ইশকুলের নাম ‘নবজীবন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোধূলির আলো নিভে গিয়ে জেঁকে বসেছে রাতের অন্ধকার। ফার্মগেট পার্কের দক্ষিণ দিকের ফুটপাত। ফুটপাতে মানুষের যাতায়াত থাকলেও জ্বলছে না সব ল্যাম্পপোস্ট। কিন্তু জ্বলছে গণশৌচাগারের পাশের ল্যাম্পপোস্টটি। ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে জনা বিশেক মানুষের জটলা। ফুটপাতের এক পাশে মাদুর পেতে বসেছে সবাই। জটলায় উপস্থিত বেশির ভাগের বয়স পাঁচ থেকে দশের মধ্যে। তবে এদের মধ্যে বিশোর্ধ্ব তিন তরুণ-তরুণীকেও দেখা যাচ্ছে। ব্যস্ত ফুটপাতে ল্যাম্পপোস্টের আলোয় কী করছে সবাই? এমন প্রশ্নের উত্তর খুঁজতে উৎসুক চোখ নিয়ে এগোতেই কানে ভেসে এল নানা রকম শব্দ, ‘অ-তে অজগর। অজগর ওই আসছে তেড়ে।’ ‘আমপাতা জোড়া জোড়া, মারব চাবুক চড়ব ঘোড়া।’ ল্যাম্পপোস্টটির কাছাকাছি যেতেই পাওয়া গেল প্রশ্নের খানিকটা উত্তর। ল্যাম্পপোস্টের আলোয় চক, স্লেট, পেনসিল আর বইখাতা নিয়ে চলছে শিশুদের পড়ালেখা। সবার পরনে মলিন জামাকাপড়, কোথাও কোথাও আবার ছিঁড়েও গেছে। এরা সবাই পথশিশু। কেউ দিনের বেলায় পত্রিকা বিক্রি করে, আবার কেউ পার্কে ফুল বিক্রি করে। দোকানে কাজ করা বেশ কয়েকজনও পড়ছে এখানে। শিক্ষকের মতো করে পড়াচ্ছেন তিন তরুণ-তরুণী। পেছনেই একটি ব্যানার ঝুলছে, সেখানে লেখা ‘নবজীবন স্কুল: এখানে সুবিধাবঞ্চিত পথশিশুদের অক্ষরজ্ঞান দেয়া হয়’। ব্যানারটি দেখেই বোঝা গেল, এটি পথশিশুদের বিদ্যালয়, যেখানে বিনা মূল্যে কর্মজীবী ও সুবিধাবঞ্চিত পথশিশুদের পড়ালেখা শেখানো হয়। এ তো গেল বিদ্যালয় আর বিদ্যালয়ে পড়ুয়াদের কথা। এবার শোনা যাক পথশিশুদের বিদ্যালয়টির যাত্রা আর উদ্যোক্তাদের কথা। পথশিশুদের বিদ্যালয় নবজীবন মূলত ২০১১ সালের ২১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে বলে জানান বিদ্যালয়টির মূল উদ্যোক্তা তারেক মাহমুদ। কেন এ ধরনের কাজ করার ইচ্ছা জাগল? এ প্রশ্নে তারেক মাহমুদের উত্তর, ‘আমি তখন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষে পড়ি। ফার্মগেটের এ পথ দিয়েই বাসায় ফিরছিলাম। ফুটপাতে দেখলাম, পাঁচ বছরের একটি শিশু পেনসিল দিয়ে পত্রিকার ওপর আঁকাআঁকি করছে। তার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তখন সে পড়তে ইচ্ছুক কি না? জিজ্ঞেস করলে শিশুটির মা জানান, তাঁরা রাস্তায় থাকেন, তাঁদের কোনো টাকাপয়সা নেই। তাই শিশুটিকে পড়ালেখা করাতে পারছেন না। সেদিনের ঘটনা থেকেই পথশিশুদের পড়ালেখা করানোর ইচ্ছা জাগে। আর পরদিন থেকে ওই একজন বাচ্চাকে নিয়েই পড়ানো শুরু করি। আর বিদ্যালয়টির নাম দিই “নবজীবন”। মূলত ওই দিন থেকেই বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।’ এরপর তারেককে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারেকের সঙ্গে এ ধরনের মহৎ কাজে একে একে যোগ দেন হিরণ মণ্ডল, এপি তালুকদারের মতো ১৪ জন তরুণ-তরুণী। তাঁরা সবাই শিক্ষার্থী অথবা চাকরিজীবী। এ ১৪ সদস্যের মাসিক ২০০ টাকা চাঁদা দিয়েই চলে বিদ্যালয়ের কার্যক্রম। আর মাঝেমধ্যে পথচারীরা ২০-৫০ টাকা সাহায্যও দেন। প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এখানকার পাঠদান। বাচ্চাদের পড়ানোর মধ্যে কথা বলতে নিষেধ তাই একটু দূরে গিয়ে কথা হয় চাকরিজীবী তরুণী এ পি তালুকদারের সঙ্গে। পথশিশুদের পড়ানোর কাজে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রায় চার মাস ধরে এখানে পড়ানোর সঙ্গে যুক্ত আছি। প্রতিদিন অফিস শেষে এ পথ দিয়ে বাসায় ফেরার সময় দেখতাম, তারেক ভাই আর কয়েকজন মিলে বাচ্চাদের পড়াচ্ছেন। বেশ কয়েক দিন এ দৃশ্য দেখার পর বাচ্চাগুলোর প্রতি আমারও মায়া জন্মে গেল। তারেক ভাইকে বললাম, আমি এখানে কাজ করতে চাই। তারেক ভাই সঙ্গে সঙ্গে আমাকে তাঁদের দলে নিয়ে নেন। তার পর থেকে এখন প্রতিদিন অফিস শেষে সন্ধ্যায় এখানে এসে পড়াই।’এ নবজীবন বিদ্যালয়ে গত সাত মাসে যুক্ত হয়েছে প্রায় ৩৫ জন পথশিশু, যাদের অধিকাংশই পত্রিকা ও ফুল বিক্রি আর দোকানে কাজ করে। যাদের সবারই প্রথম বিদ্যালয় এটি। এদের সবার হাতেখড়ি আর অক্ষরজ্ঞান মূলত এখান থেকেই শুরু। এ বিদ্যালয়ে নিয়মিত পড়তে আসে চায়না আক্তার। ফার্মগেট এলাকায় পত্রিকা বিক্রি করে সে। ‘এইডা আমার পথথম ইশকুল। আমি এখান থেককাই অ-আ-ক-খ শিখছি।’ বিদ্যালয়টিতে পড়ার অনুভূতি এভাবেই জানাল চায়না। আট-নয় বছরের শাহ আলম চায়নার কথা শুনছিল মনোযোগ দিয়ে। চায়নার কথা শেষেই সে বলে উঠল, ‘আমি খালি অ-আ-ক-খই শিখি নাই। আমি অহন ইংরেজি ছড়াও পারি।’ এ কথা বলেই সে ছড়া শুরু করল, ‘টুইংকল, টুইংকল লিটল স্টার’।তবে এ সুন্দর দৃশ্যগুলোর আড়ালে আছে বেশ কষ্টের স্মৃতিও। প্রথম প্রথম অভিভাবকেরা আর দোকানিরা শিশুদের বিদ্যালয়ে নিয়মিত পাঠাতেন না। ব্যাহত হতো পাঠদান। তারেক আর হিরণ মিলে অভিভাবক আর দোকানিদের বোঝালেন। বেশ কয়েক দিন এভাবে চেষ্টা করার পর সদস্য বাড়তে লাগল বিদ্যালয়ে। পাশাপাশি ছিল পথচারীদের বিড়ম্বনা। তাদের নানা প্রশ্নে আর কথাবার্তায় মনোযোগ নষ্ট হতো বাচ্চাদের। তাই একজনকে দাঁড়িয়ে থেকে পথচারীদের নিয়ন্ত্রণ করতে হতো।এ বিদ্যালয়ে বিচ্ছিন্নভাবে পড়ানোর বদলে অনুসরণ করা হয় একটি নির্দিষ্ট মেয়াদি সিলেবাস। অন্যান্য সাধারণ স্কুলের মতো এখানে আছে ভর্তি-প্রক্রিয়া, পরীক্ষা আর ফলাফল। আর শুধু গৎবাঁধা পড়ালেখার মধ্যেই সীমিত নয় এ বিদ্যালয়। প্রতি শুক্রবার বিকেলে এখানকার সব ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজন করা হয় ‘বিনোদন আসর’। এখানে শিশুদের আনন্দদানে নানা বিষয় উপস্থাপন করা হয়। পাশাপাশি জাতীয় দিবসগুলোও পালন করা হয় এদের সঙ্গে নিয়ে। যেমন—শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, নববর্ষে পান্তা খাওয়া ইত্যাদি। আর ঈদে প্রত্যেক শিশু পায় নতুন জামাকাপড়। নির্দিষ্ট সময় পর দেওয়া হয় ওষুধ আর চিকিৎসাসেবা। তবে সবই দেওয়া হয় বিনা মূল্যে।তারেক, হিরণ আর বাচ্চাদের সঙ্গে কথা বলতে বলতে রাত প্রায় সাড়ে আটটা। বিদায় নিচ্ছিলাম সবার থেকে। ফেরার পথে বাচ্চাদের সম্মিলিত চিৎকার, ‘আবার আসবেন’। সবার কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ালাম সামনে। কিন্তু মনটা পড়ে রইল ওদেরই কাছে।