ইলেকট্রনিক মিডিয়ার জন্য পৃথক বেতন কাঠামো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য পৃথক বেতন বোর্ডের আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত ২৬ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই সভায় তথ্য উপদেষ্টা আরও জানান, ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ডে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছে তার নিরসনে কাজ চলছে। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথভাবে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন সিইউজের সভাপতি এজাজ ইউসুফী।

সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, জনকণ্ঠ-এর ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক, যুগান্তর-এর ব্যুরো প্রধান জসিম চৌধুরী, দ্য অবজারভার-এর নুরুল আমীন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদ উল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।