ অনথন, ইলিশ রোল, ইলিশ লুয়া ভাজা (কলিজা) ইত্যাদি খাবার। ইলিশ কেনাসহ রান্নায় তাঁর মোট ব্যয় হয় আট থেকে ১০ হাজার টাকা। তাঁকে তাঁর পরিবারের লোকজন ও বন্ধুরা সহায়তা করেন। গত বছরের শ্রেষ্ঠ রাঁধুনি সুইটি পোদ্দার এবার ৫৫ রকমের ইলিশ রান্না করেন। এ ছাড়া রেহানা ইয়াসমিন ও তাসলিমা চৌধুরী ২০ রকমের, নাসিরা রহমান ১৬, সুচিত্রা দাস ও শ্রাবন্তী দাস ১০, মরিয়ম শিকদার পাঁচ ও নাসিমা বেগম তিন রকমের ইলিশ রান্না নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। তবে এ বছর রান্না প্রতিযোগিতার বিচার করা হয় মজাদার রান্না দিয়ে। গত বছর রান্নার সংখ্যা দিয়ে শ্রেষ্ঠ রাঁধুনি নির্বাচন করা হয়। বিচারকেরা নয়জন রাঁধুনির মধ্যে শাওন সাথী ও সুইটি পোদ্দারকে যুগ্মভাবে শ্রেষ্ঠ রাঁধুনি ঘোষণা করেন। বিচারকদের সঙ্গে সাধারণ দর্শনার্থীও ইলিশ প্রদর্শনী দেখতে এসে সবাই কমবেশি নানা ধরনের, নানা স্বাদের ইলিশ রান্না খেয়ে আনন্দ উপভোগ করেন। উৎসবের আয়োজক চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদ জানান, ইলিশের ঐতিহ্য ধরে রাখতে তাঁরা এ উৎসবের আয়োজন করেন।